দ্রাবিড়কে আগ্রাসী হওয়ার পরামর্শ বয়কটের
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সাফল্যের কথা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে ভারতের ক্রিকেট ইতিহাসে। সে তুলনায় রাহুল দ্রাবিড় কতটুকুই বা সফল!
এবারের বিশ্বকাপে তো তারা প্রথম রাউন্ডের বাধাই পেরোতে পারেনি। তবে তাই বলে দ্রাবিড়কে বাতিলের খাতায় ফেলে দিতে রাজি নন জিওফ বয়কট। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বিশ্বাস দ্রাবিড়ের পক্ষেও এক জন সফল অধিনায়ক হওয়া সম্ভব। তবে সেজন্য তাকে আরো বেশি আগ্রাসী ও ইতিবাচক মানসিকতার অধিকারী হতে হবে। শনিবার মুম্বাইয়ের ‘ডিএনএ’ নামে একটি দৈনিকে লেখা কলামে সে কথাই জানিয়েছেন বয়কট।
প্রায় ছয় বছর ভারতের অধিনায়ক ছিলেন ‘প্রিন্স অফ কলকাতা’ সৌরভ। এ সময়টায় ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে ভারত, ২০০২এ কলম্বোতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়নও তারাই। দীর্ঘ দিন পর পাকিস্তান সফরে গিয়ে সৌরভের অধিনায়কত্বেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল ভারত। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উত্তরণও ভারতীয় ক্রিকেটের এক অনন্য অর্জন। টেস্টেও অধিনায়ক হিসাবে সৌরভের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ২০০১-এ ‘অজেয়’ অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ভারত হারিয়েছিল তার নেতৃত্বেই। সৌরভের অধিনায়কত্বে রেকর্ড ২১টি টেস্ট জিতেছে ভারত। অবশ্য সৌরভ ছাড়াও জন রাইটের কোচিংও বড় ভূমিকা রেখেছে তাদের সাফল্যে। এত সব সাফল্যের ভীড়ে দ্রাবিড়ের অর্জন তো প্রায় কিছুই নয়। বিশ্বকাপে ব্যর্থতার জন্য তার অধিনায়কত্ব কেড়ে নেয়ার দাবিও উঠেছে জোরেশোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য সেই দাবিতে কান না দিয়ে আগামী তিনটা সিরিজের জন্য দলের নেতৃত্বে রেখেছে তাকেই।
এমন অস্বস্তিকর মুহূর্তে বয়কটের পরামর্শ উজ্জীবিত করে তুলতে পারে ভারত অধিনায়ককে। সৌরভ-রাইট প্রসঙ্গ টেনে এনে ইংল্যান্ডের সাবেক ওপেনারের মন্তব্য, “রাহুল দ্রাবিড় এক জন দুর্দান্ত ব্যাটসম্যান। মানুষ হিসাবেও সে খুব ভাল। কেউই তাকে অপছন্দ করে না। তবে এখন তার উঠে দাঁড়িয়ে সব ধরনের দায়িত্ব গ্রহণ করা দরকার। সে জন্মগতভাবে নেতা নয়। তবে একটি দলের সাফল্যের জন্য এক জন শক্তিশালী মানসিকতার অধিনায়ক প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের শ্রেষ্ঠ সময় এসেছে এক জন শক্তিশালী অধিনায়ক (সৌরভ) গাঙ্গুলীর মাধ্যমে। আর তাদের সাফল্যের পেছনে ছিল জন রাইট নামের এক জন দারুণ মানুষ। তারা সব সময় একে অন্যের প্রশংসা করতো।”
অথচ জন রাইটের উত্তরসূরী গ্রেগ চ্যাপেলের অধীনে সেই দলই ব্যর্থতার পুরনো বৃত্তে ফিরে গেছে। তবে সেজন্য চ্যাপেলকে দোষ দিতে রাজি নন বয়কট, “এক জন কোচ অনুপ্রেরণা দিয়ে, কোন ক্রিকেটারের ব্যাটিং বা বোলিং পরিশীলিত করে এবং সাংগঠনিকভাবে সাহায্য করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়কেরই সব দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিৎ।”
অন্য কোন কোচকে দায়িত্ব দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও বিশ্বাস করেন না বয়কট, “একটা ভাল দল গড়ার জন্য অন্য এক জন কোচ খুঁজে নেয়াটা কোন মহৌষধ হতে পারে না। আমি তো মনে করি না ভারত কিংবা বিদেশ থেকে আসা কোচ বড় কোন পার্থক্য গড়ে দিতে পারে। আমার মতে কোচের ভূমিকাকে বড় করেই দেখা হচ্ছে ইদানিং। ভারত তো গ্রেগ চ্যাপেলের মতো এক জন ভাল কোচ পেয়েছিল। তার সঙ্গে অধিনায়ক হিসাবে ছিল দ্রাবিড়ের মতো এক জন ভাল মানুষ। কিন্তু তাদেরকে নিয়ে ভারত জ্বলে উঠতে পারেনি।”
