২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুব তাড়াতাড়ি ফিরছেন না শোয়েব আখতার

ইনজুরির জন্য বিশ্বকাপ খেলেননি, আসন্ন পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজেও সুযোগ দেওয়া হয়নি তাকে। প্রশ্ন জাগা স্বাভাবিক-কবে মাঠে ফিরছেন শোয়েব আখতার? আদৌ ফিরবেন তো?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এসব প্রশ্নের উত্তর শোয়েব নিজেই দিয়েছেন বুধবার। পাকিস্তানের দ্য নিউজকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, সেপ্টেম্বর নাগাদ পুরোদমে ক্রিকেটে ফেরার ইচ্ছে আছে তার,“আমি সেপ্টেম্বরের মধ্যে মাঠে ফিরবো। ইদানীং বোলিং করতে শুরু করেছি, অ্যাকাডেমিতে গিয়ে অনুশীলনও করছি। স্বাভাবিক অবস্থায় যেমনটি হয়ে থাকে, সেভাবে সবকিছুই করছি আমি। আসলে তো আমি আনফিট নই, তবে ফিটনেস একেবারে ঠিক করে মাঠে ফিরতে আরেকটু সময় লাগবে এই আর কি...!”

এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইতে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে শোয়েবকে সুযোগ দেয়া হয়নি মূলত ইনজুরির কথা ভেবেই। একশ মাইল পেরোনো প্রথম ফাস্টবোলার অবশ্য মনে করেন আপাতত দলের বাইরে থাকলেও ইনজুরির জন্য তার দীর্ঘদিন খেলা হবে না এমনটি মনে করার কোনো কারণ নেই,“কখনোই বলিনি যে আমি আনফিট। বিশ্বকাপের আগে আমার হাঁটুতে ইনজুরি ছিল। সেটা থেকে পুরোপুরি মুক্তি পেতে আরেকটু সময় লাগবে।”

এ মুহুর্তে তার মতো বোলারকে পাকিস্তান মিস করছে-এ কথা যারা ভাবছেন তাদের সঙ্গে পুরোপুরি একমত নন শোয়েব আখতার। তার মতে, এতে লাভও হবে শোয়েব মালিকের দলের, “তরুণদের সামর্থ প্রমাণের এটাই উপযুক্ত সময়। এ সুযোগে কিছু তরুণ যদি উঠে আসে, দেশের জন্য ভালো করতে শুরু করে সেটা হবে দারুণ ব্যাপার।”

বিশ্বকাপের পর পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে শোয়েব মালিককে। নির্বাচন চূড়ান্ত হওয়ার আগে দু’একবার সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোয়েব আখতারের নামও আলোচনায় এসেছিল। সেটা যে হয়নি তাতে আফসোস নেই বিতর্কিত ঘটনার জন্য বেশি আলোচিত এই বোলারের,“অধিনায়কত্ব বা এই জাতীয় কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অধিনায়ক হতে অনেকেই আগ্রহী, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। কিন্তু আমি কখনো (অধিনায়ক) হতে চাইনি, কারণ, আমার লক্ষ্য শুধু দল এবং দেশের সেবা করা।”

একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলতে তার কোনো আপত্তি নেই, বরং শোয়েব নতুন অধিনায়ক শোয়েব মালিককে সব রকমের সহযোগীতা দিতেও প্রস্তুত, “ ও (শোয়েব মালিক) তো আমার ছোট ভাইয়ের মতো। সম্প্রতি আমি ওর সঙ্গে দেখা করেছি। সুন্দর আলোচনা হয়েছে আমাদের। কিছু উপদেশও দিয়েছি ওকে। মাঠে যদি ওর কোনো উপদেশ বা অন্য কোনো সহায়তা দরকার হয়, তাহলে দলের একজন সিনিয়র খেলোয়ার হিসেবে অবশ্যই তা দেবো আমি।”