ইমরান ফারহাতের জরিমানা
ক্রিকেটারদের শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন একেবারে অনড় অবস্থানে দাঁড়িয়ে। আর তাই প্রধান নির্বাচকের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে শাস্তি পেতেই হলো ইমরান ফারহাতকে।
জরিমানা করা হয়েছে তার, পাশাপাশি পিসিবি এ-ও জানিয়েছে, আগামী ছয় মাস তার আচরণ পর্যবেক্ষণ করা হবে।
ঘটনার শুরু আবুধাবি সিরিজের দল ঘোষণা থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের দলে নিজের নাম না দেখে পাকিস্তানের প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদের কাছে টেলিফোনে এর কারণ জানতে চেয়েছিলেন ইমরান ফারহাত। তার হয়ে সুপারিশ করেছিলেন তার শ্বশুর, সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াসও। তবে ফারহাত যে ভাষায় বাদ পড়ার ব্যাখ্যা চেয়েছিলেন তা মোটেও ভালো লাগেনি সালাউদ্দিনের। পিসিবি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়ে দেন, ফারহাত গালিগালাজ করেছেন তাকে। প্রধান নির্বাচকের অভিযোগের ভিত্তিতেই ২৭ টেস্ট ও ৩৩ টি ওয়ানডে খেলা এই ওপেনারকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। “পাকিস্তানের হয়ে পরবর্তী ম্যাচ খেলার সময় ফারহাতকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হবে। সেই সঙ্গে আগামী ছয় মাস তার ব্যবহার ও আচরণ নিবিড় পর্যবেক্ষণ করা হবে”-জানিয়েছেন পিসিবি’র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স জাকির খান ।
ফারহাত অবশ্য তার আচরণের জন্য সালাউদ্দিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। শাস্তিটা ‘লঘু’ হওয়ার পেছনে সেটা বড় ভূমিকা রেখেছে বলেই জাকির খানের দাবী,“অতীত রেকর্ড ও ক্ষমা প্রার্থনার জন্য এবার তার প্রতি সহানুভূতিপূর্ণ আচরণই করেছি আমরা। তবে খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গ অথবা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে বোর্ডের অবস্থান অনড়ই থাকবে।”
