অস্ট্রেলিয়ানদের না যাওয়ার অনুরোধ ওলোঙ্গার
হাতে কালো ব্যান্ড, মুখে ‘জিম্বাবুয়েতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে’ স্লোগান-২০০৩ বিশ্বকাপে হেনরি ওলোঙ্গার সেই প্রতিবাদী চেহারা আজো ভুলে যায়নি ক্রিকেট বিশ্ব।
সেই প্রতিবাদের চরম মূল্য দিয়ে স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়েছিল তাকে। জিম্বাবুয়ের সাবেক পেসার ওলোঙ্গা চার বছর ধরে ইংল্যান্ডে প্রবাসী এবং আজো ফিরতে পারেননি স্বদেশে। সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশে একটা অনুরোধ করেছেন তিনি। আগামী সেপ্টেম্বরে তারই মাতৃভূমিতে সফরে না যাওয়ার অনুরোধের মধ্যে একটা ব্যাকুলতাও ফুটে উঠেছে যেন।
মাত্র আগের দিন জিম্বাবুয়ের আরেক সাবেক ক্রিকেটার ভুসিমুজি সিবান্দা এই সফর বাতিল না করার আহ্বান জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার কাছে। অথচ তার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার ওলোঙ্গার মুখে পুরো উল্টো কথা! তার মতে বিশ্ব চ্যাম্পিয়নরা জিম্বাবুয়ে সফরে গেলে রবার্ট মুগাবের স্বৈরশাসন সম্পর্কে ভুল ধারণার জন্ম হবে পৃথিবীতে, “তারা (জিম্বাবুয়ে সরকার) বাকি বিশ্বকে দেখানোর চেষ্টা করবে যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই সফরে যেতে আগ্রহী। অর্থাৎ সেখানে খুব বেশি অন্যায় হচ্ছে না। আমার ধারণা এটাই সম্ভবত এই সফরের সবচেয়ে বিপজ্জনক দিক।”
আর সেজন্যই এই সফরে না যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অনুরোধ জানিয়েছেন ওলোঙ্গা, “ক্যারিয়ারে সম্ভবত এক বা দু বার ব্যতিক্রমী কিছু করার সুযোগ পাওয়া যায়। বেশ কিছু টেস্ট উইকেট বা কয়েকটা সেঞ্চুরি করার চাইতে ব্যাপারটা ভিন্ন।”
ক্রিকইনফো-এর সহায়তায়
