হেইডেনকে বিশ্বকাপের উপহার
বিশ্বকাপের দুমাস আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নামই ছিল না তার।
নামটা আবার এলো সিবি সিরিজে। সেই সিরিজের শেষটা বিশ্বচ্যাম্পিয়নদের জন্য দুঃস্বপ্নের হলেও ম্যাথু হেইডেনের জন্য ছিল সুখস্বপ্নের সূচনামাত্র। নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়া হোয়াইওয়াশ, তবে হেইডেনের ব্যাট সেখানে দেখিয়েছিল ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙ্গার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়নি বলে আজ আর আফসোস করার কথা নয় বাঁ-হাতি ওপেনারের। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আবার বিশ্বসেরার আসনে বসাতে আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন ম্যাথু হেইডেন। এখন তারই সুফল কুড়োবার পালা। ম্যাথু হেইডেনের আয় একলাফে বেড়ে যাচ্ছে কয়েক দ্বিগুন!
দীর্ঘদিন বাইরে থাকার পর ম্যাথু হেইডেন আবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছিলেন সিবি সিরিজে। তারপর থেকে বলতে গেলে ওয়ানডে ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক। ক্যারিয়ারের মোট দশটি সেঞ্চুরির পাঁচটিই করেছেন এ সময়ে। পাঁচটির মধ্যে তিনটি আবার বিশ্বকাপের উপহার। ওই তিন সেঞ্চুরিসহ ২০০৭ বিশ্বকাপে ৭৩ দশমিক ২২ গড়ে ৬৫৯ রান করেছেন। এই এক টুর্নামেন্ট তার ব্যাংক অ্যাকাউন্টেও আনছে ব্যাপক পরিবর্তন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ২০০৬-০৭ মৌসুমের জন্য পেয়েছিলেন ৩ লক্ষ ডলার। আর এবার? ২০০৭-০৮ মৌসুমে পারিশ্রমিক হিসেবে হেইডেন পাবেন ৫ লক্ষ ৫০ হাজার ডলার!
অবশ্য এতেই অবাক হওয়ার কিছু নেই। আশ্চর্য হতে হয় আসলে প্রাইজমানি, স্পন্সরশিপ, বোনাস এবং ট্যুর ফি মিলিয়ে এক বছরে অস্ট্রেলিয়ার এই রানমেশিনের মোট আয় কত হতে পারে তা অনুমান করতে গেলে। অস্ট্রেলিয়ার দ্য সানডে মেইল মনে করে সব মিলে অঙ্কটা দাঁড়াবে দেড় মিলিয়ন অর্থাৎ ১৫ লক্ষ ডলারের মতো। কোথায় ৩ লক্ষ আর কোথায় ১৫ লক্ষ ডলার! হেইডেনের ম্যানেজার ক্রিস হোয়াইট কিন্তু এতে অবাক হওয়ার কিছু দেখছেন না, কারণ,“বিশ্বকাপে ওর (হেইডেন) যা পারফরম্যান্স তাতে ও উপযুক্ত পুরস্কার পাবে এটা আশা করাই স্বাভাবিক।”
