টেন্ডুলকারের চেয়ে লারা একটু এগিয়ে: ম্যাকগ্রা
শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মধ্যে ব্যাটসম্যান হিসেবে কে এগিয়ে? গত দেড় দশক ধরেই ক্রিকেটপ্রেমীদের অন্যতম বিতর্কের বিষয় এটা। শুধু সাধারণ ক্রিকেটভক্তই নয়, অনেক রথী-মহারথী ক্রিকেট বিশেষজ্ঞও এ সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন বহুবার। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার আগে জানালেন গ্লেন ম্যাকগ্রাও। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে সর্বকালের অন্যতম সেরা পেসার এই লড়াইয়ে খানিকটা এগিয়ে রাখছেন লারাকে। সেই সঙ্গে তার দেখা সেরা দুই পেসারের কথাও জানিয়েছেন ‘দ্য পিজিয়ন’। সেই দু জন আবার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা পেসার-ওয়াসিম আকরাম ও কার্টলি অ্যামব্রোস।
“খুব কম ব্যাটসম্যানেরই নিজেদের দিনেও দারুণভাবে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে। এবং ব্রায়ান (লারা) ও শচীনকে (টেন্ডুলকার) তাদের মধ্যে রাখা যাবে না কিছুতেই। দু’জনের বিপক্ষেই আমি বল করেছি। আর সেই অভিজ্ঞতা থেকে ফর্মে থাকা অবস্থা বিবেচনা করে ব্রায়ানকে সম্ভবত সামান্য এগিয়ে রাখবো শচীনের চেয়ে”- এই সময়ের সবচেয়ে বড় দুই তারকা ব্যাটসম্যান সম্পর্কে ম্যাকগ্রার অভিমত। আর আকরাম ও অ্যামব্রোস সম্পর্কে তার মন্তব্য,“এই দু জনের দিকে আমি ব্যগ্র হয়ে তাকিয়ে থাকতাম। খেলার সময়ও দুজনের দারুণ ভক্ত ছিলাম। উচ্চতার জন্য ভালো বাউন্স পেতেন অ্যামব্রোস আর সেই সুযোগটা নিয়ে আঘাতও হানতে পারতেন। আকরাম নতুন ও পুরনো দু’ধরনের বলেই ছিল দুর্দান্ত। ক্রিজের মধ্যে সে যেন আগুন ছোটাতো। এক কথায় দু’জনই ছিল বিস্ময়কর বোলার।”
বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত ওয়ানডেতে তার ৩৮০টি উইকেট। টেস্টে ৫৬৩ টি উইকেট নিয়ে ওয়ার্ন ও মুরালির পর তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এবং জীবনের শেষ টুর্নামেন্টেও দুর্দান্ত ফর্মে ম্যাকগ্রা। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটা এখন তারই। ২৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। ৩৭ বছর বয়সেও তার এই ফর্ম দেখে অনেকেই হয়তো বিস্মিত। ম্যাকগ্রা অবশ্য তার সাফল্যের রহস্য লুকিয়ে রাখতে চাননি ক্যারিয়ারের সায়াহ্নে,“সব সময়ই বলে এসেছি যে (খেলার প্রতি) আমার দৃষ্টিভঙ্গি খুবই সাদামাটা। আপনি কাজটাকে যত কম জটিলতাপূর্ণ করবেন ততই আপনার ভুল কম হবে। তাই সবসময়ই আমার মনে হয়েছে, যদি ১০০টা বলের মধ্যে ৯৯টা ঠিক জায়গায় ফেলতে পারি তাহলে উইকেট পাবোই। গত ১২/১৪ বছর ধরে ব্যাপারটা দারুণ কাজে দিয়েছে।” তার বলের লাইন-লেংথ যে কতটা নিখুঁত, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনালে তা আরেকবার দেখিয়েছেন ম্যাকগ্রা। ৫ ওভারের প্রথম স্পেলে ১৮ রানে ৩ উইকেট নিয়ে বলতে গেলে তিনি একাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন প্রোটিয়াদের। এই ৫ ওভার অর্থাৎ ৩০ বলের ২৭টাই পড়েছে গুড লেংথে এবং এর সবগুলোই ছিল অফস্টাম্পের আশেপাশে।
আগেই ঘোষণা দিয়েছেন বিশ্বকাপশেষেই বিদায় জানাবেন ক্রিকেটকে। বিদায়বেলায় কোনো অতৃপ্তি কি আছে? প্রশ্নটাকে উড়িয়ে দিয়ে ম্যাকগ্রা জানালেন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কোনো হতাশা নেই তার মনে,“খেলা থেকে সরে দাঁড়ানোর সময় নির্দ্বিধায় জানাচ্ছি, আমি সুখী। আমাদের দলে বেশ কয়েক জন ভালো ফাস্ট বোলার এসেছে এবং আসছে। বিদায়বেলায় বলতে পারি যে নিজে যা অর্জন করেছি আর দলও যা অর্জন করেছে-সব মিলিয়ে আমি সুখী।”
তিনি সুখী, তৃপ্ত। কিন্তু তার সঙ্গে বিচ্ছেদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রিকি পন্টিংয়ের হৃদয় বেদনায় ভারাক্রান্ত। অস্ট্রেলিয়ার অধিনায়কের মনে ভীড় করছে গত এক যুগের অনেক সুখ-দুঃখের স্মৃতি,“নিঃসন্দেহে তাকে মিস করবো আমরা। এই খেলাটার সর্বকালের অন্যতম সেরা সে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য সে যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে এসসিজি- তে (সিডনি ক্রিকেট গ্রাউন্ডে) তার ও ওয়ার্নির (শেন ওয়ার্নের) শেষ টেস্টের সময় চোখে জল এসেছিল আমার। তাকে নিয়ে আমাদের অজস্র সুখস্মৃতি আছে।”
