২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো-এশিয়া কাপে না-ও খেলতে পারেন শোয়েব আখতার

১০/১২ দিন আগে ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফো’র সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন তিনি এখন সম্পূর্ণ ফিট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শোয়েব আখতারের সেই আত্মবিশ্বাসে ভরা মন্তব্য শুনে তাকে আফ্রো-এশিয়া কাপের জন্য এশীয় দলে রাখতে দ্বিধা করেননি নির্বাচকরা। অথচ এখন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মুখে সম্পূর্ণ অন্য কথা। ‘ব্যক্তিগত কারণে’ আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি!

এশিয়া ও আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠেয় এ লড়াইয়ের জন্য শুক্রবার ঘোষিত এশীয় দলে শোয়েবের নাম দেখে অবাক হয়েছেন অনেকেই। ইনজুরির সঙ্গে তাকে লড়তে হচ্ছে অনেক দিন ধরে। বিশ্বকাপে যেতে পারেননি, রাখা হয়নি ১৮ মে থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজেও। অথচ তারপরও স্রেফ তার মুখের কথায় আস্থা রেখে শোয়েবকে এশীয় দলে রাখায় বিতর্কও শুরু হয়ে গিয়েছিল। তবে সেই বিতর্কের আগুনে জল ঢেলে দিলেন শোয়েব নিজেই। যদিও এই সিরিজ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়ার পেছনে ফিটনেস সমস্যা নয়, ব্যক্তিগত সমস্যাকে কারণ হিসাবে দেখিয়েছেন বিশ্বের অন্যতম দ্রুততম বোলার,“জুনে আমার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। তাই এই সিরিজে আমার খেলাটা অনিশ্চিত। যদিও এ সবই আন্তর্জাতিক ম্যাচ।” অর্থাৎ গত ১৪ মাসে মাত্র একটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলা শোয়েবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা আরো পেছানোর আশঙ্কাই বেশি।