২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে ফেরার আশা হাবিবুলের

বাংলাদেশ প্রথম ওয়ানডে জিততে পারেনি বটে, কিন্তু যা খেলেছে সেটাকে শুভসূচনা বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আর মনে করেন বলেই, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরার বিষয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। শুক্রবার বিকেলে মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে সংবাদ মাধ্যমের কাছে অধিনায়কের বক্তব্য জুড়ে অবশ্য আফসোসও ছিল। এমন হাতের মুঠোয় পেয়েও প্রথম ম্যাচটা জিততে না পারার আফসোস।

“আমরা চেয়েছিলাম সিরিজটা ভালোভাবে শুরু করতে। সেটা করতে পেরেছি। কিন্তু আরও ভালো হতো যদি ম্যাচটা জিততে পারতাম। সেটা অল্পের জন্য হলো না।” এবং সেই ভালো খেলার ভিত্তিতে হাবিবুল আশা করছেন দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলে সিরিজে ফিরে আসার, “সিরিজে ফিরে আসতে হলে আমাদের এই ম্যাচ জিততে হবে। আমরা প্রমাণ করেছি এখন আমরা যে কাউকে হারাতে পারি, যে কারো সঙ্গেই জিততে পারি। কাজেই ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব।”

গত ম্যাচে বাংলাদেশের একটা বড় ঘাটতির জায়গা ছিল মুল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতি। আগের দিন প্র্যাকটিস শেষে হঠাৎ করে পাওয়া ব্যথার জন্য ম্যাচ মিস করতে হয় তাকে। আর ম্যাচে দারুণভাবে ‘মিস’ করেছে বাংলাদেশ। হাবিবুল ম্যাচ শেষে সেটা স্বীকার করেছিলেন, শুক্রবার আবার জানালেন, “মাশরাফি দলের মুল স্ট্রাইক বোলার। কাজেই তাকে ছাড়া খেলা মানে হলো আমরা আমাদের পুরো শক্তিতে খেলতে পারিনি। আশা করছি আগামীকালের (শনিবারের) ম্যাচে তাকে পাওয়া যাবে।”

পাওয়াটা অবশ্য নিশ্চিত হয়নি এখনও। শুক্রবার মাঠে ছিলেন তিনি। বল না করলেও ফিল্ডিং সেশনে ছিলেন। ব্যাট হাতে নকও করেছেন অনেক্ষণ। ম্যাচের দিন সকালে তার চূড়ান্ত ফিটনেস টেস্ট হবে, সেটা উতরাতে পারলে খেলবেন তিনি।