বাংলাদেশের বিশ্বকাপ দলের কাছেও অস্ট্রেলিয়া ফেভারিট
নিজেদের খেলার অভিজ্ঞতা, খুব কাছ থেকে দেখা এবং ক্রিকেটীয় বিশ্লেষণে বিশ্বকাপটা অস্ট্রেলিয়ানদের হাতে মানালেও তাদের অন্তরের পক্ষপাত যেন শ্রীলঙ্কার দিকেই। একই মহাদেশ, দক্ষিণ এশীয় প্রতিবেশী-এসব অনুঘটক বাদ দিলে কিন্তু বিশ্বকাপ ফেরত বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপ ফাইনালের ফেভারিট তত্ত্বে অস্ট্রেলিয়ার বাইরে যেতেই পারছেন না।
বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার তো একবাক্যে রায় দিয়ে দিলেন, “অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই কঠিন।” তার সঙ্গে যোগ করুন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যটসম্যান মোহাম্মদ আশরাফুলের কথা, “তারা মানসিকভাবে সবসময় ইতিবাচক। øায়ু-চাপ বলে যেন অস্ট্রেলিয়ানদের কিছুুই নেই, সবসময় শক্ত তারা।” আরো শুনুন বাংলাদেশ দলের দারুন সফল স্পিনার আব্দুর রাজ্জাকের মুখে, “অস্ট্রেলিয়ার বিকল্প অনেক বেশি। তিনটি বিভাগে তারা এতই ভাল খেলছে; কেউ কখনো খারাপ করলেও অন্যজন সেটা পুষিয়ে দিতে পারে।”
বিশ্লেষনগুলো গবেষণাগারে পরীক্ষার ফল বলেও মনে হতে পারে। আসলে এগুলো তাদের খেলার মাঠে নিজের জীবন দিয়ে লড়ে যাওয়ার শিক্ষা। সেই ঐতিহাসিক কার্ডিফে বাংলাদেশের কাছে হারের শোধ এবার অস্ট্রেলিয়া তুলল বিশ্বকাপে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে।
অস্ট্রেলিয়াকে হারাতে হলে সেরকম একটা বাজে দিন দরকার। বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার অন্তত তাই মনে করেন, “এখনো অস্ট্রেলিয়ার একটি দিনও খারাপ যায়নি। ফাইনালে দিনটা খারাপ গেলে......।” মানে তারা ক্রিকেট খেলাটা ভাল জানলেও ওই নির্দিষ্ট দিনে তার কোনো প্রয়োগ দেখাতে পারবে না, তবেই হয়তো অস্ট্রেলিয়া-বধ সম্ভব ! আরেকটা হিসাব হচ্ছে উইকেটের চরিত্র। বার্বাডোজের উইকেটের ওপরও নাকি শ্রীলংকার পারা না-পারা নির্ভর করছে অনেকখানি। হাবিবুলের ভাষায়, “বার্বাডোজের উইকেট বাউন্সি হলে শ্রীলংকার সম্ভাবনা কমে যাবে। আমরা যখন এই উইকেটে খেলেছি তখন বেশ বাউন্স ছিল, তারপর থেকে কিন্তু বাউন্স কমে গেছে। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচে অনেক রান হয়েছে এই মাঠে। উইকেটের চরিত্র সেরকম হলে ফাইনালটা ভাল ম্যাচ হবে।” তবে তার মতে, উইকেটটা যদি স্পোর্টিং হয় তাহলে দুদলের সম্ভাবনাই সমান হয়ে যাবে।
কিন্তু বাংলাদেশের পেসার সৈয়দ রাসেল মনে করেন বার্বাডোজ অস্ট্রেলিয়ার পক্ষেই থাকবে, “পেসাররা ভাল করবে ওখানে, তাই অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া টসও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমরও এই উইকেটের কারণে অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন, “গায়ানা, অ্যান্টিগা হলে আমি শ্রীলংকার পক্ষেই বাজি ধরতাম।” তারা উইকেটের বাউন্সি চরিত্রের কারণে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেও কেউ সেভাবে হিসেবে ধরছেন না চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো কিংবা ফারভিজ মাহরুফকে! হতে পারে, বাউন্সি উইকেটে শ্রীলঙ্কানদের তুলনায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভাল খেলার কথা ভেবে।
যাই হোক, বাংলদেশ দলের তরুণ উইকেটরক্ষক মুশফিকুর রহিম অবশ্য মনে করছেন, “শ্রীলংকা ছেড়ে কথা বলবে না। অস্ট্রেলিয়া যেভাবে খেলছে তারাই টপ ফেভারিট। তাদের সঙ্গে ভালভাবে লড়ার ক্ষমতা আছে শ্রীলংকারই।” মুশফিক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, “আমি শ্রীলংকার সমর্থক, তাই তাদের জয় চাইবো। তবে টস জেতার ওপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে অনেকখানি।”
বাংলাদেশ দলের আরেক পেসার তাপস বৈশ্যও চান শ্রীলঙ্কানদের হাতেই উঠুক বিশ্বকাপটা। সেজন্য তার চোখে প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ, “প্রথম ১০ ওভারে বেশি উইকেট না হারালে শ্রীলঙ্কা ভাল স্কোর করতে পারবে। আর বার্বাডোজে ২৭০ রান করতে পারলেই ম্যাচ জমে যাবে মনে হয়।”
দেশের সেরা ফাস্টবোলার মাশরাফি বিন মুর্তজা অবশ্য অতো বিশ্লেষনে না গিয়ে আমজনতার মতোই বলে দিয়েছেন, “অস্ট্রেলিয়া ফেভারিট। তবে শ্রীলঙ্কাও জিততে পারে, তারাও ভালো খেলছে।”
দুটো হতাশ করা সেমিফাইনালের প্রেক্ষাপটে এটাই যেন কাজের কথা! অস্ট্রেলিয়া ভাল খেলছে এবং এটা মেনে নিলে ম্যাচটায় ফাইনালের আমেজ-উত্তেজনায় নিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কাকে ভাল খেলতেই হবে।
