২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল স্বীকার করলেন ম্যাচ রেফারি

৩৩ ওভারশেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ২০৬ রান। মাঠে পর্যাপ্ত আলো নেই, ক্রিজে আছেন চামিন্ডা ভাস ও লাসিথ মালিঙ্গা। জয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ৬৩ রান। শুধু কঠিনই নয়, জয় তখন প্রায় অসম্ভব। প্রায়ান্ধকার কেনসিংটন ওভালে জন্ম হলো এক নাটকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ব্যাটসম্যানদের কাছে আম্পায়ার স্টিভ বাকনর ও আলীম দার জানতে চাইলেন, এই পরিস্থিতিতে তারা খেলতে রাজি আছেন কিনা। অন্ধকারে ব্যাট করা ভীষণ কঠিন বলে প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করলেন ভাস ও মালিঙ্গা। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও শুরু করে দিলেন বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের উৎসব। কিন্তু একটু পরে জানা গেল শ্রীলঙ্কাকে শেষ ৩ ওভার খেলতেই হবে। সেটাই নাকি নিয়ম! তবে তারা যে নিয়মের ভুল ব্যাখ্যা দিয়ে শ্রীলঙ্কাকে ঐ ৩ ওভার ব্যাট করতে বাধ্য করেছেন, ম্যাচশেষে তা অকপটে স্বীকার করেছেন ফাইনালের ম্যাচ-রেফারি জেফ ক্রো। একই সঙ্গে জানিয়েছেন, এটা ছিল ‘সম্মিলিত ভুল’!

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মানুযায়ী কোনো কারণে ম্যাচ থেমে গেলে এবং তা শেষ করতে না পারলে দেখা হবে পরে ব্যাট করা দল অন্তত ২০ ওভার খেলেছে কি না। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুসরণ করে এরপর নির্ধারণ করা হবে ম্যাচের ফলাফল। শনিবার শ্রীলঙ্কা ৩৩ ওভার খেলে ফেলায় তাই তখনই অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করায় কোনো সমস্যা ছিল না। কারণ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন প্রতিপক্ষের চেয়ে অনেকখানি এগিয়েছিল রিকি পন্টিংয়ের দল। অথচ আম্পায়াররা জানালেন, বাকি ৩ ওভার খেলতেই হবে। ঐ ৩ ওভার পরের দিন অর্থাৎ রোববার হতে পারে এমন কথাও শোনা যাচ্ছিল! সব মিলিয়ে অদ্ভুত এক অবস্থা!

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন অদ্ভূত পরিস্থিতির জন্ম হওয়ায় অনুতপ্ত জেফ ক্রো জানালেন, “এটা একটা মানবীয় তবে বিশাল ভুল।” পরের দিন অর্থাৎ রোববার ম্যাচ গড়ানোর সম্ভাবনার কথা বলেছিলেন চতুর্থ আম্পায়ার রুডি কোয়ের্টজেন। তবে এ ধরনের ‘হাস্যকর’ ভুলের দায় কোয়ের্টেজেনের একার কাঁধে না চাপিয়ে সবাইকেই এর সঙ্গে জড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রো। সবাই মানে দুই ফিল্ড আম্পায়ার বাকনর ও আলীম দার, দুই চতুর্থ আম্পায়ার কোয়ের্টজেন ও বিলি বাউডেন এবং তিনি নিজে। “আমি মনে করি না এটা রুডির (কোয়ের্টেজেন) ভুল। এটা আসলে সম্মিলিত ভুল। রুডি আগামীকাল (রোববার) ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলছিল। আমরা সবাই সেখানে ছিলাম। স্টিভ বাকনর কথাটা শুনলেন, শুনলেন আলীম দারও”-ভুল সিদ্ধান্তের দিকে যাবার পুরো ঘটনাটা এভাবেই বর্ণনা করেছেন জেফ ক্রো।

ওই পরিস্থিতিতে জয়াবর্ধনে কিন্তু খেলা চালিয়ে যেতে চাননি। ভাস ও মালিঙ্গার সঙ্গে আম্পায়াররা যখন কথা বলেন সেই দৃশ্য দূর থেকে দেখে তিনি ভেবেছিলেন খেলাই শেষ। কিন্তু এরপর আবার মাঠে নামার কথা শুনে অবাক হয়ে যান শ্রীলঙ্কার অধিনায়ক,“আম্পায়াররা বললেন, আমাদের ৩ ওভার খেলতেই হবে। তা শুনে আমরা খুব অবাক হয়েছিলাম। পরে বুঝতে পারলাম যে তারাই ভুল করেছেন। আমাদের যেন আর ব্যাট করতে না হয় সেই চেষ্টাও করেছি মাঠে যাওয়ার আগে। কিন্তু আম্পায়াররা ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমার সতীর্থদের নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইনি বলেই আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেছি।”

আম্পায়ারদের এমন সিদ্ধান্তে পন্টিংও কম বিস্মিত হননি। ভাস ও মালিঙ্গা যখন মাঠ ছাড়ছেন, পন্টিং ও তার সতীর্থরা তখন শিরোপা জয়ের আনন্দে উন্মাতাল। ঠিক তখনই আলীম দার এসে তাকে জানালেন, শেষ ৩ ওভার রোববারে হতে পারে। কথাটা শুনে পন্টিংয়ের মনে হয়েছে পাকিস্তানী আম্পায়ার মজা করছেন তার সঙ্গে,“আমি ভেবেছিলাম তিনি আমাদের সঙ্গে মজা করার চেষ্টা করছেন এবং আমাদের উৎসব থামাতে চাইছেন। তিনি বললেন,‘মনে হচ্ছে, আগামীকাল তোমাদের এখানে ফিরে আসতে হবে আর এই ৩ ওভার খেলতে হবে। কথাটা শুনে আমি থমকে গেলাম আর তার দিকে তাকিয়ে বললাম,‘বন্ধু, আমরা তো ২০ ওভার খেলেই ফেলেছি, তার ফলে ম্যাচটাও শেষ হতে কোনো বাধা নেই।’ বিশ্বকাপের এমন সমাপ্তি বেশ হতাশাজনক।”