২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাণিজ্যিক দল’ গড়ে তোপের মুখে এশিয়া একাদশের নির্বাচকরা

মহিন্দর অমরনাথ একবার নির্বাচকদের বলেছিলেন, ‘জোকারের দল’। আগামী ৬, ৯ ও ১০ জুন ভারতের ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ে অনুষ্ঠেয় আফ্রো-এশিয়া কাপের তিনটি ওয়ানডে ম্যাচের জন্য ১৪ জনের এশিয়ান স্কোয়াড গড়েছেন যে নির্বাচকরা, তাদেরকেও একই গোত্রে ফেলা যায় কিনা তা নিয়েই চলছিল জোর আলোচনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাংলাদেশের এএসএম ফারুক, শ্রীলঙ্কার ললিত কালুপেরুমা, ভারতের চেতন চৌহান এবং পাকিস্তানের মোহসিন খানদের গড়া দলে পারফরমার নয়, ছড়াছড়ি বিশ্বকাপে ব্যর্থ দলের নামী-দামী ক্রিকেটারদের।

এমনকি বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে থাকা পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফরাও আছেন। অথচ গত বছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার মাশরাফি বিন মর্তুজা নেই। নেই আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা এবং বিশ্বকাপে সফল স্পিনার আব্দুর রাজ্জাক। কিন্তু আছেন বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দল থেকেই বাদ পড়া অফস্পিনার হরভজন সিং।

শুক্রবার বিকেলে হোটেল শেরাটনে এই দল ঘোষণার সংবাদ সম্মেলনে বাংলাদেশী ও ভারতীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে তাই এই দলটার নাম দিয়ে ফেলেছেন ‘বাণিজ্যিক দল’। যে দলটা গড়ার সময় ‘ফেস ভ্যালু’ মুখ্য ছিল, খেলাটা নয়। ‘একতার জন্য ক্রিকেট’ এই শিরোনামে আফ্রো-এশিয়া কাপ হবে। নির্বাচকদের সবাইও ‘সম্ভাব্য সেরা দল’ বলে খুব একতা দেখালেন। কিন্তু অনেকের অন্তর্ভূক্তি নিয়ে তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্যতা পেল না।

মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বাধীন দলে বাংলাদেশের একজন আছেন বটে। মোহাম্মদ রফিক, যিনি জানাচ্ছেন, “ওখানে ভালো খেলে বাংলাদেশের নাম রাখতে চাই।” আর ৫ জুন ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচের জন্য ১১ জনের যে দল, সেখানে বাংলাদেশের চারজন আছেন। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মর্তুজা। শেষের দুইজনকে ওয়ানডে দলে না রাখার অপরাধটা ‘জায়েজ’ করে নিতে চাইলেন ভারতের সাবেক ওপেনার এবং পরে রাজনীতিক বনে যাওয়া চেতন চৌহান, “আমরা সেরা দলটাই বেছে নিতে চেয়েছি। বাংলাদেশের যারা ভালো করেছে, তাদেরকে তো আমরা টুয়েন্টি টুয়েন্টির দলে রেখেছি।”

আরেক সাবেক ওপেনার পাকিস্তানের মোহসিন খানের ব্যাখ্যা সবাইকে খুব হাসালো। নিজেকে বাংলাদেশ ক্রিকেটের দারুণ অনুরাগী দাবি করা মোহসিন মাশরাফির বয়স জানতে চাইলেন। ২২ জানাতেই বললেন, “মাশাল্লাহ। সামনে ওর অনেক সময় পড়ে আছে। ইনশাল্লাহ পরেরবার খেলবে।”

বাংলাদেশের এএসএম ফারুক আমতা আমতা করে বারবারই বললেন,“আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু...।” নির্বাচকদের মধ্যে একমাত্র তিনিই টেস্ট ক্রিকেট খেলেননি। পরিচিতিও তেমন নেই। বোঝাই যাচ্ছিল, অন্যদের আজ্ঞাবহের ভূমিকাটাই তাকে নিতে হয়েছিল! মোহসিন তাকে বাঁচানোর জন্য বললেন, “এটা আমাদের সবার দল। আমি একা সিলেক্ট করলে ওপেনিংয়ে অবশ্যই শহীদ আফ্রিদিকে নিতাম। কিন্তু দেখুন এই দলে ও নেই।”

