২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফর বাতিলে আইনগত ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়ান সরকার

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়াকে রাজি করানো যায়নি সফর বাতিল করতে। তাই অস্ট্রেলিয়ান সরকার এখন চাইছে নিজেরাই হস্তক্ষেপ করে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর বাতিল করতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এ জন্য প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার এমন ইঙ্গিতই দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার।

“আমরা চাই না এই সফরটা হোক। তাই সফরটা ঠেকানোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভেবে দেখা হচ্ছে। জানি না এতে কাজ হবে কি না, তবে আমরা খতিয়ে দেখছি সম্ভাবনাটা... যদি প্রচলিত আইনে কোনোভাবে সেটা ঠেকানো যায়, সেটা আমরা ভেবে দেখবো”-বলেছেন ডাউনার।

আগামী সেপ্টেম্বর মাসে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ানদের। আইসিসির নির্ধারিত সফরসূচির অংশ এটা, তাই সফর বাতিল করলে ২০ লাখ ডলার জরিমানা গুণতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাই সফর বাতিল করতে আগ্রহী নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, সরকারের মনোভাব সম্পর্কে তারা সচেতন, কিন্তু বিষয়টা এমন জটিল যে সহসাই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, “আমরা জানি যে অনেকেই চাইছেন না এই সফরে যাক আমাদের দল। কিন্তু ব্যাপারটা ঠিক সফরটা এগিয়ে নেওয়া বা বন্ধ করে দেওয়ার মতো সোজাসাপ্টা নয় মোটেই। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেরাও ব্যাপারটাকে বেশ জটিল বলে মনে করে।”

এর আগে সিএ’র মুথপাত্র পিটার ইয়াং অবশ্য জানিয়েছেন,“আইসিসি’র নিয়ামানুযায়ী সবগুলো আইসিসি সদস্য দেশের নিয়মিতভাবে একে অন্যের দেশে সফরে যাওয়াটা বাধ্যতামূলক। তবে নিরাপত্তা কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অন্য কোন কারণে কোন দেশে সফরে যাওয়া বাতিল হতে পারে।”

সে রকম কিছু না ঘটলে সফরে না গেলে জরিমানা দিতেই হবে। অস্ট্রেলিয়ান সরকার এই জরিমানা দিতেও রাজি, তবে জরিমানার বিশাল অংকের সেই অর্থ জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের পৃষ্ঠপোষক মুগাবেকে লাভবান করবে বলে তারা বেশ চিন্তিত। এ সম্পর্কে তাদের অনীহার কথা জানাতেও দ্বিধা করেননি ডাউনার, “(টাকাটা) জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন পাবে। এবং অবশ্যই সেই টাকা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে তারা। আমরা শুধু ক্রিকেট অস্ট্রেলিয়াকে সাধারণ কোন ক্রিকেট দল নয় বরং বিশ্বের সেরা ক্রিকেট দলকে সেখানে না পাঠানোর জন্য প্রভাবিত করার চেষ্টা করছি। আমাদের দল সেখানে গেলে মুগাবে নিয়ন্ত্রিত জিম্বাবুয়ের প্রচারণার বিজয় সূচিত হবে।”

তিন বছর আগে, ২০০৪ সালে অবশ্য মূলত স্টুয়ার্ট ম্যাকগিলের প্রতিবাদের মুখে জিম্বাবুয়ে সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেবার অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার জিম্বাবুয়েতে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন,“আমি জিম্বাবুয়ে সফরে যেতে চাই না। কারণ আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই।” তার সেই ঘোষণার পর পরই সফরটা বাতিল করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেজন্য তাদের কোন জরিমানার অংকও গুনতে হয়নি। সে বছর ইংল্যান্ডের জিম্বাবুয়ে সফরও বাতিল হয়ে গিয়েছিল। আর ২০০৫-এ নিউজিল্যান্ড সরকার জিম্বাবুয়ে দলকে ভিসা দিতে রাজি হয়নি।