২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লেন ম্যাকগ্রার শেষ ম্যাচ

আর কখনো নীরব এই ঘাতক মাঠে নামবেন না! নিখুত বোলিংয়ে বধ করবেন না টেস্ট কিংবা ওয়ানডে ব্যাটসম্যানদের। এই বার্বাডোজেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা শেষবারের মতো নামছেন মাঠে। আর সেটা বিশ্বকাপের ফাইনাল বলে এবং ম্যাকগ্রা দারুণ ফর্মে বলে অনেক তারকার মাঝেও অসম্ভব জ্বলজ্বল করছেন তিনি। ম্যাকগ্রা কি পারবেন আন্তর্জাতিক ক্রিকেটের শেষ দিনটাকে অবিস্মরনীয় করে রাখতে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

জন্ম ১৯৭০ সালের ৯ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৯৩ সালে। মাঝের প্রায় ১৫ বছরে ৩৭ ছুঁতে যাওয়া ম্যাকগ্রা শুধু অর্জনই করে গেছেন। জিতিয়েছেন দলকে। কখনোই আহামরি গতি ছিল না তার বলে। কিন্তু সিমের ব্যবহারে অতুলনীয়। তুলনা নেই ব্যাটসম্যানের দুর্বলতা খুঁজে বের করে বধ করাতেও। কোনো তাড়াহুড়ো নেই, যেন জানেনই একসময় ব্যাটসম্যান তার নিখুঁত বোলিংয়ের ফাঁদে ধরা দেবেনই!

হয়েছেও তাই। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী, ১২৪ টেস্টে তার ৫৬৩ উইকেট। ২৪৯ ওয়ানডেতে ৩৮০ উইকেট। আর বড় আসর মানেই ম্যাকগ্রার আগুন হয়ে জ্বলে ওঠা। যেমন জ্বলেছেন এই বিশ্বকাপেও। ১০ ম্যাচে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে রেকর্ড ৭০ উইকেট তার। শনিবারের ফাইনাল থেকে ‘গুডবাই’ বলার আগেও অনেকগুলো অর্জন হাতছানি দিয়ে ডাকছে তাকে।

১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য তিনি। সুতরাং আছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ, আগে কোনো দল বা খেলোয়াড়ের ভাগ্যে যে সম্মান জোটেনি। এবার ১৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়েও সবার সামনে ম্যাকগ্রা। ২৫ উইকেট নিয়ে উইকেট নেয়াতে পেছনে ফেলেছেন সব বোলারকে। তেমনই ফাইনালটাও দারুণ কিছু হলে আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ে আরেকধাপ ওপরে উঠে বিদায় নিতে পারবেন। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকার শন পোলক। দুই নম্বরে আছেন ম্যকাগ্রার সতীর্থ পেসার ন্যাথান ব্র্যাকেন,তার সঙ্গে “দ্য পিজিয়ন”-এর পয়েন্টের ব্যবধান মাত্র ৬। এই পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ২ নম্বর জায়গাটিতে চলে আসার সুযোগও ম্যাকগ্রার সামনে।

ফর্মের এমন তুঙ্গে অবস্থান, কিন্তু বিদায় তিনি নেবেনই। সতীর্থরা মর্মাহত। কিন্তু বরাবরের ভদ্রলোক ম্যাকগ্রা বুকের গভীরের আর্দ্রতাকে দেখতে না দিয়ে হাসতে হাসতে বলেন, ‘‘সবার সঙ্গে বেশ এক চোট কৌতুক করে নিচ্ছি। ওদের বলছি ‘ভাবছি অবসর ভেঙে ফিরে আসবো’। আসলে কিন্তু এই বিশ্বকাপেই শেষ করে দিতে চাই।’’

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ফাইনালে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বিপজ্জনক অবশ্যই ইনফর্ম ম্যাকগ্রা। ওদিকে সিডনিতে তার পরিবার প্রার্থনায়, যেন অন্যরকম সুন্দর হয় ম্যাকগ্রার বিদায়। ক্যান্সার আক্রান্ত স্ত্রী জেন-এর জন্য ক্যারিয়ারে অনেকবারই পরিবারের মধ্যে নিজেকে আটকে রেখেছেন ম্যাকগ্রা। ২০০৬ সালে তৃতীয় বার জেন ক্যান্সারে আক্রান্ত হলে ম্যাকগ্রা ক্রিকেটকে ছুটি দিয়েছিলেন ৮ মাসের জন্য। ফিরেছেন অক্টোবরে।

তবে পেশাদার ক্রিকেটার হিসেবে পারিবারিক জীবনে সময়টা তবু কমই দেওয়া হয়েছে। জেন সবসময়ই পরিবার সামলে সমর্থন দিয়ে গেছেন ম্যাকগ্রাকে।

আজ আর জেন-এর তর সইছে না ম্যাকগ্রাকে ঘরে পেতে, তবে তার আগে চাইছেন স্বামীর শেষ ম্যাচের সাফল্য, ‘‘এটা তার প্রাপ্য। দেশের জন্য দারুণ এক বোলার সে। খেলাটাও ভীষণ ভালোবাসে। তাকে বাসায় ফিরে পেতে আর অপেক্ষা ভালো লাগছে না। আজ সকালে এই ভাবনাটা ঘিরে ধরেছে খবরের কাগজ পড়ার পর। মনে হচ্ছে, ‘এখনই তো সময়’।’’

জেন-গ্লেন ম্যাকগ্রা দম্পতির দুই সন্তান হলি আর জেমসও প্রতীক্ষায়। এবার বাবা বাড়ি ফিরলে কয়েকদিনের মধ্যেই আবার ছুট লাগানোর তাড়া নেই, জানে তারা। বাবাকে নিয়ে তাই তাদের অনেক পরিকল্পনা। আপাতত নিজেদের দেওয়ালে টানানো বাবার পোস্টারের দিকে তাকিয়ে ওরা আদর পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে বাবা ম্যাকগ্রা খেলতে নামছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ ম্যাচে আরেকজনের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পর্দা উঠবে। রাসেল আর্নল্ড। শ্রীলংকার এই ব্যাটসম্যান জানিয়েছেন বার্বাডোজের ফাইনালের পর তার ব্যাটও আর প্রতিযোগিতামূল ক্রিকেটে কথা বলবে না।