২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ব্যর্থতার জন্য চ্যাপেলকেই দায়ী করলেন ভারতের নির্বাচকরা

বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই ভারতীয় ক্রিকেটে চলছে উথাল-পাথাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এবার তাতে আরেকটি ঢেউ তুলেছে টেলিভিশন চ্যানেল আজতক ও হেডলাইন টুডে। মঙ্গলবার গোপন ক্যামেরায় তোলা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের সাক্ষাৎকার প্রচার করেছে তারা, যেখানে নির্বাচকরা দাবি করেছেন ভারতীয় দলের ভেতর ঐক্যের অভাব বড় প্রকট। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীর মতো খেলোয়াড়রা উদ্দেশ্যমূলকভাবে অসহযোগিতা করেছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। শুধু তা-ই নয়, পদত্যাগী কোচ গ্রেগ চ্যাপেলের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন তারা, বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের জন্য দায়ি করেছেন তাকেই।

ভারতের চারজন নির্বাচক ভুপিন্দর সিং সিনিয়র, ভেঙ্কটপতি রাজু, রনজিব বিসওয়াল ও সঞ্জয় জাগদালের গোপন সাক্ষাৎকার নিয়েছে চ্যানেলটি। এই সাক্ষাৎকারে ভুপিন্দর দাবি করেছেন টেন্ডুলকার ও সৌরভের সঙ্গে ঝামেলা হয়েছে দ্রাবিড়ের, দলের মধ্যে ওই দুজন তৈরি করেছেন নিজস্ব উপদল। কোনো কোনো ক্রিকেটার ছিলেন সৌরভের দলে, কেউবা টেন্ডুলকারের। কারণ? “ওরা মনে করেছিল সে (দ্রাবিড়) ব্যর্থ হলে তাদের অধিনায়ক হওয়ার সুযোগ আসবে”-বলেছেন ভুপিন্দর।

গ্রেগ চ্যাপেল সম্পর্কে নির্বাচকদের প্যানেলে উত্তরাঞ্চলের এই প্রতিনিধির ভাষ্য, “গ্রেগ সবাইকে দেখাতে চাইছিল যে সে-ই বস। কারো সঙ্গেই তার সুসম্পর্ক ছিল না। এমনও ঘটেছে যে টানা চার-পাঁচদিন গ্রেগ সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোনো কথাই বলেনি। টেন্ডুলকার, শেবাগ, হরভজনদের সঙ্গে কথা বলতো না সে। দক্ষিণ আফ্রিকা সফরেই ঘটেছে এমনটা।”

তার সঙ্গে সূর মিলিয়ে পূর্বাঞ্চলের নির্বাচক রনজিব বিসওয়াল বলেছেন, “গ্রেগ ভারতীয় খেলোয়াড়দের মানসিকতাটাই বুঝতো না। বন্ধু নয়, সে ছিল অনেকটা স্কুলমাস্টারের মতো।”