এখনো দেশে ফিরতে পারেনি শ্রীলঙ্কা দল
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা।
তাই মাহেলা জয়াবর্ধনের দলকে সংবর্ধনা দিতে প্রস্তুত হয়ে আছে শ্রীলঙ্কার ক্রীড়ামোদী জনগন। সংবর্ধনার রাষ্ট্রীয় আয়োজনের প্রস্তুতিও শেষ। কিন্তু দেশে ফিরতে পারছে না শ্রীলঙ্কা দল। লন্ডনে পৌাঁছানোর পর এমিরেটস তাদের শ্রীলঙ্কামুখী সকল ফ্লাইট বাতিল ঘোষণা করায় সেখানেই আটকা পড়ে গেছে ১৫ সদস্যের দলটি।
শ্রীলঙ্কা এ মুহুর্তে আবার আতঙ্কের দেশ। তামিল টাইগারদের বিমান হামলার কারণে জনজীবন স্থবির। এ অবস্থার প্রভাব পড়ছে দেশের বাইরেও। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা ক্যাথে প্যাসিফিক আর এমিরেটস তাদের কলম্বো থেকে এবং কলম্বো অভিমুখী সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাতের ফ্লাইটগুলো ছাড়ছে মধ্যরাতে। এ অবস্থায় এমিরেটসে চড়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে লন্ডনে পৌঁছেই বিপদে পড়ে গেছে শ্রীলঙ্কা দল। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া মুখপাত্র সামান্থা আলগামা মনে করেন এ বিপদ কেটে যাবে, শিগগিরই দেশে ফিরতে পারবে মাহেলা জয়াবর্ধনের দল,“ এ মুহুর্তে আমাদের দলটি লন্ডনে অবস্থান করছে। তবে আমরা বিকল্প কোনো এয়ারলাইন্সের টিকেট যোগাড় করার চেষ্টা করছি। ” টিকেট যোগাড় হলে বৃহস্পতিবারের মধ্যেই ক্রিকেটাররা কলম্বো পৌঁছে যাবেন বলে আশা করছেন সামান্থা।
