২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

জয়ের পথে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে তো নয়ই, এমনকি তার সঙ্গী, দলের শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান দীনেশ কার্তিককেও ফেরাতে পারেননি বাংলাদেশের বোলাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পরিণামে ১ ওভার আর ৫ উইকেট হাতে রেখে ২৫১ রান করেছে ভারত,যার অর্থ ৫ উইকেটের হার দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে হয়েছে বাংলাদেশকে।

অথচ ৩৫ ওভার পর্যন্ত সম্ভাবনার নিক্তি ঝুঁকে ছিল বাংলাদেশের দিকেই। একটা করে উইকেট পড়ছিল আর আনন্দে নেচে উঠছিল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু সাকিব আল হাসান দীনেশ মঙ্গিয়াকে ফিরিয়ে দেয়ার পর দর্শকরা আর নাচার কোনো উপলক্ষ পাননি। সুযোগ যে আসেনি তা নয়। রান আউট হতে হতেও বেঁচে গেছেন ধোনি। উইকেটকিপার মুশফিকুর রহিমের বদান্যতায় (!) উইকেট না হারিয়ে বাড়তি কিছু রানও পেয়েছে ভারত। তারপর আর ধোনির ১০৬ বলে অপরাজিত ৯১ করে ম্যান অব দ্য ম্যাচ হওয়া, কার্তিকের ৬০ বলে হার না মানা ৫৮, তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ১০৭ রান এবং এসবের যোগফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের ১-০-তে এগিয়ে যাওয়া ঠেকায় কে!

১৭ বলে ২১ রান করা গৌতম গম্ভীর আর ২১ বলে ৩০ রান করা শেবাগকে ফিরিয়ে ভারতকে বেশ বড় ধাক্কাই দিয়েছিলেন সৈয়দ রাসেল। তারপর যুবরাজও আউট। তবুও আশা ফিকে হচ্ছিল রাহুল দ্রাবিড় আর মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে। দ্রাবিড়কে (২২) ব্যাকওয়ার্ড পয়েন্টে রাজ্জাকের ক্যাচ বানিয়ে ভারতকে দেয়ালের দিকে ঠেলে দেন সাকিব। তার দ্বিতীয় সাফল্যে ভারতের পিঠ ঠেকে দেয়ালে। বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা তখন ধোনি। কার্তিক সবে এসেছেন। এ দুজন দাাঁড়িয়ে গেলে বাংলাদেশের সব সম্ভাবনার মৃত্যু হতে পারে এটা জানাই ছিল। শেষমেশ হয়েছেও তাই।

ইনিংসের শুরুর দিকে শেবাগের ঝড়ো ব্যাটিংই তছনছ করে দিচ্ছিল সব। সৈয়দ রাসেলের এক ওভারে চারটিসহ মোট সাতটি চারে ৩০ রানের ঝড়টা থামানোর কৃতিত্ব অবশ্য সাকিবুলেরই বেশি। কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। গ্যালারিভর্তি দর্শককে পরে আবার আনন্দে ভাসান শাহাদাত হোসেন। মাশরাফির চোটের কারণে সুযোগ পাওয়া এই পেসার নেন যুবরাজ সিংয়ের (১) উইকেট।

সকালে টস জিতে বাংলাদেশ যেন জোড়ায় জোড়ায় উইকেট হারানোর পণ করে নেমেছিল। তাই সবাইকে অবাক করে তামিম ইকবালের (৪৫) অভাব ভোলানোর দায়িত্বে অনেকটাই সফল জাভেদ ওমর (৮০) রান আউট হওয়ার পরপরই সাকিবও (৫০) আউট! ঠিক যেমন তামিম ইকবাল (৪৫) ড্রেসিং রুমে ফিরে গায়ের ঘাম মোছার আগেই তার পাশে গিয়ে বসেছিলেন হাবিবুল বাশার (০)! বাংলাদেশ তখন বিনা উইকেটে ৭৮ থেকে দেখতে দেখতেই হয়ে গিয়েছিল ২ উইকেটে ৭৮। সেই বিপর্যয় অবশ্য ভালোভাবেই কাটিয়েছিলেন জাভেদ ওমর-সাকিব আল হাসান। তাদের ১০৭ রানের তৃতীয় উইকেট জুটির ভিত্তির ওপর দাঁড়িয়েই ৪৭ ওভারে ৭ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ।

