২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শততম ম্যাচ এবং সহ-অধিনায়কত্বে অভিষেকের আগে আশরাফুল

মোহাম্মদ আশরাফুলের সহ-অধিনায়কত্ব শুরু হচ্ছে নিজের শততম ম্যাচ দিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সাদা চোখে সময়টা একটু বেশি লেগেছে মনে হলেও সদ্য নির্বাচিত সহ অধিনায়ক সহাস্যে বলে দিয়েছেন “সময় ঠিক আছে।” হাসির অর্থ হতে পারে-এটা শুধুই আলংকরিক পদ নয়, নিকট ভবিষ্যতের অধিনায়কত্বের গ্যারান্টি নিয়েই বৃহস্পতিবার ভারতের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছেন আশরাফুল।

বর্তমান অধিনায়ক হাবিবুল বাশারের উত্তরসূরী তিনি। বিশ্বকাপের পরপরই অধিনায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, বিতর্ক হয়েছে। এর জের ধরেই প্লটটা এমনভাবেই সাজানো হয়েছে, হাবিবুল ওয়ানডে থেকে অবসর নেবেন এবং তখন দলের হাল ধরবেন আশরাফুল। এভাবে মঞ্চ সাজিয়ে বিশ্ব ক্রিকেটে কারো হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার নজির বিরল। এই বাংলাদেশী ব্যাটসম্যানের ক্ষেত্রেই এটা প্রথম। আর কারণ হিসেবে তার দায়িত্বশীল ব্যাটিংয়ের পুরষ্কার বলেই ধরা হচ্ছে। অনেকেই আবার এটাকে ২২ বয়সী এই ক্রিকেটারের কাঁধে বিশাল এক বোঝা হিসেবেই দেখছেন। কিন্তু নতুন সহঅধিনায়কের দাবি, “এটা আমার ওপর কোনো চাপ নয়। আমি মনে করছি এই দায়িত্ব আমাকে ভাল খেলতে সাহায্য করবে। তাছাড়া গত দুবছর ধরে আমি স্থানীয় লিগে একটি দলে অধিনায়কত্ব করছি এবং ভাল ব্যাটিংও করেছি।” ২০০৫-২০০৬ ক্রিকেট মৌসুমে আশরাফুলের নেতৃত্বে রানার্স আপ হয়েছে সোনারগাঁও ক্রিকেটার্স। সেই ধারাবাহিকতায় এবারও তিনি শেষ না হওয়া লিগে একই দলের অধিনায়ক।

আসলে গত বিশ্বকাপেই সবার চোখে পড়েছে তার বদলে যাওয়া ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৭ রানের চমৎকার ইনিংসটি সহ মোট ২১৬ রান করেছেন ৩৬ গড়ে। পরিসংখ্যান বাদ দিলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন আর নিজের মূল্যবান উইকেটটি তিনি ছুঁড়ে দেন না। আর সেই পরিণতিবোধ আসতে তার সময় লেগেছে ৯৯ ম্যাচ ! “আমি খুব ভাগ্যবান যে নিজের শততম ম্যাচে আমি সহ-অধিনায়কত্ব পেয়েছি। কিন্তু এই ম্যাচটা আমার কাছে আর দশটা ম্যাচের মতোই।”

সেটা কী তার মনের কথা ? একটু গভীরভাবে পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাবে ভারতের বিপক্ষে ওয়ানডেতে তার ভাল কোনো কীর্তি নেই। এর আগে ভারতের বিপক্ষে ৭ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১৭ রান আর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৫। যে দুটি ওয়ানডে ম্যাচ ভারতকে হারিয়েছে তাতেও তার অবদান বলার মতো নয়। এসব হিসাব নিকাশ আশরাফুলের জানা আছে ভাল করেই, “ভারতের বিপক্ষে আমার ভাল স্কোর নেই। বিশ্বকাপে ভারতের সঙ্গে যে ম্যাচে জিতেছি আমরা সেই ম্যাচে আমি শেষ দিকে নামায় সুযোগ ছিল না তেমন, অপরাজিত ছিলাম ৮ রানে। এবার আমি ভাল করার চেষ্টা করবো অবশ্যই।” টেস্ট পারফরম্যান্স অবশ্য তুলনায় অনেক উজ্জল। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ১৫৮ রানের দারুন এক ইনিংস খেলেছিলেন টেস্ট ক্রিকেটের এই কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। মজার ব্যাপার হচ্ছে, তার আগের ম্যাচের ভারতীয় মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার টিপস দিয়েছিলেন তাকে এবং সেটাই নাকি বেশ কাজ দিয়েছিল।

এবার সেই ভারতীয় ওয়ানডে দল এসেছে টেন্ডুলকার-গাঙ্গুলীকে রেখেই। তাই এই দলের বিপক্ষে নিজের জ্বলে ওঠা এবং বাংলাদেশকে আবার বিজয়ীর আসনে বসানোর ভাল সুযোগ সামনে। তবে আশরাফুল ব্যাপারটাকে অন্যভাবে দেখেন, “এই সিরিজে ভারত আমরাও জিততে পারি। ভারতও খুব ভাল দল, তারাও জিততে পারে। তবে আমরা ভাল ক্রিকেট খেলার জন্য তৈরি।”

ভাল ক্রিকেট খেলতে পারলে আশরাফুলের সব হয়। শততম ম্যাচ, সহ অধিনায়ক হিসেবে অভিষেক এবং অধিনায়কত্বে উত্তারনের পথ সবকিছুই সাফল্যে ভরপুর!