অবহেলার জেদ কাজে লাগাতে পারবে বাংলাদেশ!
ভারত বাংলাদেশ ম্যাচের উত্তেজনা মিরপুর স্টেডিয়াম ছেড়ে চলে এল হোটেল শেরাটনে। মিরপুরের কড়া গরমই সেখানে। সাংবাদিকরা এমন উত্তেজনা দেখানো শুরু করলেন যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেও যেন এশিয়া একাদশের নির্বাচকরা ঘামতে থাকলেন। এবং নির্বাচকদের ঘামানোর কাজে বাংলাদেশী সাংবাদিকদের কাঁধে ভারতীয় সাংবাদিকরা এমন কাঁধ মিলিয়েছেন যে কিছুক্ষণের জন্য মনেই থাকল না একটা সিরিজ চলছে। সেই সিরিজে ভারত আর বাংলাদেশ দুই প্রতিপক্ষ। কয়েক ঘণ্টা পেরোলে শনিবার সকালে দু-দল আবার নামবে রণাঙ্গনে। বাংলাদেশের হয়ে ভারতীয় সাংবাদিকদের এই লড়াইটা হাবিবুলের দলের জন্য যদি হয় প্রেরণা তবে জেদ হয়ে থাকা উচিত নির্বাচকদের অবজ্ঞা। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের চেয়ে ভালো করা সত্ত্বেও যারা আফ্রো-এশিয়া কাপের জন্য ঘোষিত ওয়ানডে দলে বাংলাদেশের একজনের বেশি খেলোয়াড়কে নেননি তারা। এই প্রেরণা আর জিদের সঙ্গে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে যোগ হচ্ছে একটা শক্তিও। ফিরছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি জয়ের নায়ক মাশরাফি। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর-এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন
ভারত বাংলাদেশ ম্যাচের উত্তেজনা মিরপুর স্টেডিয়াম ছেড়ে চলে এল হোটেল শেরাটনে। মিরপুরের কড়া গরমই সেখানে। সাংবাদিকরা এমন উত্তেজনা দেখানো শুরু করলেন যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেও যেন এশিয়া একাদশের নির্বাচকরা ঘামতে থাকলেন। এবং নির্বাচকদের ঘামানোর কাজে বাংলাদেশী সাংবাদিকদের কাঁধে ভারতীয় সাংবাদিকরা এমন কাঁধ মিলিয়েছেন যে কিছুক্ষণের জন্য মনেই থাকল না একটা সিরিজ চলছে। সেই সিরিজে ভারত আর বাংলাদেশ দুই প্রতিপক্ষ। কয়েক ঘণ্টা পেরোলে শনিবার সকালে দু-দল আবার নামবে রণাঙ্গনে। বাংলাদেশের হয়ে ভারতীয় সাংবাদিকদের এই লড়াইটা হাবিবুলের দলের জন্য যদি হয় প্রেরণা তবে জেদ হয়ে থাকা উচিত নির্বাচকদের অবজ্ঞা। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের চেয়ে ভালো করা সত্ত্বেও যারা আফ্রো-এশিয়া কাপের জন্য ঘোষিত ওয়ানডে দলে বাংলাদেশের একজনের বেশি খেলোয়াড়কে নেননি। বাংলাদেশের স্বপ্নমাখা উত্থানের চেয়ে ভারত-পাকিস্তানের ভঙ্গুর ঐতিহ্য আজও তাদের কাছে শ্রেয়তর।
এই সিরিজে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। ম্যাচের আগে কোনো না কোনো একটা অনুষঙ্গ হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে আসল বিষয় মানে ম্যাচটাকেই ঠেলে দিচ্ছে পর্দার পেছনে। গত ম্যাচে ছিল মাশরাফির ইনজুরি। এই ম্যাচে এশিয়া একাদশের বিস্ময়কর নির্বাচন। যে হরভজন সিং বিশ্বকাপ ব্যর্থতার জন্য ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন তিনিও দলে আছেন। যে শোয়েব আখতার ড্রাগপাপী হিসেবে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, আর শেষ কবে পাকিস্তানের হয়ে খেলেছিলেন সেটা ঘাঁটতে খাতা-পত্র খুঁজতে হয় তার জন্যও জায়গা আছে। অথচ বাংলাদেশের মোহাম্মদ রফিক ছাড়া কেউ নেই। মাশরাফি-রাজ্জাক-তামিম-আশরাফুল কেউ না। বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ভারতীয় সাংবাদিকরাও এবং তারাও বাংলাদেশের খেলোয়াড়দের অবহেলা করায় বাংলাদেশীদের মতোই সোচ্চার। বিশ্বকাপ এবং সাম্প্রতিক ক্রিকেট দিয়ে বিদেশী সাংবাদিকদের কাছে বাংলাদেশ এমনই শ্রদ্ধার দল।
নির্বাচকদের বিরুদ্ধে কিছু না বলাটা ক্রিকেটারদের তোতাপাখির মতো এমন মুখস্থ করানো হয়েছে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার মন্তব্য করতে চাইবেন না স্বাভাবিক। কাজেই তাদের মুখে কুলুপ। কিন্তু মনে ঠিকই জ্বালা। বিশ্বকাপকীর্তি এবং বৃহস্পতিবার ভারতীয়দের ঘাম ঝরানোর পর এই অবজ্ঞা প্রাপ্য নয়। আর জবাব দেয়ার মঞ্চ এমন সঙ্গে সঙ্গেই পাওয়া যায় না। এখানে যেমন মিলছে। রাত পোহালেই সুযোগ। হাবিবুল বাশাররা সুযোগটা কাজে লাগাতে পারবেন!
