২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সহকারি কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

এক সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক বিদায় নিয়েছেন, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে জিম্বাবুইয়ানদের সম্পর্কটা তাতেই শেষ হয়ে যাচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এবার আরেক সাবেক জিম্বাবুইয়ানকে দলে টেনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডানকান ফ্লেচারের উত্তরসূরি পিটার মুরসের সহকারি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। সোমবার সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ম্যাথু মেনার্ডের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন তিনি। ইসিবির সঙ্গে সমঝোতার ভিত্তিতে পদত্যাগ করেছেন মেনার্ড।

রবার্ট মুগাবের সরকারের অত্যাচারের প্রতিবাদে জন্মভূমি ও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ইংল্যান্ড আশ্রয় নেওয়া ফ্লাওয়ারের জন্য মুরসের সহকারি হওয়াটা অবশ্য মোটেই নতুন কিছু নয়। কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার পাশাপাশি গত দু মৌসুম ধরেই তিনি কাজ করছিলেন ইসিবির একাডেমিতে, ইংল্যান্ডের কোচ হওয়ার আগে মুরস যেখানে প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এরই ফাঁকে ‘লেভেল ফোর’ পর্যায়ের কোচিং সার্টিফিকেটও অর্জন করেছেন ৩৯ বছর বয়সী এই বাঁ-হাতি। মুরসের পছন্দ অনুসারেই তাকে নিয়োগ দিয়েছে ইসিবি, আর নিয়োগ পেয়ে কাউন্টি ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

“অ্যান্ডি আমাদের কোচিং টিমে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তো এনে দেবেই, একই সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলসের ঘরোয়া ক্রিকেট সম্পর্কেও ভালো বোঝাপড়া আছে তার”-বলেছেন মুরস। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, “ও কিন্তু দু বছর ধরে ন্যাশনাল অ্যাকাডেমিতে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিল, এবং চমৎকারভাবেই সে দায়িত্বটা পালন করছিল। আমি নিশ্চিত, সব খেলোয়াড়রাই তার স্টাইলটা পছন্দ করবে, তার সঙ্গে কাজ করাটা উপভোগও করবে।”

জিম্বাবুয়ের হয়ে ৬৩টি টেস্ট খেলে ৫১ দশমিক ৫৪ গড়ে ৪,৭৯৪ রানের মালিক ফ্লাওয়ারও সে রকম আশার কথাই শুনিয়েছেন, “ন্যাশনাল অ্যাকাডেমিতে পিটারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি, আমরা একসঙ্গে দারুণ কাজ করতে পারবো। একটা আন্তর্জাতিক দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার নতুন চ্যালেঞ্জটা নিতে আমি রোমাঞ্চিত।”