নিজেদের ব্যর্থতা মেনে কৃতিত্ব অস্ট্রেলিয়াকেই দিলেন স্মিথ
যে ম্যাচটা আট বছর আগের ‘এজবাস্টন এপিক’-এর স্মৃতি ফিরিয়ে এনেছিল তা মাত্র ১০ ওভারেই এক অর্থে শেষ! রিকি পন্টিংও বোধহয় ভাবতে পারেননি ক’দিন আগেও যারা তাদের টপকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল সেই দক্ষিণ আফ্রিকা এভাবে আত্মসমর্পণ করবে।
বুধবার ৭ উইকেটের সহজ জয় দিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়কের অভিব্যক্তিতে যেন মিশেছিল উচ্ছ্বাস আর বিস্ময়। এবারের বিশ্বকাপে এটাই যে অস্ট্রেলিয়ার সেরা পারফরম্যান্স সে কথাও নির্দ্বিধায় জানিয়েছেন তিনি। অন্যদিকে গ্রায়েম স্মিথ তখন শোকে মুহ্যমান। তবে শোক সামলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তাদের একেবারে উড়িয়ে দেয়ার সমস্ত কৃতিত্ব দিয়েছেন প্রবল পরাক্রান্ত প্রতিপক্ষকে।
“নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে আমাদের আজকের (বুধবারের) জয়টাই সেরা। নির্দ্বিধায় বলা যায়, দক্ষিণ আফ্রিকার মতো এত ভালো একটা দলকে এই উইকেটে এত কম রানে অলআউট করে দেয়াটাই আমাদের সেরা পারফরম্যান্স”-কথাগুলো বলার সময় পন্টিংয়ের চেহারা থেকে ঠিকরে বেরোচ্ছিল আনন্দের আভা। এরপর ফাইনালেও ভালো খেলার নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন,“টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা। বড় দলের মুখোমুখি হলেই আমরা অতিরিক্ত উজ্জীবিত হয়ে পড়ি। আমি নিশ্চিত, শনিবারেও তা হবে।”
ধারাবাহিকতার হিসাবে সর্বাগ্রে রাখতে হবে গ্লেন ম্যাকগ্রাকে। আগেই জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ শেষেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টেও যথারীতি দুর্দান্ত ফর্মে ‘দ্য পিজিয়ন’। বুধবার ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ম্যান অব দ্য টুর্নামেন্ট। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডটিও এখন তারই দখলে। গতবার ২৩ উইকেট নিয়ে রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন চামিন্ডা ভাস। সেটাকে ম্লান করে ২৫ উইকেট নেয়া ম্যাকগ্রা এত বড় এক অর্জনের পরও অবসরের সিদ্ধান্তে অটল,“এই বিশ্বকাপ দিয়ে (ক্যারিয়ার) শেষ করতে পেরে আমি আনন্দিত। যেভাবে এগোচ্ছি সেটাই আমার অবসরের সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ। আমি শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করার এবং ভালো খেলার চেষ্টা করি। আমার ওপরে কোনো চাপ নেই। যেভাবে বল করছি তাতেও আমি খুশি। আমার ধারণা একটা সফল দলে খেললে (ভালো খেলা) ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়।”
পন্টিং-ম্যাকগ্রারা যখন আনন্দে উদ্বেলিত গ্রায়েম তখন হতাশায় নুয়ে পড়েছেন। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে। স্মিথের সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবেই এসেছে ‘চোকার’ প্রসঙ্গও। তবে এ নিয়ে কথা বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বেশ মজার মন্তব্যই করেছেন,“আমার কাছে চোকিং হলো জয়ের কাছাকাছি গিয়ে খেই হারিয়ে ফেলা। কিন্তু আমরা তো দাঁড়াতেই পারিনি, ভালো খেলতে ব্যর্থ হয়েছি।”
১০ ওভার হওয়ার আগেই যে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে ছিটকে পড়েছিল তার দায় চাপবে স্মিথের ