ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন বুকানন
ক্রিকেট বিশ্বের যে কোনো কোচের কাছে ভারতের কোচের পদটা কতটা লোভনীয়, বাংলাদেশের বিদায়ী কোচ ডেভ হোয়াটমোরের আগ্রহ থেকে সেটা অনুমান করে নেওয়া যায় সেটা।
আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাওয়ার আগেই ভারতের কোচ হওয়ার আগ্রহের কথা প্রকাশ্যে জানান দিয়ে বিতর্কেরই জন্ম দিয়েছিলেন শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান। কিন্তু আরেক অস্ট্রেলিয়ান জন বুকানন অবলীলায় ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব!
বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ান দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি, তারপর ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া দেননি। কারণ? এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় জড়াতে চাইছেন না, তার বদলে বরং খুঁজছেন এমন একটা চাকরি যেখানে অনেকটা ‘গুরু’র ভূমিকা পালন করা যাবে।
“ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমি আসলে চাইছি নতুনদের গড়ে তোলার কাজ, যেখানে নতুন চ্যালেঞ্জ থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছি আমি, পাশাপাশি কর্পোরেট কোচিংয়ের জগতে ফেরার উদ্যোগ নিয়েছি”-সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে বলেছেন তিনি।
আট বছর ধরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত ছিলেন, তার কোচিংয়েই অজেয় দলে পরিণত হয়েছে অস্ট্রেলিয়ানরা। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা ভালোই জানা আছে বুকাননের। এই ব্যস্ততা থেকে মুক্তি নিয়ে পরিবারকে সময় দেওয়ার ভাবনা থেকেই চাকরিটা ছেড়েছেন তিনি। তার মানে অবশ্য এই নয় যে আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না ‘অজেয় অস্ট্রেলিয়া’র এই নেপথ্য নায়ককে। “আমি আসলে চাই আমার সন্তানদের স্কুলের সময়টা অন্তত তাদের কাছাকাছি থাকতে। কিন্তু ততদিনে আমার বয়স হবে ষাটের কাছাকাছি, তখন যদি আমি এই খেলার সঙ্গে জড়িয়ে থাকতে চাইও, ততদিনে হয়তো আমি বুড়িয়ে যাবো। কিন্তু দেখা যাক কি হয়”-বলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার কোচের চাকরিটা ছাড়া নিয়েও কোনো দুঃখ নেই তার, বরং এক রকম তৃপ্তি নিয়েই বিদায় জানাচ্ছেন রিকি পন্টিংয়ের বিশ্বজয়ী দলটিকে, “২০০৫ সালের অ্যাশেজ সিরিজ হারার পরই আমি ভেবেছিলাম অবসরের কথা। তখন মনে হয়েছিল এই দলে আমার আসলেই কোনো প্রয়োজন আছে কি না ভেবে দেখা দরকার। তবে তারপরের তিনটি সিরিজ-মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যাশেজ আর বিশ্বকাপ তিনটিই জিতে বিদায় নিতে পারছি এটা অবিশ্বাস্য।”
অবিশ্বাস্য তো মনে হবেই! অ্যাশেজ হারের পর সবাই যখন ভাবছিল অস্ট্রেলিয়ার দিন শেষ হয়ে এলো কি না, সেই রকম অবস্থাতেই প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দিয়ে শুরু। তারপর নিজেদের মাঠে ইংল্যান্ডকে ৫-০ হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে অ্যাশেজ হারের প্রতিশোধ নেওয়া এবং সবশেষে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার অপরাজিত থাকার রেকর্ডসহ হ্যাটট্রিক শিরোপা জয়, এমন সাফল্য যার গলায় তাকে ক্রিকেট ইতিহাসের সফলতম কোচ হিসেবেই মানতে হয়।
ক্রিকিনফো-এর সহায়তায়