মহেন্দ্র সিং ধোনি ওই দলে আছেন। এমনিতেই থাকার কথা, সন্দেহ যদি কিছু নির্বাচকদের মনে থেকেও থাকত তাহলেও সেটা দূর হয়ে গেছে বৃহস্পতিবারের অসাধারণ ইনিংসে। পায়ে ক্র্যাম্প নিয়ে বুকে জ্বলতে থাকা জ্বালাটা যেভাবে মিটিয়েছেন এসবই আসলে ক্রিকেটের ভেতর দিয়ে জীবন জেতার ছবি। সেই ছবির নায়ক থাকবেন স্বাভাবিক। হাসতে হাসতে এক স্থানীয় ক্রিকেটার অবশ্য টিপ্পনি কাটছেন। ধোনি আছেন, কিন্তু সেই ম্যাচগুলোতে তো আর অশোকা ডি সিলভা আম্পায়ার থাকবে না। বিপক্ষ অধিনায়কের নামও হাবিবুল বাশার হবে না। টিপ্পনি, কিন্তু একটু ভেবে দেখলে প্রথম ওয়ানডের চিত্রটা এই টিপ্পনিতে দিনের আলোর মতো পুরো পরিষ্কার। অশোকা ডি সিলভা নিশ্চিত এলবিডব্লুর আবেদনে সাড়া দিলে এই ধোনি এমন অনন্য হয়ে উঠতে পারেন না। যেমন পারেন না হাবিবুল বাশার আরেকটু আক্রমনাত্মক হয়ে তাকে অনায়াসে সিঙ্গেল নিতে না দিলে। ডি সিলভা এমন ভুল করবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু হাবিবুল বাশারের ব্যাটের জঘন্য ফর্মটা অধিনায়কত্বে চলে আসাটা খানিকটা অস্বাভাবিক। গত ম্যাচেও তার আত্মাহুতিতে ইনিংসটা খেই হারিয়ে ফেলেছিল প্রায়, সেটা সামাল দেয়া গিয়েছিল, কিন্তু অধিনায়কত্বের দুর্বলতা তো আর সামাল দেয়া যায় না। চাপ আছে, কিন্তু লুকোচুরি খেলে হাবিবুল এখনও অবসরের ঘোষণা দেননি। এই ম্যাচে অন্যথা না হলে ওয়ানডের হাবিবুল অধ্যায় নিশ্চিতভাবেই শেষ হতে যাচ্ছে।
অন্যদিকে আবার নতুন করে শুরু হতে পারে ওয়ানডের খালেদ মাসুদ অধ্যায়। বিশ্বকাপটা ভালোয় ভালোয় কাটিয়ে এলেও গত ম্যাচের মুশফিকুর রহিমের হাত থেকে বল এত ফসকেছে যে মাঝে-মধ্যে মনে হয়েছে গলির ক্রিকেটের কোনো নবীশ উইকেটকিপার যেন! গলির ফুটবলে যে কিছু পারে না তাকে দাঁড় করানো হয় গোলরক্ষক হিসাবে, ক্রিকেটের বেলায় না পারা লোকটি দাঁড়ায় কিপিংয়ে। গত ম্যাচের মুশফিকুর রহিম যেন কিছু না পারা গলির ক্রিকেটের উইকেটকিপারই।
বাংলাদেশের ভারতবধ কাব্য মাশরাফি ছাড়া লেখা হয় না এটা বৃহস্পতিবারের আগেও সত্য ছিল। বৃহস্পতিবারের পর আরও বেশি সত্য। না থেকে মাশরাফি আরও বেশি করে জানালেন তার থাকাটা কতো জরুরি ছিল! হাবিবুল বাশার ম্যাচ শেষে স্বীকার করেছেন এবং ক্রিকেটমহলও মোটামুটি একমত এই স্লো উইকেটে ২৫০ এর মুলধন মাশরাফি থাকলে এমন জলে যায় না। এক পায়ের ধোনি এবং পুর্নজন্ম নেওয়া দীনেশ কার্তিকের দুর্ভেদ্য জুটিকে ভাঙ্গার বিষ তো তার হাতেই ছিল। অন্ধকার থেকে আশার আলো হাতে নিয়ে এই ম্যাচে খুব সম্ভব মাশরাফি আবার ফিরছেন। কাল নেটে তাকে যেমন দেখা গেছে এবং দলের যা কথাবার্তা তাতে মোটামুটি নিশ্চিত বাংলাদেশের ভারত-বধের নায়ক আজ আবার মাঠে। গত ম্যাচের শক্তিগত ঘাটতিটা তাই পুষে যাচ্ছে। তার সঙ্গে আছে ভারতীয় মিডিয়ার শ্রদ্ধা থেকে পাওয়া প্রেরণা এবং এশীয় একাদশের নির্বাচকদের অবজ্ঞাজনিত জেদ। শক্তি, জেদ, প্রেরণা এই তিন একীভূত হয়ে তৈরি ত্রিফলাটা গত ম্যাচের চেয়ে শনিবার আরও লক্ষ্যভেদী হওয়ার কথা।
গত ম্যাচে সেটা বেরিয়ে গেছে কানের পাশ দিয়ে। শনিবার যেতে পারে দ্রাবিড়দের বুকের ভেতর দিয়ে!
