সেই অশোকা ডি সিলভা আবার!
আন্তর্জাতিক ক্রিকেটে তার বহু বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছেন ব্যাটসম্যানরা।
যে কারণে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকেও কাটা পড়েছিলেন অশোকা ডি সিলভা। অথচ আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ম্যাচ পরিচালনায় থাকছেন শ্রীলঙ্কার এই আম্পায়ার!
তার বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও। ২০০৩ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তখনকার বাংলাদেশ অধিনায়ক তার রিপোর্টে অশোকার ব্যাপারে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন পরিস্কার ভাষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও তার বিরুদ্ধে অভিযোগ থাকায় দীর্ঘদিন বাংলাদেশের কোনো সিরিজে দেখা যায়নি তাকে। তবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই তিনি আবার ফিরছেন বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটিতেই তিনি থাকছেন ফিল্ড আম্পায়ার হিসেবে। প্রথম ম্যাচে স্বাগতিক আম্পায়ার হিসেবে তার সঙ্গে দাঁড়াবেন নাদির শাহ। পরের দুটো ম্যাচে অশোকা ডি সিলভার সঙ্গী এনামুল হক মনি।
দুই টেস্টের সিরিজে ফিল্ড আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার ড্যারেল হার্পার এবং ওয়েস্ট ইন্ডিজের বিলি ডকট্রোভ। আর ভারত-বাংলাদেশ পুরো সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রোশন মহানামা।
