পাকিস্তানের কোচ হতে চান না ক্ষুব্ধ সাবেক খেলোয়াড়রা
বিশ্বকাপ ভরাডুবির পর অধিনায়ক নির্বাচন করতে তেমন সময় নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইউনিস খান দায়িত্ব নিতে অনাগ্রহী হওয়ায় দেরি না করে দায়িত্বটা সঁপে দেয়া হয়েছে শোয়েব মালিকের কাঁধে।
কিন্তু কোচ নির্বাচনে এখনো সাফল্যের মুখ দেখেনি পিসিবি। প্রয়াত বব উলমারের উত্তরসূরী খোঁজার চেষ্টায় ইতিমধ্যে বিজ্ঞাপণও দিয়েছে। তবে পিসিবির এই উদ্যোগে জাভেদ মিয়াঁদাদ ভীষণ ক্ষুব্ধ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি কিছুতেই এই চাকরির জন্য দরখাস্ত করবেন না।
তার সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ইন্তিখাব আলম ও রশিদ লতিফও একই ঘোষণা দিয়েছেন দ্বিধাহীন চিত্তে। শুধু তাই নয়, পিসিবির কোচ খোঁজার এই প্রচেষ্টার সমালোচনা করে পাকিস্তানের অন্য সাবেক তারকাদেরও দরখাস্ত না করার আহ্বান জানিয়েছেন তারা।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিয়াঁদাদ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনবার। অর্থাৎ এই কাজে তিনি অভ্যস্ত এবং পরীক্ষিত। তারপরও পাকিস্তান ক্রিকেটের এই দুঃসময়ে কোচ হওয়ার কোনো ইচ্ছে তার নেই। তার প্রধান কারণ, কোচের অন্বেষণে পিসিবির ঐ বিজ্ঞাপন। সে কথা অকপটে জানিয়েওছেন মিয়াঁদাদ,“আমি কিছুতেই বুঝতে পারছি না, তারা (পিসিবি) কী করতে চাইছে। এটা একটা টেকনিক্যাল চাকরি এবং তা সঠিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই পূরণ করা উচিৎ। ওয়েবসাইটের মাধ্যমে যে কাউকে দরখাস্ত করার সুযোগ দেয়াটা ঠিক হয়নি। আমি দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটের সেবা করেছি। কিন্তু এই চাকরির জন্য আমি কিছুতেই দরখাস্ত করবো না।” মিয়াঁদাদের ধারনা, বিদেশি কোচের জন্যই এমন উদ্যোগ নিয়েছে পিসিবি।
ইন্তিখাব আলমও পিসিবির এই উদ্যোগে ক্ষুব্ধ। পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়কের মতে পুরো প্রক্রিয়াটা এখন কৌতুকে পরিণত হয়েছে। তিনি বরং এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন পিসিবিকে,“ভারতীয় বোর্ড সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে। তারপর তারা সিদ্ধান্ত নেবে। আমাদেরও একই কাজ করা উচিৎ। আমার মতে জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার জন্য একজন ব্যক্তির খেলোয়াড়ি ও কোচিং অভিজ্ঞতা এবং ক্রিকেটারদের পরিচালনায় দক্ষতাকে বিবেচনায় নেয়া উচিৎ সবার আগে।”
PTI-এর সহায়তায়
