আনন্দ আর বিষাদের সঙ্গে বিদায়ের বিউগলও বাজলো সংবর্ধনায়
গান পাওয়ার আমন্ত্রণ জানাতেই বলেছিলেন, কোনো টাকা-পয়সা নেবেন না। বিশ্বকাপে সেরা সাফল্য নিয়ে ফেরা দলের সন্মানে বিনা পারিশ্রমিকে গান গেয়ে দেবেন।
অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের থিম সং ‘বেশ, বেশ, বেশ, সাবাশ বাংলাদেশ’ এর গায়ক আসিফ এই গানটা গাওয়ার আগে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের আমন্ত্রণ জানালেন মঞ্চে গিয়ে তার সঙ্গে কন্ঠ মেলানোর। তাতে সাড়া দিয়ে মাশরাফি, আফতাব, সাকিব, আশরাফুল ও রাসেলরা ওঠার পর ধরে-বেঁধে ওঠানো হলো অধিনায়ক হাবিবুল বাশারসহ অন্যদেরও। গান ধরতে হলো সবাইকে। কিছুক্ষণের জন্য হলেও ক্রিকেটাররা সবাই গায়ক হয়ে গেলেন। মাইক্রোফোনে অবশ্য আশরাফুল, রাসেল আর আফতাবের কন্ঠই শোনা গেল। ‘সাবাশ বাংলাদেশ’; ‘বিশ্বকাপের স্বপ্ন দেখে’ কিংবা ‘বাংলা মায়ের দামাল ছেলে’-গানের এই একেকটি কথা তাদের গলা থেকে বেরুনোর সময় বোঝার উপায় ছিল না, তাদের কেউই শিল্পী নন।
হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনের মঞ্চে তাদের নাচ আর গানের মধ্যে দিয়েই শনিবার রাতে শেষ হয় বিশ্বকাপ দলকে দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবর্ধনা অনুষ্ঠানের।
সেখান থেকে বেরিয়ে কারো কারো কন্ঠে বিষাদের সুরও বাজলো। এতো বড়ো একটা অনুষ্ঠানে একবারের জন্যও স্মরণ করা হলো না মানজারুল ইসলাম রানাকে। যার মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে ভারতকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন হাবিবুল বাশাররা। রানার জন্য এক মিনিটের নীরবতা তারা তাই আশা করতেই পারেন। অবশ্য এই অনুষ্ঠানে সুখের স্মৃতিচারণায় কোনো ঘাটতিই ছিল না। প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী আইসিসির আমন্ত্রণে বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন। সেখানে ক্রিকেটের অনেক রথী-মহারথীর সঙ্গে দেখা যেমন হয়েছে তার, তেমনি নিয়ে এসেছেন বলার মতো কিছু স্মৃতিও। বিশ্বকাপ দলের সামনে সেই স্মৃতির ভাঁড়ার কিছুটা খুললেন,“ অতিথিদের জন্য একদিন গলফ খেলার আয়োজন করেছিল আইসিসি। তো সেখানে এক ক্যাডি (গলফের বলবয়) আমাকে বললেন, ‘আপনাদের আশরাফুল একদিন বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন হবে। আপনারা ওর যত্ন নেবেন।’ আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।”
বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে স্যার গ্যারি সোবার্স এবং স্যার ক্লাইভ লয়েডের উচ্ছ্বসিত প্রশংসারও কিছুটা তুলে ধরেছেন ক্রীড়া উপদেষ্টা। সঙ্গে একটা সাবধানতার বাণীও,“স্যার গ্যারি সোবার্স আমাকে বলেছেন,‘আপনাদের দলের বেশিরভাগই তরুণ। ওদের পা যেন মাটিতেই থাকে’।” অধিনায়ক হাবিবুল বাশারের কথায় অবশ্য বারবার জাতিকে এমন আনন্দে ভাসানোর উপলক্ষ তৈরির প্রত্যয়ই ব্যক্ত হয়েছে। সেই সঙ্গে কথা রাখতে পারার পরম স্বস্তিও,“মনে পড়ছে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এই হোটেলেই আমাদের একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। তখন সুপার এইটে যাওয়ার কথা বলে গিয়েছিলাম। আমরা সেই কথা রেখে ফিরতে পেরেছি।”
সুপার এইটে যেতে পারলে বাড়তি ৩০ হাজার ইউএস ডলার বোনাস ঘোষণা করেছিল বিশ্বকাপে জাতীয় দলের স্পনসর ইস্পাহানী চা। ওই অর্থের চেক এদিন তুলে দেওয়া হয়, অধিনায়কের হাতে। বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয় একটি করে স্মারক। অনুষ্ঠানের এক ফাঁকে প্রজেক্টরে দেখানো হচ্ছিল বিশ্বকাপে বাংলাদেশ দলের স্মরনীয় মুহুর্তগুলো। সেখানেই দেখা গেল এক মহিলার মুখে বাংলাদেশের পতাকা এঁকে দিচ্ছেন কেউ। ওই ভদ্রমহিলার পরিচয়ও পাওয়া গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর কাছ থেকে। ক্রীড়া উপদেষ্টা সেটাই জানাচ্ছিলেন,“ যে মহিলার গালে পতাকা আঁকা হচ্ছিল, ব্রিটিশ হাইকমিশনার জানালেন, উনি তার ভাইয়ের স্ত্রী। তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন বাংলাদেশ দলকে সমর্থন জানাতে।” সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের কাছে তাদের ক্রিকেট দল নিয়ে আবেগটা এমনই মাত্রা পায় সবসময়।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের কাছে তাদের একটা রোগ সারাইয়ের দাবিও করলেন কেউ কেউ। তাদেরই অগ্রে ‘পপসম্রাট’ আযম খান, “ বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভালো করছে। তবে আমার মনে হয় একটু ধারাবাহিকতা থাকা উচিত।” বলার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝেও হাসির রোল উঠলো। অধারাবাহিকতার রোগটা সারানোর জন্য তারাই যে সবচেয়ে বেশি উদগ্রীব হয়ে আছেন। ধারাবাহিক হতে পারলে যে সদ্যসমাপ্ত বিশ্বকাপটা আরো বেশি বর্ণিল হয়ে উঠত তাদের আলোয়।
কথা ছিল সংবর্ধনা অনুষ্ঠানটায় কোচ ডেভ হোয়াটমোরকেও বিদায় জানানো হবে। তো ‘বিদায়’ শব্দটা কেউ উচ্চারণ না করলেও তিনি করলেন,“ আমি আর এক মাস এই দলটার সঙ্গে আছি। ওদের সঙ্গে দারুণ সময় কেটেছে আমার। মাঝে মাঝে ওদের ওপর রাগও করেছি। অবশ্য সেটা খুব বেশি স্থায়ী হয়নি কখনোই। আমি আর ফিরবো না। তবে আমি বাংলাদেশকে ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও র্যাঙ্কিংয়ের ওপরের দিকেই দেখতে চাই।” আনন্দ আর বিষাদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে তাই বিদায়ের বিউগলও বাজলো।
