একতরফা ম্যাচে ভরপুর এক আসর
এবারের বিশ্বকাপ আর তার ফলাফলের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে উঠতেই পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি! টুর্নামেন্ট শেষে হিসেব কষতে বসে দেখা যাচ্ছে পুরো আসরে একপেশে ম্যাচের ছড়াছড়ি। যারা টেস্ট খেলে না তাদের বিপক্ষে শক্তিশালী দলগুলোর বড় ব্যবধানে জয়ের ব্যাপারটা না হয় মেনে নিলেন, কিন্তু একেবারে কাছাকাছি শক্তির দুটি দলের মধ্যে আকাশ- পাতাল ব্যবধানের ফলাফল আতঙ্কিত করবে না!
প্রথমে কথা উঠেছিল, আইসিসির ক্রিকেট বিশ্বায়নের তত্বটা নিয়ে। সেই তত্বের জোরেই বিশ্বকাপে খেলা দলের সংখ্যা ১৬। যেখানে টেস্ট খেলা দল মাত্র ৯টি। জিম্বাবুয়ে আপাতত টেস্ট খেলছে না। কিন্তু বারমুডা, কানাডা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এমনকি কানাডাকেও বিশ্বকাপ খেলার যোগ্য মনে করে না অনেক শক্তিশালী দেশ। আরো স্পষ্ট করে বললে, বাংলাদেশ আর জিম্বাবুয়ে কেন বিশ্বকাপে তা নিয়েও আড়ে ঢাড়ে কথা বলতে ছাড়েনি এলিট নামে পরিচিত দেশগুলো।
কিন্তু মজার ব্যাপার, এই বাংলাদেশ আর আয়ারল্যান্ডই এবার বাঁচিয়ে দিল আইসিসির পিঠ। আরো নির্দিষ্ট করে বললে, তাদের জন্যই আইসিসির বিশ্বায়ন তত্বটা নিয়ে অতো হই চই করার সুযোগ পাননি তথাকথিত ক্রিকেট বোদ্ধারা। ভারতের মতো বিশ্বকাপ ফেভারিটকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশ উঠে গিয়েছিল সুপার এইটে। আর আয়ারল্যান্ড দিয়েছিল সত্যিকারের চমক। পাকিস্তানের মতো দেশকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিয়ে পরের রাউন্ডে চলে আসে তারা। বাংলাদেশও সুপার এইটে ওঠে ভারতকে হারিয়ে। পরে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবার চমকে দেয় হাবিবুল বাশারের দল।
কিন্তু সত্যি বলতে ছোট দল যেমন দু’একটা চমক দেখাতে পেরেছে, বড় দলগুলো তা -ও পারেনি। আর সে কারণেই বিস্ময়করভাবে এই বিশ্বকাপে ফাইনালের আগের ৫০ ম্যাচে একপেশে ফলাফল ৭২ শতাংশ!
উদাহরণ দেওয়া যাক সেমিফাইনাল থেকেই। সবাই ভেবেছিল, র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা খুব লড়বে। ভাবা হয়েছিল, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সেমিফাইনালটাও জমবে বেশ। কিন্তু হলো কি? প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮১ রানে হারালো লঙ্কানরা। প্রায় ৯ ওভার হাতে রেখে এটা বড় সহজ জয়।
দ্বিতীয় সেমিফাইনাল তো আরো বেশি একতরফা! র্যাঙ্কিংয়ে ১ অস্ট্রেলিয়া, ২ দক্ষিণ আফ্রিকা। অথচ দক্ষিণ আফ্রিকা অল আউট মাত্র ১৪৯ রানে। ১১১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নিতে অস্ট্রেলিয়াকে কষ্ট করতে হয়েছে বলা যায় না। বিশ্বের সেরা চার দলের মধ্যে যদি এমন একপেশে সেমিফাইনাল হয়, তাহলে আইসিসির কর্তাদের কপালে চিন্তার রেখা বাড়বেই তো!
পরিসংখ্যান বলছে ৫০-এর মধ্যে ৩৬টি ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। প্রথম রাউন্ড থেকে লক্ষ্য করলে দেখা যাবে, আয়ারল্যান্ড -জিম্বাবুয়ের টাই ছাড়া খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি। আর যে কটা ম্যাচে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেগুলোও বলে দেওয়া যাচ্ছে হাতে গুনে! সুপার এইটে শ্রীলঙ্কার আছে এমন দুটি খেলা, একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অন্যটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড। শ্রীলঙ্কার ২০৯ রান তাড়া করে সহজে ম্যাচ জিতছে দক্ষিণ আফ্রিকা, এমন এক পরিস্থিতিতে চার বলে চার উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা সবকিছু পাল্টে দিয়েছিলেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ১ উইকেটে, ১০ বল বাকি রেখে।
ইংল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিলের ম্যাচটিই ছিল সত্যিকারের ‘থ্রিলার’! লঙ্কানদের করা ২৩৫ রানের জবাবে বারবার দুদলের দিকে ঝুলে পড়েছে জয়-পরাজয়ের পাল্লা। শেষের দিকে জয়ের হাত বাড়ানো দুরত্বে গিয়েও হেরে বসে ইংল্যান্ড। মাত্র ২ রানে জেতে লঙ্কানরা।
ওই ম্যাচে হারলেও আরেক থ্রিলারে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার বিদায়কে বিষাদে ঢেকে দিয়েছে ইংল্যান্ড! ২১ এপ্রিল সুপার এইটের শেষ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ৩০০ রান করলেও প্রতিপক্ষের কাছ থেকে পেয়েছে কড়া জবাব। তবু জয়ের পাল্লা কখনো হেলেছে ইংল্যান্ডের দিকে, কখনো ফিরে এসেছে স্বাগতিকদের দিকে। শেষমেশ ১ বল বাকি রেখে ১ উইকেটে জিতে যায় ইংল্যান্ড।
এরকম টানটান উত্তেজনার ম্যাচ এই কটিই। এমনকি প্রথম পর্বে বাংলাদেশ যে ভারতের মতো শক্তিশালী দলকে হারালো, সেটিও ছিল একপেশে। বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। এরপর সুপার এইটে তখন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে আরো পাত্তা না দিয়ে। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৫১ রানের জবাবে ইনিংসের মাঝপথেই নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার হার। শেষ পর্যন্ত রান রেট ধরে রাখার জন্য ব্যাটিং করে যাওয়া দক্ষিণ আফ্রিকা ৪৮ দশমিক ৪ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। বাংলাদেশ পায় ৬৭ রানের জয়।
এভাবে বড় দলের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও হারা ম্যাচগুলো খুব বাজেভাবেই হেরেছে বাংলাদেশ। আর শীর্ষ দল অস্ট্রেলিয়া দেখিয়েছে তাদের সঙ্গে অন্যদের ব্যবধান প্রায় আকাশ-পাতাল। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ডকে তারা হারায় ২১৫ রানে! বড় দলগুলোর সঙ্গে বড় দলের জয়ের ব্যবধান যখন এমন, তখন মাঝারি দলের সঙ্গে বড়দের প্রতিদ্বন্দ্বিতা হয় কিভাবে!
