২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের আগে ইনজুরিতে রাহুল দ্রাবিড়

বাংলাদেশ সফরে রওনা হওয়ার ঠিক দুদিন আগে ইনজুরিতে পড়েছেন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। শনিবার অনুশীলনে ব্যাটিংয়ের সময় নাকে আঘাত পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কলকাতার ইডেন গার্ডেনে বাঁহাতি পেসার রুদ্র প্রতাপ সিংয়ের শর্ট বল তার হেলমেটের গ্রিলের ওপরের ফাঁক দিয়ে নাকে আঘাত হানে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তিনি। প্রায় পাঁচ মিনিট মাটিতে শুয়ে থাকা দ্রাবিড়কে ঘিরে ছিলেন ভারতীয় দলের ফিজিও জন গ্লস্টার ও তার সতীর্থরা। এ সময় নাক দিয়ে রক্তও ঝরছিল দ্রাবিড়ের। প্রচন্ড ব্যথা তো ছিলই। ড্রেসিং রুমে দু জনের ঘাড়ে ভর দিয়ে যখন ফিরছিলেন তখন তার জামায় ছিল রক্তের দাগ। এক জন নাক --- কান --- গলা (ইএনটি) বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়, এক্স --- রেও করানো হয় সঙ্গে সঙ্গে। সেই রিপোর্টেই দেখা গেছে নাকের হাড়ে কোন চিড় ধরেনি ভারত অধিনায়কের, মাথায়ও কোন ইনজুরি হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন ইনজুরিটা তেমন গুরুতর কিছু নয়। ওই মুখপাত্র দ্রাবিড়ের ইনজুরি সম্পর্কে বলেছেন,“তার (দ্রাবিড়ের) অবস্থা দেখে মনে হচ্ছে এটা ‘নাকের যন্ত্রণা’। বল তার হেলমেটের গ্রিলের ওপর দিয়ে নাকে আঘাত হেনেছে। ওই জায়গাটা কাটেনি, তবে একটু থেতলে গেছে। এটা গুরুতর কিছু নয়।” আর বোর্ডের প্রশাসনিক ম্যানেজার সুরেন্দ্র ভাবে বলেছেন,“এক্স --- রেতে থেতলে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। ৪৮ ঘন্টার মধ্যেই তাকে ফিরে পাওয়ার আশা করছি আমরা। পুরো ব্যাপারটা জন গ্লস্টারের পরামর্শ অনুযায়ী অনুসরণ করা হবে।” যদিও দ্রাবিড়কে নিয়ে কোন ঝুঁকিতে না গিয়ে এর পর কলকাতার উডল্যান্ডস হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আগামী ২৪ ঘন্টা পুরো বিশ্রাম নিতে বলা হয়েছে তাকে।

বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতীয় দলের অনুশীলন ক্যাম্পের শেষদিন রোববার। সোমবার সকালে তারা কলকাতা থেকে ঢাকায় পৌছাবে। ১০ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা এখনো সহ --- অধিনায়কের নাম ঘোষণা করেননি।