সকালে হালকা বৃষ্টির জন্য ৪৭ ওভারে নির্ধারিত ম্যাচটি শুরু হয়েছিল তামিম ইকবালের ঝলমলে ব্যাটিং দিয়ে। তার তান্ডবে জহির, শ্রীশান্তদের কাছে মাঠের বাইরের জগতই যখন স্বর্গের মতো কাম্য হয়ে উঠছে তখনই দীনেশ মঙ্গিয়ার বলে শেবাগকে ক্যাচ দিয়ে দেন তামিম। ৫৩ বলে ৬টি চারে সাজানো তার ৪৫ রানের ইনিংসটির অবশ্য অনেক দূর যাওয়ার সম্ভাবনা ছিল। তামিম পারেননি বড় ইনিংস খেলতে-এটাকে হতাশা হতে দিলেন না হাবিবুল বাশার। অধিনায়ক নিজে যদি কোনো রান করার আগেই বিদায় নেন, তাহলে দলের সবচেয়ে কমবয়সী ক্রিকেটারের ফিফটিও না পাওয়াটা কি করে হতাশা হয়?

শঙ্কা ছিল তামিমের বিদায়ে রানের গতি শঙ্কাজনক হারে কমে যাওয়ার। সবাইকে অবাক করে তা হতে দেননি জাভেদ ওমর। সাকিবের সঙ্গে ১০৭ রানের জুটিতে কখনোই ম্লান মনে হয়নি তাকে। ১১৭ বলে ৮০ রান করে আউট হওয়ার আগে সাতটি চার তো মেরেছেনই, পাশাপাশি ম্যাচের অধিকাংশ দর্শকের চোখ কপালে তুলে দুটো ছক্কাও এসেছে জাভেদ ওমরের ব্যাট থেকে!

জাভেদ ক্যারিয়ারের দশম ফিফটিকে বেশ কিছুদূর নিয়ে গেলেও সাকিব সেটা পারেননি। তার পঞ্চম ফিফটির সঙ্গে এক রানও যোগ হতে দেননি দীনেশ মঙ্গিয়া। সাকিবকে স্টাম্পড করানোর পর আশরাফুলকেও (২৯) ফিরিয়ে এই বাঁ-হাতি স্পিনারই (৩/৪৯) ভারতের পক্ষে সবচেয়ে সফল। হাবিবুল আর রফিকের (১১) উইকেট নিয়ে দ্বিতীয় সেরা অফস্পিনার রমেশ পাওয়ার (২/৫৫)। আর ১৬ বলে ১৬ রান করা আফতাবকে বড় বিপদ হতে না দেওয়ার কৃতিত্ব বীরেন্দর শেবাগের।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত: ৪৬ ওভারে ২৫১/৫ ( শেবাগ ৩০, গম্ভীর ২১, ধোনি অপ. ৯১, যুবরাজ ১, দ্রাবিড় ২২, মঙ্গিয়া ১৭, কার্ত্তিক অপ. ৫৮,অতিরিক্ত ১১,সৈয়দ রাসেল ২/৬৬, রাসেল ১/৪৩,সাকিব ২/৪৩)।

বাংলাদেশ: ৪৭ ওভারে ২৫০/৭ ( জাভেদ ৮০, তামিম ৪৫, হাবিবুল ০, সাকিব ৫০, আশরাফুল ২৯, আফতাব ১৬,রফিক ১১, মুশফিকুর রহিম অপ. ১,অতিরিক্ত ১৮, পাওয়ার ২/৫৫, মঙ্গিয়া ৩/৪৯, শেবাগ ১/৪৬)।

ফল : ভারত ৫ উইকেটে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : মহেন্দ্র সিং ধোনি।