২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে নেই ‘ওয়ানডে খেলোয়াড়’ আফতাব!

দ্বিতীয় ওয়ানডে শেষে প্রেস বক্সে যখন লিখতে ব্যস্ত সাংবাদিকরা, তখনই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

১৪ জনের তালিকায় খালেদ মাসুদ, এনামুল হক জুনিয়ররা থাকবেন-এটা অুনমিতই ছিল। তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক রাজ, ফরহাদ রেজা এবং মুশফিকুর রহিমরা থাকবেন না, এটাও জানা ছিল। কিন্তু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে পঞ্চম ব্যক্তি হিসেবে আফতাব আহমেদেরও টেস্টের জন্য বিবেচিত না হওয়াটাই একমাত্র চমক। সেই সঙ্গে একমাত্র প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তও। যদিও এতে প্রশ্ন তোলার কিছু দেখছেন না প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তাহলে কী আফতাবকে আপনারা আপাতত শুধুই ওয়ানডে খেলোয়াড় বানিয়ে দিলেন? ফারুক সরাসরি বলেই দিলেন,“হ্যাঁ”। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন,“আমাদের কাছে মনে হয়েছে, এই মুহুর্তে লংগার ভার্সন ম্যাচের জন্য ওর চেয়ে ভালো ব্যাটসম্যান আছে। তাদেরকেই সুযোগটা দেওয়া হয়েছে।” এরা হচ্ছেন তুষার ইমরান ও রাজিন সালেহ,“আফতাব যে টেস্ট দলে ফিরতে পারবে না, এমন নয়। কিন্তু তুষারকে আমরা বেশ কিছুদিন ধরেই নজরে রাখছিলাম। ও লংগার ভার্সন ম্যাচেও ভালো করছিল। তাই ওকে আমরা সুযোগটা দিয়েছি। রাজিনও এ ুধরনের ক্রিকেটের জন্য আফতাবের চেয়ে এগিয়ে।”

বেশ কিছু ওয়ানডে খেলানোর পর নির্বাচকদের মনে হয়েছিল মেহরাব হোসেন জুনিয়রের ব্যাটিংটা টেস্টেই বেশি মানানসই। তাই জাভেদ ওমর এবং শাহরিয়ার নাফীসের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে মেহরাবও আছেন। তার মতো এই প্রথম টেস্ট দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসানও। তাদের ওয়ানডে অভিষেকের আরো আগে থেকেই যে টেস্ট খেলার কোনো সূচী ছিল না বাংলাদেশের। টেস্টের জন্য বেশি উপযোগী বলে বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রও আছেন স্কোয়াডে। আর খালেদ মাসুদ আছেন, ফারুক আহমেদের মতে তার কারণ,“ওয়ানডেতে কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দরকার বলে আমরা মুশফিককে নিয়েছিলাম। কিন্তু টেস্টে কিপিংটাই বেশি জরুরী, তাই আমরা মাসুদকে ফিরিয়েছি।”

টেস্ট স্কোয়াড : হাবিবুল বাশার (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল (সহ-অধিনায়ক), জাভেদ ওমর, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, রাজিন সালেহ, তুষার ইমরান, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, মাশরাফি বিন মুর্তজা, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল এবং মেহরাব হোসেন জুনিয়র।