উলমারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
প্রায় দেড় মাস ধরে তিনি শুয়েছিলেন কিংস্টনের এক মর্গে, হিমঘরের অন্ধকারে।
সেখান থেকে মুক্তি পেয়ে কেপটাউনে বব উলমারের মৃতদেহ পৌঁছেছে বৃহস্পতিবার। তার পর দিন অর্থাৎ শুক্রবার বিশ্ববরেণ্য এই ক্রিকেট কোচের দেহ ছাই হয়ে গেল। পারিবারিক উদ্যোগে, প্রায় নিভৃতে সম্পন্ন হল তার অন্ত্যেষ্টিক্রিয়া। কবর না দিয়ে মৃতদেহ পোড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে উলমারের পরিবার।
গত ১৮ মার্চ পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর দিন কিংস্টনের পেগাসাস হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় উলমারের। তার হত্যাকান্ডের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি জ্যামাইকান পুলিশ। তদন্তের স্বার্থে এত দিন মর্গেই ছিল তার দেহ। তবে তাতেও উলমার হত্যা রহস্যের কোন কূলকিনারা হয়নি।
কেপটাউনের অদূরে পাইনল্যান্ডস নামে একটি জায়গায় উলমার পরিবারের বসবাস। ঐ পাইনল্যান্ডসেই শেষ হয়ে গেল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কোচের নশ্বর দেহ। ‘ডোভস’ নামের একটি অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী সংগঠনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে পুরো অনুষ্ঠান। ঐ সংগঠনের প্রতিনিধি ডিওন বেনাডি জানিয়েছেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উলমারের ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন শুধু।
