হোমওয়ার্ক করে কেউ আমার রান করা আটকাতে পারবে না : তামিম
উদাহরণ তার খুব কাছে যেমন আছে, তেমনি বহুদূরেও। তামিম ইকবাল দু’জায়গা থেকেই সেগুলো টানলেন। প্রথমে দূরের এবং তারপরে কাছের।
“আন্তর্জাতিক ক্রিকেটটা এতো বেশি হয় যে, কারো সম্পর্কেই কারোর অজানা কিছু থাকে না। গিলক্রিস্ট-হেইডেনদেরও তো সবাই জানে। কই, তাদের রান করা তো কেউ আটকাতে পারেনি।”
“আমাদের সুমন (হাবিবুল বাশার) ভাইয়ের সেরা শট পুল। টেস্ট ক্রিকেটে ওই শট খেলেই তিনি সবচেয়ে বেশি রান করেছেন। আবার সবচেয়ে বেশিবার তিনি এই শট খেলেই আউট হয়েছেন।”
উদাহরণ টেনেই বিশ্বকাপে ব্যাট হাতে ভারতকে দুমড়ে-মুচড়ে ফেলা এই ওপেনারের পাল্টা প্রশ্ন,“তাহলে...?” ওই ম্যাচের পর বড় দলগুলো তার শক্তির জায়গাটাকেই বানিয়ে ফেলেছিল দুর্বলতা। উইকেট ছেড়ে অনেকটা বেরিয়ে এসে বলকে সীমানা ছাড়া করার অভ্যাসে তাকে সংযম আনতে হয়েছিল এজন্য। অসংযমী হতে গিয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেস বলে পড়েছিলেন স্টাম্পিংয়ের ফাঁদে। জ্যাকব ওরামকে ওভাবে মারতে গিয়ে বলের লাইন মিস করেছিলেন। উইকেটের সঙ্গে প্রায় লেগে দাঁড়ানো উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককুলামের কোনো সমস্যাই হয়নি তাকে সাজঘরের পথ দেখাতে। অন্যান্য বড় প্রতিপক্ষের সঙ্গেও দেখা গেছে তামিমের ব্যাটিংয়ের সময় উইকেটকিপারকে উইকেটের খুব কাছে এসে দাড়াতে। তাই ভারত ম্যাচের উজ্জ্বলতম ব্যাটিং চরিত্র তামিম এরপর ক্রমশই ম্রিয়মান। ২৯ (৫৯ বলে, ব. নিউজিল্যান্ড), ৩৮ (৫৯ বলে, ব. দক্ষিণ আফ্রিকা) এবং ২৯ (৫৯ বলে, ব. আয়ারল্যান্ড) রানের ইনিংস যদিও ছিল কিন্তু সেগুলোতে তার আগ্রাসী চরিত্র প্রকাশ পেয়েছে সামান্যই। শক্তির জায়গাটাই তাকে আটকানোর উপায় হয়ে যাওয়া প্রসঙ্গ তার সামনে তুলতেই তাই কাছে-দূরের উদাহরণ তামিমের।
তবে তার নিজের এমন উদাহরণ হওয়াটা এখনো বাকি। ভারতীয় শিবির থেকেও জানানো হয়েছে, বিশ্বকাপে তামিম তাদের অপ্রস্তুত করে দিলেও এবার প্রস্তুতি নিয়েই তারা এসেছে। এক্ষেত্রে তামিমকেও প্রস্তুত করার ব্যাপারটা সারা হয়েছে কিনা, তাকে ব্যাটিংয়ের ধরনটা একটু পাল্টাতে বলে? হাবিবুল বাশারের বোধহয় প্রশ্নটা পছন্দ হল না। তাই শুরুই করলেন এভাবে,“আরে, বিশ্বের সব ব্যাটসম্যানেরই শক্তিটা তার দুর্বলতার জায়গা।” তিনি নিজেও তো এর উদাহরণ হয়ে আছেন। পরে আরো যোগ করলেন,“বিশ্বকাপের সময় ওর সঙ্গে আমরা কথা বলেছিলাম। এরপরে ওর ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন এসেছিল। আসলে ওর স্বাভাবিক খেলাটা পাল্টাতে বলে ওকে আমরা বিরক্ত করতে চাই না। এটা জানি, ভারত তামিমকে নিয়ে হোমওয়ার্ক করেই এসেছে। তবু আমরা ওর স্বাভাবিক ব্যাটিংটাই চাই।”
দলে ঢোকার পর থেকে এমনটাই শুনে এসেছেন বলে জানালেন তামিমও,“কোচ আর অধিনায়ক আমাকে কোনোদিন ব্যাটিংয়ে পরিবর্তন আনতে বলেননি।” স্বাভাবিক ব্যাটিং করে গোটা ভারত সিরিজে ব্যর্থ হলেও তামিম এটা মানবেন না,“ধরুন তিন ওয়ানডের একটাতেও আমি রান করতে পারলাম না। তখন আমি কিছুতেই এটা চিন্তা করবো না যে, ভারত আমাকে নিয়ে হোমওয়ার্ক করে এসেছে বলেই রান করতে পারিনি। ক্রিকেটে সাফল্য পাওয়া ভাগ্যের ওপরও নির্ভর করে থাকে কিছুটা। নিজের দিন না হলে গিলক্রিস্ট-হেইডেনরাও রান করতে পারে না। যেদিন আমার দিন হবে, দেখবেন বড় ইনিংস খেলবো।”
তামিমের শেষ বাক্যটা ভারতীয় শিবিরের জন্য সতর্কবার্তা। এখনো পর্যন্ত বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ মেটানোর লক্ষ্য নিয়েই এই ওয়ানডে সিরিজে নামতে যাচ্ছেন তিনি,“আমার একটাই ফিফটি। এরপর ত্রিশের মতো কয়েকটা স্কোর আছে বিশ্বকাপে। একটাও বড় ইনিংস নেই আমার। এই সিরিজে লক্ষ্য থাকবে, শুরুটা ভালো হয়ে গেলে বড় ইনিংস খেলে আসার।” জহীর খানদের আবারো উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে না পারলেও এক্ষেত্রে বাঁধা দেখছেন না কোনো,“ওটা ছাড়াও তো আমার হাতে আরো অনেক শট আছে।” মিরপুরে সেগুলোরই দরকার হবে বলে মনে হচ্ছে তার,“ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বাউন্স ছিল। সেখানে ওই শটটা খেললে ব্যাটে-বলের সংযোগটা খুব ভালো হত। তাই খেলতাম। তবে মিরপুরে যে উইকেটে প্রথম ওয়ানডে হবে, সেখানে খেলতে (প্রস্তুতি ম্যাচে) আমি স্বাচ্ছন্দ্যবোধই করেছি। স্ট্রোক খেলা একটু কঠিন যদিও।”
তবু ওই শট খেলবেন, যদি, “পরিস্থিতি দাবি করলে খেলবো।” সাফল্য পেলে লাভবান হবে বাংলাদেশ। আর আত্মঘাতী হয়ে গেলেও সমস্যা নেই। উদাহরণ তো তামিমের কাছে আছেই। যেগুলো দিয়ে প্রমাণ করা যায়, শক্তিতে মৃত্যুও লুকিয়ে থাকে!
