২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের প্রতিটি মিনিট উপভোগ করেছি : গ্লেন ম্যাকগ্রা

সব ভালো, যার শেষ ভালো। সেই শেষটা এরচেয়ে ভালো আর কী হতে পারতো গ্লেন ম্যাকগ্রার জন্য?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে ১৩ দশমিক ৭৩ গড়ে ২২ উইকেট, বিশ্বকাপ শিরোপার সঙ্গে বোনাস হিসেবে নিজের জন্য জেতা টুর্নামেন্ট সেরার পুরস্কার। এমনই দুর্দান্ত ফর্মে থেকে ক্যারিয়ার শেষ করলেন এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যে এখন অনেকেরই মনে আফসোস, “ইস! কেন যে তিনি চলে যাচ্ছেন!” কিন্তু যাকে নিয়ে এই আফসোস, সেই ম্যাকগ্রা বলছেন, তার কোনো আফসোস নেই।

“সিদ্ধান্তটা নেওয়ার পর আর দ্বিতীয় কোনো চিন্তাই আসেনি আমার মনে। ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি, এখন সময় এসেছে সরে গিয়ে নতুনদের সুযোগ দেওয়ার”-বিশ্বকাপ জিতে ফেরার পর সিডনিতে অস্ট্রেলিয়ান দলকে দেওয়া গণসংবর্ধনার জবাবে বলেছেন ম্যাকগ্রা।

১৪ বছরের ক্যারিয়ারে ইনজুরির সঙ্গে লড়াই ছিল, শেষ দিকে এসে আরেকটা লড়াইয়েও জড়িয়ে পড়েছিলেন তিনি- স্ত্রী জেনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই। এসব কারণে বিশ্রামে থাকতে হয়েছে অনেকটা সময়। তারপরও টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৩ উইকেটের মালিক তিনি, ওয়ানডেতেও পেয়েছেন আরো ৩৮১ উইকেট। চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে ৫-০ তোহোয়াইট ওয়াশ করার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, ওয়ানডে বিদায় জানালেন আরো বর্ণীলভাবে। এই বিশ্বকাপেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি, টানা তিন বিশ্বকাপ জিতে হয়েছেন এমন এক রেকর্ডের অংশীদার যেখানে তার সঙ্গী কেবল সতীর্থ রিকি পন্টিং আর অ্যাডাম গিলক্রিস্ট। অপ্রাপ্তির হতাশা তাকে ছোঁওয়ার কথাও নয়।

তবু পিছন ফিরে তাকালে একটু কি খারাপ লাগবে না? ‘দ্য পিজিয়ন’-এর যুক্তি, “১৪ বছরের মতো সময় কাটানোর পর পিছন ফিরে তাকানোর সময়ই পাইনি আসলে। তবে আমি খুবই ভাগ্যবান যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের এমন একটা যুগের সঙ্গে জড়িয়ে ছিলাম যখন এই দলটা এতো শক্তিশালী! সতীর্থদের দিকে তাকালেই মনে হয়, এরা সবাই বড় ম্যাচের পারফর্মার। এমন একটা দলের সঙ্গে জড়িয়ে থাকাটাও আবেগে ভেসে যাওয়ার মতো ব্যাপার। বিশ্বকাপটাও সব সময়ই বিশেষ কিছু। কিন্তু এবার আমি আগে থেকেই জানতাম এটাই আমার শেষ টুর্নামেন্ট। আমি এর প্রতিটি মিনিট উপভোগ করতে চেয়েছিলাম, করেছিও।”