নিচে দুটি সারনী দেওয়া হলো। একটি বিশ্বকাপের পত্যেক আসরে একপেশে ম্যাচের শতকরা হার, অন্যটিতে থাকছে শুধু টেস্ট-খেলিয়ে দেশগুলোর মধ্যে বিশ্বকাপে একপেশে ম্যাচের হিসেব-নিকেশ। তাতে দেখা যাচ্ছে, ১৯৭৫ সালের ১৫ ম্যাচের ১১টি ছিল একতরফা। শতাংশের হিসেবে শতকরা ৭৩ দশমিক ৩৩ ভাগ। ওটাই সর্বোচ্চ। মাঝের বিশ্বকাপগুলোতে উন্নতির লক্ষ্মণ দেখা গেলেও ২০০৩ বিশ্বকাপে এক তরফা ম্যাচ ছিল মোট ম্যাচের ৭২ শতাংশে, যা ঠিক এই বিশ্বকাপের সমান।
বিশ্বকাপে একপেশে ম্যাচের শতকরা হার
সাল মোট ম্যাচ শেষ হওয়া ম্যাচ একপেশে ম্যাচ একপেশে ম্যাচের %
১৯৭৫ ১৫ ১৫ ১১ ৭৩ দশমিক ৩৩
১৯৭৯ ১৪ ১৪ ৮ ৫৭ দশমিক ১৪
১৯৮৩ ২৭ ২৭ ১৫ ৫৫ দশমিক ৫৬
১৯৮৭ ২৭ ২৭ ১০ ৩৭ দশমিক ০৪
১৯৯২ ৩৯ ৩৭ ১৫ ৪০ দশমিক ৫৪
১৯৯৬ ৩৬ ৩৫ ২১ ৬০
১৯৯৯ ৪২ ৪১ ২৩ ৫৬ দশমিক ১০
২০০৩ ৫২ ৫০ ৩৬ ৭২
২০০৭ ৫০ ৫০ ৩৬ ৭২
আর শুধু টেস্ট-খেলিয়ে দেশের মধ্যে এক তরফা ম্যাচের সংখ্যা ও শতকরা হারও খুব কম নয়। ১৯৮৭ সালের বিশ্বকাপ ছিল সেই অর্থে সফল। সেবার মাত্র ২৮ দশমিক ৫৭ শতাংশ ম্যাচ হয়েছে এক তরফা। কিন্তু সেবার কিংবা যে কোনো বারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করতে গেলে ২০০৭ বিশ্বকাপকে বলতে হবে সবচেয়ে অ-সফল। কারণ টেস্ট খেলিয়ে দেশের মধ্যে এমন একতরফা ম্যাচের প্রদর্শনী আর কোনো বিশ্বকাপে এত প্রকট হয়ে ওঠেনি। এবার ২৮ ম্যাচের ১৯টিই হয়েছে একতরফা, প্রায় ৬৮%!
শুধু টেস্ট-খেলিয়ে দেশের মধ্যে একতরফা ম্যাচ
সাল মোট ম্যাচ শেষ হওয়া ম্যাচ একপেশে ম্যাচ একপেশে ম্যাচের %
১৯৭৫ ৯ ৯ ৫ ৫৫ দশমিক ৫৬
১৯৭৯ ৯ ৯ ৪ ৪৪ দশমিক ৪৪
১৯৮৩ ২১ ২১ ১২ ৫৭ দশমিক ১৪
১৯৮৭ ২১ ২১ ৬ ২৮ দশমিক ৫৭
১৯৯২ ৩১ ২৯ ১১ ৩৭ দশমিক ৯৩
১৯৯৬ ২১ ২১ ৮ ৩৮ দশমিক ১০
১৯৯৯ ২৮ ২৭ ১২ ৪৪ দশমিক ৪৪
২০০৩ ২৭ ২৫ ১৪ ৫৬
২০০৭ ২৮ ২৮ ১৯ ৬৭ দশমিক ৮৬
