শুধু গিলক্রিস্ট-বন্দনা
‘অবিশ্বাস্য’-অ্যাডাম গিলক্রিস্টের বিধ্বংসী ইনিংসটার বর্ণনা দিতে গিয়ে এই শব্দটাই অনুরণিত হলো রিকি পন্টিংয়ের কণ্ঠে। ১০৪ বলে ৮ টি ছক্কা ও ১৩ টি বাউন্ডারি সমৃদ্ধ ১৪৯ রানের ইনিংসটা বর্ণনার জন্য এই শব্দের দ্বারস্থ না হয়ে উপায়ই বা কি!
বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ইনিংস এবং দ্রুততম সেঞ্চুরি দেখতে দেখতে আর সবার মতো অস্ট্রেলিয়ার অধিনায়কও বিস্ময়াভিভূত হয়ে পড়েছিলেন। হ্যাটট্রিক শিরোপা জয়ের অনুভূতি জানানোর সময় তাই সবার আগে গিলক্রিস্টের অত্যাশ্চর্য ইনিংসটার প্রশংসাই করলেন। মাহেলা জয়াবর্ধনেও ‘গিলি’র প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে মনের দুঃখ চেপে রেখে বিশ্ববিজয়ী অস্ট্রেলিয়াকেও অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।
“সে (সম্ভবত) এত ভালো ইনিংস কখনো খেলেনি। বিশ্বকাপের ফাইনালে ১০৪ বলে ১৪৯ রান, দিনের বেশির ভাগ সময় মাঝ ব্যাটে বল লাগানো-এক কথায় অবিশ্বাস্য এক ইনিংস। নিঃসন্দেহে আপনাদের দেখা অন্যতম সেরা ইনিংস এটা। আমার দেখা অন্যতম সেরা তো বটেই”-ইনিংসটার প্রশংসা করার মতো যেন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না পন্টিং। তিনটা সেঞ্চুরিসহ টুর্নামেন্টে সব চেয়ে বেশি রান করা ম্যাথু হেইডেনকেও এ ম্যাচে ম্লান করে দেয়া গিলক্রিস্টের ব্যাটের ঝড় দেখে পন্টিং রীতিমতো বিস্মিত,“সবদিক বিবেচনায় ম্যাটি হেইডেনই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। অথচ অন্য প্রান্তে তাকে দেখে মনে হয়েছে জড়সর ও হতভম্ব। আজ (শনিবার) দু দলের মধ্যে একটা ব্যাপারই পার্থক্য গড়ে দিয়েছে, তা হলো, গিলির (গিলক্রিস্টের) ইনিংস। গিলি বিশেষ দক্ষতার সঙ্গেই ম্যাচটা প্রতিপক্ষের কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ফাইনালে তা হওয়ায় এ সম্পর্কে অনেক কিছু বলা হলেও আসলে তা কমই হয়ে যায়।”
জয়াবর্ধনেও এমন অবিস্মরণীয় ইনিংসের প্রশংসা করতে কার্পণ্য করেননি। পন্টিংয়ের মতো শ্রীলঙ্কার অধিনায়কেরও ধারণা গিলক্রিস্ট-ঝড়ই তাদের সব সম্ভাবনা শেষ করে দিয়েছে,“তাদের (অস্ট্রেলিয়ার) কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তারা একাই এ ধরনের বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর আজ গিলি তা করে দেখিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই তা হলো। এমন চমৎকার উইকেটে এবং সেই সঙ্গে তুলনামূলক ছোট মাঠে ২৪০-ই তাড়া করার মতো ভালো লক্ষ্য হতে পারতো। ঐ স্কোর তাড়া করার মতো বেশ কয়েক জন ভালো ব্যাটসম্যানও রয়েছে আমাদের। কিন্তু গিলক্রিস্টের স্পেশাল ইনিংসটাই সব মাটি করে দিয়েছে।”
একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রশংসাও ঝরেছে শ্রীলঙ্কার অধিনায়কের কণ্ঠে,“ওদের ক্রিকেট দিন দিনই উন্নতি করছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটা দল ওদের সঙ্গে ভালো লড়াই করেছে। কিন্তু যখনই কোনো বড় টুর্নামেন্ট আসে, অস্ট্রেলিয়া দেখায় যে ওদের ভান্ডার কিছুটা হলেও বেশি সমৃদ্ধ। সেটা দিয়েই তারা জয় তুলে নেয়। আমরা ভেবেছিলাম, ফাইনালে জেতার ভালো সম্ভাবনাই রয়েছে আমাদের। ভেবেছিলাম, ১০০ ওভারের ম্যাচ হলে ভালো একটা সুযোগ থাকবে আমাদের সামনে। কিন্তু ওরা আমাদের ভুল প্রমাণ করেছে। সেজন্য সম্পূর্ণ কৃতিত্ব তাদের। রিকি ও তার দলকে অভিনন্দন।”
