২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনাকে ভুলে থাকতে চান হাবিবুল

শিগগির ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছেন তিনি। তবে সেটা দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেই, নাকি আরো কিছুদিন পর-এই প্রশ্নের উত্তরে আপাতত রহস্যটা জিইয়েই রাখছেন হাবিবুল বাশার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ভারত সিরিজকে সামনে রেখে প্রস্তুতির দ্বিতীয় পর্বের প্রথম দিন কেটেছে বৃহষ্পতিবার। সারাদিনের ব্যস্ত অনুশীলন-সূচির ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন শুধু এটুকুই,“ দেশের মাটিতে এটাই আমার শেষ ওয়ানডে সিরিজ। ওয়ানডেটা ঠিক কবে ছাড়বো, সেই সিদ্ধান্তটা এখনো নেয়া হয়নি। এ বছর যেহেতু দেশের মাঠে আর কোনো খেলা নেই, তাই ধরে নেয়া যায় নিজেদের মাটিতে এটাই আমার শেষ ওয়ানডে সিরিজ।”

বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে থাকতেই শুনতে পাচ্ছিলেন, দেশে তাকে নিয়ে সমালোচনার প্রবল স্রোত বয়ে যাচ্ছে। ওয়ানডেকে বিদায় জানানোর সিদ্ধান্তে সেটাও প্রভাবক ছিল কিনা, এমন প্রশ্নও উঠলো। ম্লান হেসে বাংলাদেশ অধিনায়ক যা বললেন, তাতে বোঝা গেল সমালোচনা তাকে যথেষ্টই আহত করেছে, “সত্যি বলতে কী, সমালোচনায় আমি কষ্ট পেয়েছি। যদিও ওয়ানডে ছেড়ে দেওয়ার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম। তবে সমালোচনা সেই সিদ্ধান্ত নেওয়াকে তরান্বিত করেছে। আমার তো একটাই সিরিজ খারাপ গেছে। তাই বলে এমন সমালোচনা হবে, এটা আমি আশা করিনি।”

দেশের মাটিতে হাবিবুলের শেষ ওয়ানডে সিরিজে দেশবাসীর আশার সলতেটা কিন্তু জ্বলে আছে ভালোমতোই। সেটা তারও ভালোই জানা আছে,“আমরা প্রথম যখন ভারতকে হারিয়েছিলাম, তখনকার আর এখনকার পরিস্থিতি কিন্তু ভিন্ন। তখন ভারতকে হারানোর বিষয়টা কেউ আশা করতো না, কিন্তু এখন করে।” এই সময় তাই ওয়ানডে সিরিজ জেতার আশা না করার কোনো কারণ নেই। তবু হাবিবুল এখনই সিরিজ জয়ের ভাবনায় সতীর্থদের ডুবিয়ে দিতে চান না। কারণ,“ খেলা যেহেতু দেশের মাটিতে, তাই আমাদের ওপরও চাপ থাকবে। আমি চাই না সিরিজ জয় নিয়ে ভেবে ছেলেরা নিজেদের ওপর চাপ নিয়ে ফেলুক। আমার অভিজ্ঞতা বলে, নির্দিষ্ট কোনো টার্গেট নিয়ে খেলতে নামলেই আমরা খারাপ করি। এই মুহুর্তে আমার একটাই চাওয়া-ছেলেরা খেলাটা উপভোগ করুক।”