২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপান্তরিত জয়াবর্ধনে, রূপকার মুডি

এই বিশ্বকাপের আগে ফেভারিট ছিল অনেকে। অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান সবাই ছিল ফেভারিটদের তালিকার ওপরের দিকে। কিন্তু যে শ্রীলঙ্কাকে সেভাবে কেউ হিসেবে রাখেনি, তারা কিভাবে সত্যিকারের ফেভারিট হিসেবে উঠে এল ফাইনালে? কোন সে যাদু?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে এই প্রশ্ন করলে, কৃতিত্বের প্রায় পুরোটাই তিনি দিতে চান কোচ টম মুডিকে। দলের সাফল্য শুধু নয়, আজ যে জয়াবর্ধনে বিশ্বকাপের অন্যতম সফল ব্যাটসম্যান সেই সাফল্যের মালাটা নিজের গলায় নয়, দিতে চান কোচের গলায়।

একটু পেছন থেকেই শুরু করা যাক। দুবছর আগে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার মুডি যখন শ্রীলংকা দলের দায়িত্ব নিলেন তখন দলটা খুব ভালো অবস্থায় নেই। হারেই বেশি। দেশের মাটিতে যা-ওবা কিছুটা সাফল্য মেলে, বিদেশ থেকে ফিরতে হয় খালি হাতে। মুডি দায়িত্ব নেওয়ার পর ভারতে গিয়ে লংকান দল ওয়ানডে সিরিজে হারলো ১-৬ ব্যবধানে। তারপর নিউজিল্যান্ডে গিয়ে চার ম্যাচের তিনটিতে জুটল পরাজয়।

এর আগে ইংল্যান্ডে কোচ হিসেবে সাফল্য পাওয়া মুডির এসব পছন্দ হচ্ছিল না। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অল রাউন্ডার দলটাকে সাজাতে শুরু করলেন নতুন করে। দিলেন নতুন দীক্ষা, সেখানে জয়ের বিকল্প কিছু নেই। ২০০৬-এর ইংল্যান্ড সফরে দেখা গেল খোলনলচে বদলে ফেলা এক শ্রীলংকা দলকে। ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৫-০ তে ধ্বসিয়ে দিয়ে এল শ্রীলঙ্কা।

ততদিনে কয়েকটি পরিবর্তন এসেছে দলে। হার্ড হিটার সনাৎ জয়াসুরিয়াকে দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে মারভান আতাপাত্তু বসে গেছেন। তার জায়গায় তরুণ মাহেলা জয়াবর্ধনের কাছে এসেছে নেতৃত্ব। তরুণ উপুল থারাঙ্গা এসেছেন ওপেনিংয়ে। শ্রীলঙ্কা দলের ব্যাটিং হয়ে উঠল বিধ্বংসী, বোলিং বীষময়, ফিল্ডিং শাসরুদ্ধকর। অন্যরকমের অ্যাকশনের গতিময় বোলার লাসিথ মালিঙ্গাকে যোগ করে বোলিং বিভাগে মুডি এনেছেন ভিন্নতা। ওয়ারউইকশায়ারের সতীর্থ ট্রেভর পেনিকে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে এনে এই বিভাগেও ঘটিয়েছেন উন্নতি।

ফলাফল? সবাই দেখছে। ১০ ম্যাচের ৮টিতে জিতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা। অধিনায়ক জয়াবর্ধনে এখানে গাইছেন তারুণ্যের জয়গান, ‘‘এই সফরে আমাদের তরুণরা অনেক পেয়েছে। আন্ডারডগ হিসেবে আমরা এখানে এসে শিখতে শিখতে এগিয়েছি। খেলোয়াড়দের জানা ছিল, তারা এই চাপ নিয়ে পারফর্ম করতে পারবে।’’

জয়াবর্ধনের সামর্থ্য আর প্রতিভা নিয়ে কখনো কারো প্রশ্ন ছিল না। কিন্তু তার দোষ বরাবরই উইকেট ছুড়ে আসার। বিশ্বকাপের আগে লম্বা একটা সময় রান খরায় কাটিয়েছেন। কিন্তু এই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরিসহ এ পর্যন্ত করেছেন ৫২৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে বিশ্বকাপে ৫০০ রান করা প্রথম শ্রীলংকানও হয়েছেন।

কিভাবে দল ও তিনি নিজে বদলে গেলেন জয়াবর্ধনে বলছিলেন সে কথাই, ‘‘অধিনায়কত্ব আমাকে কিছুটা সাহায্য করে থাকতে পারে। কিন্তু আমার সামর্থ্য বের করে আনার কৃতিত্ব টমের। আমি কিংবা দলের যে কেউ তাড়াহুড়া করলে সেটা কখনোই পছন্দ করেননি তিনি।’’ আর তাতেই জয়াবর্ধনের উপলব্ধি, ‘‘ এ ব্যাপারে তিনি (মুডি) অনেক সহায়তা করেছেন আমাকে। চাইলে নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারি-এই বিশ্বাসটা আমি আবিস্কার করেছি। এসবই আমাকে মানসিক দিক দিয়ে আরো শক্ত ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে।’’

অবশ্য মুডির পাশাপাশি ১৯৯৬-এর বিশ্বকাপ জয়ী লংকান দলের প্রতিও কৃতজ্ঞতা আছে জয়াবর্ধনের, ‘‘১৯৯৬-এর দলটি বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কার ক্রিকেটকে পুরোপুরি বদলে দিয়েছে। তাদের কঠোর পরিশ্রমের পুরস্কার আমরা পেয়েছি। এখন আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি যাতে আগামী প্রজন্ম শ্রীলঙ্কার ক্রিকেটকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।’’