ব্যাটসম্যান মাশরাফি, অলরাউন্ডার মাশরাফি
হতাশ দর্শকরা শেষ বিকালে বাড়ি বয়ে নিয়ে যাওয়ার মতো কিছু বিনোদন পেয়ে গেলেন। বিনোদন দাতা মাশরাফি বিন মুর্তজা; বোলিং নয়, ব্যাট হাতে তিনি ধুন্ধুমার কান্ড ঘটিয়ে দর্শকদের সব রাগ পানি করে দিয়েছেন। তারপর যা হয়, টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ নিয়ে বাড়ি ফিরে গেছেন তারা।
সাধারণত বল হাতে তার কীর্তির কথাই থাকে সবার মুখে মুখে। কারণ বোলিং দিয়ে তিনি দলের স্বপ্ন আর বাস্তবতার ফারাক ঘুচিয়েছেন অনেকবার। এবার বড় পরাজয় থেকে দলকে টেনে তুলেছে তার ২২ বলে ৪২ রান। ৪৭-তম ওভারে দীনেশ মঙ্গিয়াকে মেরেছেন টানা চারটি ছক্কা, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক ওভারে চারটি ছক্কা মারার এটাই প্রথম ঘটনা। সুবাদে ওয়ানডেতে এই প্রথম এক ওভারে ২৬ রানও পেয়ে যায় বাংলাদেশ।এরপরও কী মাশরাফি অলরাউন্ডারের কাতারে পড়বেন না ?
শনিবার সকালে টিভিতে ভারতীয় দলের নাম দেখানোর সময় হঠাৎ করেই চোখ আটকে গিয়েছিল বীরেন্দর শেবাগের আগে অলরাউন্ডার বিশেষণ দেখে। এই ভারতীয় ব্যাটসম্যান মাঝে মধ্যে অফ ব্রেক বোলিং করেন, সেই সুবাদেই তিনি অলরাউন্ডার ! ব্যাট হাতে ‘নড়াইল এক্সপ্রেসে’র ওরকম পারফরম্যান্স আছে বেশকিছু ম্যাচেই। কিন্তু খ্যাতিটা পাওয়া হয়ে ওঠেনি। অথচ ম্যাচের শেষের দিকে ছক্কা মেরে যেভাবে তিনি জমিয়ে দিয়েছেন তা দেখে রীতিমতো বিস্মিত শিবরামকৃষ্ণান। এই সাবেক ভারতীয় লেগ স্পিনারের চোখে, “তার মধ্যে অলরউন্ডার হওয়ার সব উপাদান আছে। শুধু তার মাথায় ঢুকিয়ে দিতে হবে দল তোমার ব্যাটিংও আশা করে। ব্যাটসম্যান হিসেবে তাকে গড়ে তোলার ব্যাপারটাও জরুরী।”
তার ব্যাটিং গড় দেখে হয়তো আপত্তি উঠতে পারে। এখনো পর্যন্ত মাশরাফি ৫১টি ওয়ানডে ইনিংসে ৭০৭ রান করেছেন ১৭.২৪ গড়ে, সর্বোচ্চ অপরাজিত ৫১। এর পাশে ভারতীয় অলরাউন্ডার অজিত আগারকারের ক্যারিয়ারটা রাখুন। ১০৯ ইনিংসে ১৫.০৬ গড়ে ১২৫০ রান। মনে হচ্ছে না, আগারকারের চেয়ে মাশরাফির মধ্যে অলরাউন্ড হয়ে ওঠার উপাদান বেশি? আর শুধু পরিসংখ্যানই নয়, মাশরাফির ব্যাট করার ধরণ, তার স্ট্রোক-অনেক ক্ষেত্রেই স্পেশালিস্ট ব্যাটসম্যানদেরও লজ্জা দেয়।
প্রধান নির্বাচক ফারুক আহমেদও বিশ্বাস করেন মাশরাফির ভেতরে সত্যিই এক অলরাউন্ডারের সত্ত্বা লুকিয়ে আছে, “যে শটগুলো খেলেছে মাশরাফি, সেগুলোর একটাও কিন্তু ফ্লুক শট নয়। তাছাড়া আড়াআড়ি ব্যাটে নয়, সোজা ব্যাটে খেলেই সে ছক্কা মেরেছে মঙ্গিয়াকে। সে তো আমাদের অলরাউন্ডারই।” সদ্য বিদায়ী নির্বাচক জি এম নওশের প্রিন্সও তাতে সায় দিলেন।
তার ব্যাটের এই বিধ্বংসী ক্ষমতা দেখেই তো ম্যাচের পর ডেভ হোয়াটমোরের কন্ঠে আক্ষেপ ঝড়লো, “মাশরাফি যখন ছক্কা মারা শুরু করলো তখন ম্যাচ প্রায় শেষ। আরেকটু আগে হলে...।”
