২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম এবং স্পিনারদের ‘ওষুধ’ বের করেই এসেছে ভারত

“আমি নিশ্চিত, আমাদের খেলোয়াড়রা ভালো করার জন্য প্রস্তুত হয়ে আছে”-রাহুল দ্রাবিড়ের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কিছু সম্পুরক প্রশ্নও এসে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

· তামিম ইকবালকে আটকানোর প্রস্তুতিটাও কী তারা ভালোমতোই নিয়ে এসেছে?

· বাংলাদেশের বাহাতি স্পিনারত্রয়ীকে সামলানোর ক্ষেত্রেই বা তাদের প্রস্তুতিটা কেমন?

এই দুটো প্রশ্নের মাঝেই আসলে লুকিয়ে আছে বিশ্বকাপে বাংলাদেশের ভারত বধের রহস্য। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন হাবিবুল বাশাররা। আর ওই ম্যাচে একটা ঝড়ো ইনিংস খেলার সুবাদে ভারতীয় শিবিরে আতঙ্কের প্রতিশব্দ হয়ে ঢুকে পড়েছিলেন তামিম। তার ব্যাটিংয়ের ভিডিও ফুটেজ তাই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের আগে তারা সেটা পায়নি। তামিমকে নিয়ে একেবারে অন্ধকারে থেকে চোখে সর্ষে ফুলও দেখেছেন ভারতীয় বোলাররা। ৪৯ দশমিক ৩ ওভারে বোলাররা ১৯১ রানে রাহুল দ্রাবিড়ের দলকে বেঁধে ফেলার পর তামিমের ৫৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংসে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। আর বেজে ওঠে ভারতের বিদায়ের ঘণ্টা।

“এবার নিশ্চয়ই তামিমের ভিডিও ফুটেজ দেখে তার ব্যাটিং কাটাছেঁড়া করেই এসেছেন?”-এই প্রশ্নে মৃদু হেসে ভারত অধিনায়ক যা বললেন, তাতে শুধু তামিমেই নির্দিষ্ট নয় তাদের ছক, “বাংলাদেশ দলে এমন অনেকেই আছে, যাদেরকে এর আগে আমাদের তেমন একটা দেখা হয়নি। বিশ্বকাপ ম্যাচের আগে স্বচ্ছ কোনো ধারণাই ছিল না তাদের সম্পর্কে। সত্যি কথা বলতে কী, এবার সেটা আছে। টেলিভিশনে অনেক ম্যাচই দেখা হয়েছে। তাদের (বাংলাদেশ) কয়েকজন ভালো খেলোয়াড় সম্পর্কে এখন বেশ ভালো ধারণাই আছে আমাদের। আশা করছি আসন্ন সিরিজে তা ভালোভাবেই কাজে লাগবে।”

অজানা, অচেনা ছিলেন বলে তামিম পেরেছিলেন হন্তারক হতে। পরে অবশ্য অন্য বড় দলগুলো তার শক্তির জায়গাটাকেই দুর্বলতা বানিয়ে ফেলেছিল। তাই ভারত ম্যাচের তুলনায় বিশ্বকাপে ক্রমেই নিষ্প্রভ হয়ে উঠছিল তার ব্যাট। আশা করা যায়, তামিমের ব্যাটের উজ্জ্বলতা ফেরাতে উদ্যোগী হয়েছে টিম ম্যানেজমেন্টও। তেমনি রফিক, রাজ্জাক ও সাকিবদের সামলানোর জন্য ভারতীয় দলও নিয়ে এসেছে জোর প্রস্তুতি। বিশ্বকাপে ২১ রানে ভারতকে ২ উইকেট হারানো দলে পরিণত করা মাশরাফিই (৩৮ রানে ৪ উইকেট) ইতি টেনেছিলেন শেষ দুই ব্যাটসম্যানকে তুলে নিয়ে। তবে মাঝের ছয়টি উইকেট ভাগাভাগি করেছিলেন রফিক (৩/৩৫) ও রাজ্জাক (৩/৩৮)। তাদের নিয়ে ভারতীয় দলের দুশ্চিন্তা থাকবে সেটাই স্বাভাবিক। সেটা তাড়ানোর মহৌষধই তারা খোঁজার চেষ্টা করে এসেছে এখানে আসার আগে কলকাতায় হওয়া ক্যাম্পে। সেখানে ছিল বাহাতি স্পিনারদের ছড়াছড়ি। নেটে ডাক পাওয়া ১১ জন বোলারের অর্ধেকেরও বেশি বাহাতে স্পিন করেন। মহৌষধের সন্ধান তারা পেল কিনা, সেটা সময়ই বলবে। তবে আপাতত প্রতিপক্ষের বোলিংয়ের সেরা অস্ত্রগুলোকে বিকল করার রসদ আছে বলেই মনে হচ্ছে দ্রাবিড়ের। অবশ্য স্বীকার করে নিচ্ছেন কাজটা সহজ হবে না মোটেও,“হ্যা, তাদের কয়েকজন ভালো স্পিনার আছে। যারা বিশ্বকাপে খুবই ভালো বল করেছে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে আমাদের স্পিন ভালো সামলাতে জানা ব্যাটসম্যান যেমন আছেন, তেমনি ভালো স্পিনারও আছেন কয়েকজন। সুতরাং দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাই হওয়া উচিত।” সিরিজ শুরু হলেই বোঝা যাবে, কে কাকে দেখে নিচ্ছে। তার আগে জানা গেল হোমওয়ার্কটা ভালোই করে এসেছেন দ্রাবিড়রা।