২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“তাদেরকে বলে দিতেন, সুমন নিজে থেকেই সরে যাবে”

এমনিতেই তার মানসিক অবস্থা ভালো নয় বলেই জানা গেছে হাবিবুল বাশারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে। তাতে বোধহয় আরেক দফা চোটই লাগালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার বিকেলে হোটেল শেরাটনে ভারত সিরিজের ওয়ানডে দল ঘোষণার পর বাংলাদেশ অধিনায়ককে এই বলে ‘ভালো মানুষ’ সাজার চেষ্টাই হয়তো করলেন তিনি, “আমি ন্যাম আবাসিক এলাকায় থাকি। সেখানে সন্ধ্যার পর আমরা পাঁচ/সাতজন এমপি (এখন সবাই সাবেক সাংসদ) একসঙ্গে হাটতে বেরোই। তো অন্যরা বিশ্বকাপের সময় আমাকে প্রায়ই বলতেন,‘সুমনকে দল থেকে আউট করে দেন।’ আমি তাদের পাল্টা বলতাম,‘সুমনকে না হয় আউট করে দিলাম। কিন্তু ওর বিকল্প আমাকে দেখান না।’ তারা কোনো জবাব দিতে পারতেন না।” টানা কথাগুলো শুনে হাবিবুল বিষন্ন হাসি হেসে শুধু এটুকুই বললেন,“তাদেরকে বলে দিতেন, সুমনকে আউট করতে হবে না। সুমন নিজে থেকেই সরে যাবে।”

দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি সচরাচর আসেন না। তবে এদিন এলেন। অনেকেরই তাই মনে হল, ভারতের বিপক্ষে সিরিজ শেষেই ওয়ানডেকে বিদায় জানানোর ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দিতেই হয়তো এসেছেন। কিন্তু ঘোষণাটা দিলেন না। পাশে বসা শাহীন বোঝাতে চাইলেন হাবিবুল চাইলে তাকে আরো অনেকদিন অধিনায়ক পদে রাখার প্রস্তুতিও তাদের আছে,“অধিনায়ক আমাদের যতোদিন সার্ভিস দিতে চাইবে, আমরা ততোদিনই তাকে রাখবো।” সংবাদ মাধ্যমের সামনে মুখে এরকম বললেও ভেতরের খবর মোটেও সেরকম নয়। বোর্ডের ভেতর থেকেই তাকে ওয়ানডে থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়ার খবরটাও এখন আর অজানা নয়। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে থাকতেই ঘোষণাটা দিয়ে ফেলার দাবিও ছিল। শেষপর্যন্ত পরিস্থিতি ততোটা কঠিন আর থাকেনি। অনেকটাই নমনীয় হয়ে আসায় মাঠ থেকেই ওয়ানডে ক্রিকেটকে ‘গুডবাই’ বলার সুযোগটা তিনি পাচ্ছেন। যা বাংলাদেশের আর কোনো অধিনায়কই পাননি। এটাকে তাই হাবিবুলের সৌভাগ্যই বলতে হয়।

সবকিছু ঠিক থাকলে ১৫ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটা খেলতে নামবেন হাবিবুল। যদিও ঘোষণাটা এখনই না দিয়ে বলছেন,“সত্যি কথা বলতে কী, আমি ওয়ানডে ছেড়ে দেব কিনা, তা নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগে থেকেই চিন্তা করছিলাম। ছেলেদের সঙ্গে আলোচনাও করেছি। যদিও বিশ্বকাপটা বাদ দিলে গত একবছরে ওয়ানডেতেও আমি ভালোই করেছিলাম। অবশ্য আমার গোটা ক্যারিয়ারেই ওয়ানডেটা খুব একটা ভালো খেলতে পারিনি। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি দলের ছেলেদের সেটা জানাতে চাই। ভারত সিরিজের আগে আপনারাও তা জানবেন।” দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ৭ মে বাংলাদেশে আসছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ১০ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। যতোদূর জানা গেছে, তার বোর্ডের অনুমতি সাপেক্ষে আলাদা সংবাদ সম্মেলন করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হাবিবুল। ৩ মে ভারত সিরিজের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সতীর্থদেরও তখনই নিজের সিদ্ধান্তের কথাটা জানিয়ে দেবেন তিনি।

পুরো ক্যারিয়ারে ওয়ানডেটা খুব ভালো খেলতে না পারার বিষয়টা তো রাখছেনই। পাশাপাশি বিদায়ের কারণ হিসেবে আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন তিনি। যেটা বিদায় বেলায় সব সিনিয়র ক্রিকেটারই দিয়ে থাকেন,“নতুন ক্রিকেটাররা আসছে। তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তাই...। আমি আসলে পুরো মনোযোগটা টেস্ট ক্রিকেটেই দিতে চাই।” তার নেতৃত্বেই ওয়ানডেতে একটা দল হিসেবে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। তিনি চলে যাওয়ার পরে সেই দলটাকেই ধরে রাখার আবেদনও করেছেন সংবাদ সম্মেলনে পাশে বসা প্রধান নির্বাচকের কাছে,“আমার নেতৃত্বের অভিজ্ঞতায় বুঝেছি, দল শুধু মাঠেই তৈরি হয় না। মাঠের বাইরেও তৈরি হয়। নির্বাচকদের অনুরোধ করবো, তারা খুব বেশি পরিবর্তন না করে এই দলটাকেই যেন ধরে রাখেন। তাহলে বাংলাদেশ আরো ভালো করবে।”