এবার ভারতকে ওয়ানডে সিরিজেও হারাতে চায় বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ থেকেই তারা জেনে এসেছেন, দেশে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম মিলবে। সেই বিশ্রামের মেয়াদ ২ মে পর্যন্ত। এরপরই দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বেন ক্রিকেটাররা। প্রসঙ্গটা আসতেই কথাটা একটু সংশোধন করে দিলেন মাশরাফি বিন মর্তুজা, “আরে, না, না। আমরা তো ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছি ওয়েস্ট ইন্ডিজে থাকতেই। ওখান থেকে তিন দিন হার্ড ট্রেনিং করে আসলাম।”
১৯ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বার্বাডোজ থেকে দেশে ফেরার টিকেট মিলছিল না। তাই বাংলাদেশ দল অখন্ড অবসরটা কাজে লাগিয়েছে ভারত সিরিজের প্রস্তুতিতে নিজেদের ব্যস্ত রেখে। মানে দেশে ফিরে বিশ্রাম নেওয়ার আগেই শুরু হয়েছে ভারত সিরিজের প্রস্তুতি।
সেই প্রস্তুতিতে ভারতীয় দলের ‘প্রতিশোধ মিশন’ নিয়েও আলোচনা হয়েছে অবশ্যই। সেটা মাথায় রেখেই ওয়ানডে সিরিজ জেতার কথা ভাবছে বাংলাদেশ। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ১০ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দুই টেস্টের সিরিজ পরে। এর মাধ্যমে আবার টেস্টের ভুবনে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর এপ্রিলে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বশেষ টেস্টটা খেলেছিলেন হাবিবুল বাশাররা। মাঝে কেটে গেছে টেস্ট বিহীন ১৩ মাস। অনেকদিন পর টেস্ট খেলতে নামছেন বলে এখনই কোনো ধরনের ভবিষ্যত বাণীর ধারকাছ দিয়ে যাচ্ছেন না হাবিবুল বাশার, “আমরা অনেকদিন টেস্ট খেলিনি। তাই টেস্ট সিরিজে আমরা কেমন করবো তা এখনই বলতে পারছি না।”
অধিনায়ক হিসেবে হাবিবুলকে বিশ্বকাপ পর্যন্তই দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা আলোচিত হলেও এখন আবার তার ভারত সিরিজের ওয়ানডেতে অধিনায়ক থাকা একরকম নিশ্চিত। তাই ওয়ানডে সিরিজ এবং নিজেদের লক্ষ্য নিয়েও কথা বলতে পারছেন তিনি। লক্ষ্যের কথা তো জানাই। এবার তার মুখেই শুনে নিন বিস্তারিত, “ভারতের সঙ্গে আমরা জিততে পারবো বলে আত্মবিশ্বাসী। কাজটা সহজ হবে না অবশ্য। ভারত যেহেতু আমাদের কাছে হেরেছিল, এখানে যেকোনোভাবে ওরা জিততে চাইবে। তবে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাকমতো করতে পারলে এই সিরিজটা জেতা সম্ভব।”
এই সিরিজের দল গড়ার কাজটা শিগগিরই সেরে ফেলবেন বলে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, “আমরা ২/৩ দিনের ভেতর দল ঠিক করে ফেলবো।” বিশ্বকাপের দলে পরিবর্তনের সম্ভাবনা একরকম উড়িয়েই দিয়েছেন তিনি,“মোটামুটি একটা ভালো টুর্নামেন্টের পর দলে পরিবর্তন না হওয়াই ভালো। তাছাড়া দেশের মাটিতে খেলা হবে। চাইলে তো পরিবর্তন করাই যাবে।” দলের ওপেনিং নিয়েও এখনই নতুন কিছু ভাবতে চাইছেন না তিনি, “বলতে পারেন যে ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। তবু আমরা নতুন কারো কথা চিন্তা করছি না। দলের ভেতরেই তো অনেকে আছে।”
বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, কিন্তু একটাও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রাজিন সালেহ এবার তাই আশায় বুক বাঁধতে পারেন। এমনকি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার ব্যাপারে আগ্রহী নন বলেই ফারুক বলে দিতে পারলেন, “টেস্টেও খুব একটা নতুন ছেলে কিন্তু দেখবেন না আপনারা।” ওয়ানডেতে আব্দুর রাজ্জাক রাজ অপরিহার্য। কিন্তু টেস্টেও কী? ওয়ানডেতে এমন সাফল্যের পর কী তাকে টেস্টে না খেলানোটা ঠিক হবে? ফারুকের কথায় ঠিক হওয়ারই আভাস,“এনামুল হক জুনিয়র লংগার ভার্সানের জন্য বেশি উপযুক্ত বোলার।”
দুয়েকদিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করার জন্য বসার আগেই নির্বাচকদের মাথায় সক্রিয়ভাবেই ঘোরাফেরা করছে ভারত সিরিজের দল। আর বাংলাদেশ দলতো ওই সিরিজ নিয়ে চিন্তা করছে ওয়েস্ট ইন্ডিজে থাকতেই!
