২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সকালে আসছে ভারতীয় দল, থাকবে নিরাপত্তার দুর্ভেদ্য ব্যুহে

কলকাতায় সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের প্রসঙ্গ উঠতেই ক্রিকেট ম্যানেজার রবি শাস্ত্রী এক কথায় তা শেষ করে দিতে চেয়েছেন,“আমরা পেছন ফিরে তাকাচ্ছি না।” মুখে বললেও এটা ভারতীয় দলের মনের কথা হতে পারে না কিছুতেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

যে হার তাদেরকে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের চৌকাঠে নিয়ে দাঁড় করিয়েছিল, সেটার কথা চাইলেও কী ভোলা সম্ভব? তাই বলা যায় বিশ্বকাপে হারের তিক্ত স্মৃতি নিয়েই সোমবার সকালে ঢাকায় পৌছাচ্ছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সকাল ১০ টা ৫ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে এখানে পৌছার পর থেকেই ভারতীয় ক্রিকেটাররা বন্দী হয়ে যাবেন নিরাপত্তা বলয়ে।

২০০৪ এর ডিসেম্বরে ঢাকায় আসার ঠিক আগে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এক জঙ্গী সংগঠনের ক্রিকেট দলের ওপর বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো উড়ো চিঠিতে সফর পিছিয়ে গিয়েছিল একদিন। এবার তাই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাই দাবি করা হয়েছিল। সেটা নিশ্চিতও করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেমন শেরাটনের যে ফ্লোরে ভারতীয় ক্রিকেটাররা থাকবেন, সেই ফ্লোরে আর কোনো অতিথিকে রাখবে না হোটেল কতৃপক্ষ। এমনকি ম্যাচ অফিশিয়ালদেরও নয়। রোববার এমন তথ্যই দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বারের মতো পূর্নাঙ্গ সিরিজ খেলতে আসছে ভারতীয় দল। ১০ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১২ মে দ্বিতীয় ম্যাচের পর শেষ ওয়ানডে ১৫ মে চট্টগ্রামে। সেখানেই হবে প্রথম টেস্ট। এবং শেষ টেস্ট ঢাকায় মিরপুরে। ভারতের ওয়ানডে সিরিজের দলে না থাকা শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীরা টেস্ট খেলতে আসবেন ১৫ মে। আর ১৬ মে দেশে ফিরে যাবেন ওয়ানডে স্কোয়াডের ছয় ক্রিকেটার।