হরভজনকে নেয়ার ব্যাখ্যায় বলা হলো, “আমাদের প্রথম পছন্দ ছিলেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু তাকে পাওয়া যাবে না জেনে তার পরের সেরা স্পিনার হরভজনকে বেছেছি।” কিন্তু তিনি এখন ভারতীয় দলেই সুযোগ পাচ্ছেন না অফফর্মের কারণে। চেতন চৌহান তাতে আপত্তি তুলতেই এক ভারতীয় সাংবাদিক বলে দিলেন, “প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকার এই হোটেলেই আছেন। দয়া করে তাকে একবার জিজ্ঞেস করে নিন। তিনিই বলেছিলেন, হরভজনকে বাদ দেওয়া হয়েছে।” সঙ্গে সঙ্গেই আরো কয়েকজন ভারতীয় সাংবাদিক বললেন, “আপনাদের অবশ্যই রাজ্জাককে রাখা উচিত ছিল।”

সংবাদ সম্মেলন থেকে বেরুনোর পর কলকাতার আনন্দবাজার পত্রিকার সব্যসাচী সরকারের ক্ষোভটাও বোঝা যাচ্ছিল, “রাজ্জাক-মাশরাফি নেই। এটা কোনো কথা হলো।”

শোয়েব আখতারকে নিয়েও নেই পরিষ্কার কোনো ব্যাখ্যা। এমনিতে খবর সেপ্টেম্বরের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। যদিও এই স্পিডস্টার নিজেকে এখনই পুরো ফিট বলে দাবি করছেন। কিন্তু তাতে বিশ্বাস আনা যে খুব ঝুঁকিপূর্ণ! ফিট বলেই তো প্রথমে বিশ্বকাপ দলেও রাখা হয়েছিল তাকে! নির্বাচকরা জানালেন, “পাকিস্তানের নির্বাচকরা আমাদের জানিয়েছেন শোয়েব এখন পুরো ফিট।” ফিট কিন্তু বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা এই ফাস্ট বোলার পারফরমার মাশরাফির চেয়ে এগিয়ে থাকেন কী করে? জবাব যা, তাতে নামের ভারটাই বেশি।

সংবাদ সম্মেলনে উপস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশরাফুল হকও প্রশ্নের তোড়ে নিজেকে ভাসাতে চাইলেন না, যখন জানতে চাওয়া হলো বাংলাদেশী হিসেবে বাংলাদেশের মাত্র একজনকে রাখার ব্যাপারটাকে তার কাছে কেমন মনে হয়েছে,“এসিসিতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি না।” শোয়েব আখতার যেহেতু আছেন, তাই ডোপ টেস্ট হবে কিনা, এমন প্রশ্নও শুনতে হলো। আশরাফুল বললেন,“আইসিসি যদি বলে তাহলে হবে।” নীরবে বসে থাকা শ্রীলঙ্কার ললিত কালুপেরুমাকে জিজ্ঞেস করা হলো, “মাহেলা অধিনায়ক। আপনার কী মনে হয়, তিনি শোয়েবকে সামলাতে পারবেন? তার নিজের দেশের অধিনায়কই তো তাকে সামলাতে পারে না।” এই উপলক্ষে সবাই একচোট হেসে নিলেন। মজার ব্যাপার, নির্বাচকরাও বাদ গেলেন না। শোয়েবকে নেয়াটা যে আসলেই হাস্যকর, সেসময় কী এটাই উপলদ্ধি করতে পারছিলেন তারা?

ওয়ানডে দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), সনাৎ জয়াসুরিয়া, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, মোহাম্মদ ইউসুফ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হরভজন সিং, চামিন্ডা ভাস, শোয়েব আখতার, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আসিফ এবং উপুল থারাঙ্গা।

টুয়েন্টি টুয়েন্টির দল : শোয়েব মালিক (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরান নাজির, মোহাম্মদ আশরাফুল, তিলকরত্নে দিলশান, শহীদ আফ্রিদি, কামরান আকমল, আব্দুর রাজ্জাক, ফারভিজ মাহরুফ, মাশরাফি বিন মর্তুজা এবং মুনাফ প্যাটেল।

আফ্রিকার ওয়ানডে দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), স্টিভ টিকোলো, ইয়োহান বোথা, মার্ক বাউচার, এলটন চিগুম্বুরা, এবি ডি ভিলিয়ার্স, হার্শেল গিবস, অ্যান্ড্রু হল, জ্যাক কালিস, মাখায়া এনটিনি, টমাস ওদোয়ো, পিটার ওনগোন্ডো, শন পোলক, ভুসি সিবান্দা এবং হিরেন ভারাইয়া।