২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“টেন্ডুলকার আর সৌরভকে বিশ্রাম নয়, বাদ দেয়া হয়েছে”

বাংলাদেশের বিপক্ষে সিরিজের ওয়ানডে দলে নেই শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। খবরটা পুরোনো, তবু এ নিয়ে কথা থামছেনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিশেষ করে টেন্ডুলকারকে বাদ দেয়া ঠিক হয়েছে কি হয়নি, এ নিয়ে কথা বলে যাচ্ছেন ভিভিয়ান রিচার্ডস, ইমরান খানসহ সাবেক গ্রেটদের অনেকেই। তারা অবশ্য মাস্টারব্লাস্টারকে ওয়ানডে দলে না রাখার সমালোচনাই করেছেন কঠোর ভাষায়। সমালোচনার কোনো জবাব না দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে বলতে পারতো,“টেন্ডুলকার, সৌরভকে তো বাদ দেয়া হয়নি; বিশ্রাম দেয়া হয়েছে।” ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, টেন্ডুলকারদের বিশ্রাম দেয়া হয়েছে-এমন ধারনা হাস্যকর, “আমি অর্ধসত্য বলে কিছু আছে বলে মনে করি না। ওদের রাখা হবে, না হয় বাদ দেয়া হবে-এই তো কথা! সুতরাং আমার কাছে সত্যিটা হলো, ওদের বাদ দেয়া হয়েছে।”

ইমরান খ্না টেন্ডুলকারকে ওয়ানডে দলে না রাখায় ক’দিন আগে ভারতীয় নির্বাচকদের সমালোচনা করে বলেছেন ,“ ওর মানের একটা খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট থেকে বের করে আনার পর এমনটি করা হলে তাকে সমর্থন করা যেতো।কিন্তু বাস্তবতা হচ্ছে, টেন্ডুলকারের এখনো ক্রিকেটকে অনেক দেয়ার আছে এবং ওর মতো কোনো খেলোয়াড় এখনো ভারত খুঁজে পায়নি।”

ভিভিয়ান রিচার্ডস এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয়দের কৃতজ্ঞতাবোধ নিয়েই প্রশ্ন তুলেছেন,“ ক্রিকেটারদের সময় ভালো যায়, খারাপও যায়। কিন্তু ভারতীয়রা বোধহয় সে কথাটা জানে না। তাই টেন্ডুলকারের সুসময়ে দেখেছি ওকে মাথায় তুলে নাচতে, আবার খারাপ সময়ে শুনছি, ‘ ওকে হঠাও, ওকে হঠাও’ চিৎকার। ভারতীয়রা আসলে অকৃতজ্ঞ।”

ইমরান বা রিচার্ডসের কথা বিসিসিআইকে স্পর্শ করার কথা নয়। তারা তো টেন্ডুলকারকে বাদ দেননি, দিয়েছেন বিশ্রাম! কিন্তু ভারতকে ’৮৩-র বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক কপিল দেব স্পষ্ট যুক্তি দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, আসলে বিশ্রামের কথা মুখে বললেও টেন্ডুলকার, সৌরভকে আসলে বাদই দেয়া হয়েছে,“গত ছয় মাসে তো ওরা (টেন্ডুলকার, গাঙ্গুলী) এত বেশি খেলেনি যে এক্ষুণি ওদের বিশ্রাম দিতে হবে। সুতরাং, পরিস্কার বোঝা যাচ্ছে, দুজনকেই বাদ দেয়া হয়েছে।”

ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কপিল দেব নিখাঞ্জের একটাই কথা, “ বিশ্বকাপ ব্যর্থতার কারণে দলটি এখন আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। আবার জ্বলে ওঠার জন্যে ওদের একটা ভালো সিরিজ দরকার।”