২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই জাভেদ, এই জাভেদ

কি অদ্ভুত পরিবর্তন চারদিকে। আগে দলে যার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন সামলাতে হতো সেই জাভেদ ওমরকে সঙ্গে করে নিয়েই শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হাবিবুল বাশার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

যারা তার সমালোচনায় মুখর ছিলেন সেসব সাংবাদিকদের মুখেও জাভেদ-স্তুতি। যারা দুয়োধ্বনি দিতো সেই দর্শকরাও মিরপুর স্টেডিয়ামের গেটের মুখে দাঁড়িয়ে তার নামে জয়ধ্বনি দিচ্ছে। পুরো পারিপার্শ্ব পাল্টে দিয়েছে আগের দিন ভারতের বিপক্ষে অ-জাভেদ সুলভ ৮০ রানের ইনিংসটা।

জাভেদ ওমর মানে শ্লথগতির ব্যাটিং এবং বোলারকে অতিরিক্ত সম্মান জানানো। এই চিরচেনা দৃশ্যের বাইরে গিয়ে প্রথম ওয়ানডেতে তিনি সম্পূর্ণ বিপরীত চরিত্রের এক ব্যাটসম্যান। যেখানে তার ব্যাট থেকে আসে অনায়াস বাউন্ডারি, বল আছড়ে ফেলেন মাঠের বাইরেও! কীভাবে সম্ভব হলো? দেখে কী অবাক হননি? বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের জবাব, “অবাক হওয়ার কিছু নেই। জাভেদের মধ্যে ওরকম লম্বা ইনিংস খেলার উপদান আছে।”

জাভেদও বিশ্বাস করেন তার মধ্যে সব আছে। কিন্তু পারেন না টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানতে গিয়ে, “সিদ্ধান্ত থাকে ১৫ ওভার পর্যন্ত যতো উইকেট কম হারানো যায়। কারণ উইকেটে ব্যাটসম্যরা টিকে থাকলে, ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করা গেলে ভাল একটা স্কোর দাঁড় করানো যায়। আমি তা মেনেই ব্যাট করি।” তা করতে গিয়ে কখনো তার ব্যাটে রানের ঝড় ওঠে না, চার-ছক্কার ফোয়ারাও ছোটে না। ক্যারিয়ারের ৫৭ ওয়ানডেতে সব মিলিয়ে ৫টি ছক্কা, তার দুটিই বৃহস্পতিবারের ৮০ রানের ইনিংসে ! এই রেকর্ডই বলে দেয় জাভেদ এই ইনিংসে কতোটা লড়াই করেছেন নিজের সঙ্গে। এবং দলের স্বার্থে দ্রুত রান তোলার তাগিদ কার্যকর করেছেন।

মজার ব্যাপার, এর আগে তার ব্যাটিং যে সমালোচনার বিষয় ছিল তিনি জানেন ভাল করেই, “১২ বছর ধরেই আমি এই সমালোচনা শুনে আসছি। ধীরগতিতে ব্যাটিংয়ের জন্য গ্যালারিতেও হৈহল্লা হয় কিন্তু কিছু করার নেই। আমি পরিস্থিতি বুঝেই খেলি।” পরিস্থিতি যখন স্বাভাবিক এবং রান তোলার মতো ছিল তখনই শ্লথগতির জাভেদ অন্যরকম সাহসী হয়ে উঠেছেন। সমালোচকদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে নিজেকে অন্যভাবে চিনিয়ে দিয়েছেন।

কিন্তু মুশকিল হচ্ছে দ্বিতীয় ম্যাচে ওরকম একটি ইনিংস দেখানোর গ্যারান্টি দিতে চান না, “আমি খেলবো পরিস্থিতি বুঝে। পরিস্থিতি অনুকুলে হলে আবারো পেটাবো, দ্রুত রান তুলবো।”