২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস

মাইকেল ভন আবার পড়েছেনে চোট-সমস্যায়। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথমটিতে কাকে দেয়া যায় ইংল্যান্ডের নেতৃত্ব-এ প্রশ্নের সহজ উত্তর জানা ছিল না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর। অ্যান্ড্রু ফ্লিনটফ, নাকি অ্যান্ড্রু স্ট্র্রাউস?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

অনেক ভেবেচিন্তে নির্বাচকরা অবশেষে রায় দিয়েছেন স্ট্রাউসের পক্ষে। সুতরাং আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে অনুষ্ঠেয় টেস্টে ইংল্যান্ডের এই ওপেনারই যাবেন ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক রামনরেশ সারোয়ানের সঙ্গে টস করতে।

রোববার প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। দলে চোখে পড়ার মতো পরিবর্তন একটি। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাট করা পল নিক্সনের জায়গায় সুযোগ দেয়া হয়েছে ম্যাথু প্রায়রকে। নির্বাচকদের সভাপতি ডেভিড গ্র্যাভেনি জানিয়েছেন ব্যাটিংয়ে খানিকটা এগিয়ে থাকাতেই টেস্ট অভিষেকের সুযোগ পাচ্ছেন প্রায়র,“প্রথম শ্রেনীর ক্রিকেটে ম্যাট (প্রায়র)-এর ব্যাটিং-গড় চল্লিশের কাছাকাছি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ ব্যাপারটি খুব গুরুত্ব পেয়েছে।”

তা না হয় হলো। ব্যাটিংয়ে পিছিয়ে পড়ায় পল নিক্সন না হয় বাদ। কিন্তু ফ্লিনটফ কেন বিশ্বকাপের আগে অ্যাশেজ সিরিজে নেতৃত্ব দিয়েও পেলেন না একই দায়িত্ব? তাহলে কি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাবার পর অতিরিক্ত মদ্যপান করার সাজা এখনো চলছে? গ্র্যাভেনি বললেন, “না।” তাহলে? প্রধান নির্বাচকের মতে ফ্লিনটফ এবং দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়েই এই সিদ্ধান্ত,“ আমরা মনে করি অ্যান্ড্রু স্ট্রাউসকে নেতৃত্বের ভার দিলেই দলের জন্য ভালো হবে, কেননা, এর ফলে অ্যান্ড্রু ফ্লিনটফ তার ব্যাটিং আর বোলিংয়ে পুরোপুরি মনোনিবেশ করতে পারবে।”

স্ট্রাউস আপাতত প্রথম টেস্টের অধিনায়ক। এর মধ্যে ভাঙ্গা আঙ্গুল ঠিক হয়ে গেলে ফিরে আসতেই পারেন নিয়মিত অধিনায়ক মাইকেল ভন। না এলে অবশ্য গত বছর এভাবেই দায়িত্ব পেয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে ৩-০ তে হারানো অ্যান্ড্রু স্ট্রাউসের অধিনায়কত্বের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হচ্ছে পিটার মুরসের। নতুন অধিনায়ক,নতুন কোচ, নতুন উইকেটকিপার-নতুনত্বের যেন শেষ নেই এ সিরিজে।

ইংল্যান্ড : অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), ইয়ান বেল, পল কলিংউড, অ্যালেস্টার ক্যাম্পবেল, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হার্মিসন, ম্যাথু হগার্ড, মন্টি পানেসার, কেভিন পিটারসেন, লিয়াম প্লাঙ্কেট, ম্যাট প্রায়র ও ওয়েইস শাহ।