‘প্রতিশোধ’ শব্দটা নাকি ভারতীয় দলের অভিধানেই নেই!
মাইক্রোফোন হাতে বহুবার তিনি বাজে পারফরম্যান্সের জন্য ভারতীয় দলের মুন্ডুপাত করেছেন।
২০০৩ বিশ্বকাপে লাগামছাড়া মন্তব্যের জন্য তাকে বয়কট করা ক্রিকেটারদের কয়েকজন এই ভারতীয় দলেও আছেন। অথচ ২০০৭ বিশ্বকাপে ব্যর্থতার পর আপদকালীন দায়িত্ব হিসেবে সেই দলটারই কোচ বনে গেছেন রবি শাস্ত্রী। তার পদবীর পোশাকি নামটা যদিও ক্রিকেট ম্যানেজার। এই পদে থাকা অবস্থায় বাংলাদেশ সফরে ভারতীয় দল ভালো করতে না পারলে মাইক্রোফোনে তার যা তা বলার অধিকার প্রশ্নের মুখেই পড়বে। সেজন্য এই দায়িত্বটা উপভোগের চেয়ে চ্যালেঞ্জটাই বেশি অনুভব করার কথা ভারতের সাবেক এই অধিনায়কের। প্রশ্নটা সেরকম হলে নিশ্চিত বিব্রত হতেন শাস্ত্রী। তার দিকে ছুটে গেল নিরীহ একটা প্রশ্নই,“কিছূদিন আগেও কমেন্ট্রি করছিলেন। এখন এই দায়িত্বে। কেমন উপভোগ করছেন?” উত্তর দেওয়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি অভ্যর্থনা কক্ষ ‘শিমুল’এ তখন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় ও তাকে ছেঁকে ধরা সাংবাদিকদের কাছে অনুমতি চাইলেন,“আমি কী একটু হাসতে পারি?” সম্মতি মিলতেই একচোট হেসে বললেন,“আমার এই হাসির অর্থ দায়িত্বটা উপভোগই করছি।”
একটু পরে অবশ্য শাস্ত্রীর হাসিকে ‘নিষ্ঠুর’ বলেই মনে হল। কথায় বুঝিয়ে দিলেন বিশ্বকাপে হারের জ্বালা জুড়োতেই এসেছে ভারতীয় দল। এবং সেই সতর্ক বার্তাটা বাংলাদেশ শিবিরে পৌছে দেওয়ার জন্যই বললেন,“আমরা জানি বিশ্বকাপে বাংলাদেশ কতোটা ভালো খেলেছে। সুতরাং তাদের জন্য আমাদের বার্তাটা খুব পরিষ্কার। আমরা এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার জন্য আসিনি।” সাংবাদিকদের জন্য অপেক্ষা করে থাকা বিস্ময়টা লুকিয়ে ছিল শাস্ত্রীর ওই কথাতেই। একটু আগেই বলা রাহুল দ্রাবিড়ের কথার সঙ্গে মেলাতে গিয়ে দেখা গেল, কোচ আর অধিনায়ক ‘দুইজন দুই মেরুতে’। শাস্ত্রী কথায় যতোটা রক্ষনাত্মক, ক্রিকেটের সেরা ভদ্রলোকদের একজন বলেই পরিচিত দ্রাবিড় ততোটাই নমনীয়। ভারতীয় দল বাংলাদেশে আসার দিন গণনা শুরু হওয়ার পর থেকেই এটাকে তাদের ‘প্রতিশোধের সিরিজ’ বলা হচ্ছিল। দ্রাবিড় মুখ ফুটে বলে ফেললে সেটাকে ‘জায়েজ’ করা যেত। কিন্তু তার কথায় উল্টো সেটা ‘নাজায়েজ’ হওয়ার মতো অবস্থা। তার দাবি ‘প্রতিশোধ’ শব্দটাই নাকি নেই ভারতীয় দলের অভিধানে,“প্রতিশোধ বলে কোনো কিছুতে আমার বিশ্বাস নেই। তাছাড়া এটা আমাদের অভিধানেও নেই। যেটা আছে, সেটা হচ্ছে নিজেদের সামর্থ্য দেখানো এবং ভালো ক্রিকেট খেলা। এখানে আমরা সেটাই করে দেখাতে চাই।”
ওয়ানডে সিরিজে সেটা করে দেখাতে হবে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর মতো তারকাদের ছাড়াই। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌছানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এটা নিয়ে ভারত অধিনায়ককে খুব একটা চিন্তিতও মনে হল না। দলে অনেক নতুন মুখের ভিড় থাকলেও নিজের তরুণ দলটার প্রতিই আস্থা রাখছেন তিনি,“অন্যান্য সিরিজে যা টার্গেট থাকে, এখানেও তাই। আমরা জিততেই এসেছি। আর সেব্যাপারে আমরা খুব আত্মবিশ্বাসী। দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় যেমন আছে, তেমনি আছে তরুণ খেলোয়াড়ও। এখানে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই এসেছি আমরা। আশা করছি তা আমরা খেলতে পারবোও।”
এই সেদিন প্র্যাকটিসে বল লেগে নাক দিয়ে রক্ত ঝরায় সিরিজের প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় জেগেছিল। সংশয় যে আর নেই, তা জানানোর জন্যই প্রশ্ন আশা করছিলেন হয়তো। নয়তো তার নাকের অবস্থা কী জানতে চাওয়ার পর প্রশ্নকর্তাকে কেন ‘ধন্যবাদ’ জানিয়ে বলবেন,“এখন অনেক ভালো। ভালোভাবেই সেরে উঠছি। ১০ মে প্রথম ওয়ানডের আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়া উচিত।”
তবে তার কাছে নিশ্চয়ই অনুচিত মনে হয়েছিল, মাঠের লড়াই শুরুর আগেই এটাকে ‘প্রতিশোধের সিরিজ’ বলে চাউর করার চেষ্টাকে। তাই সেই চেষ্টায় জল ঢেলে দিয়ে বসে থাকলেন।
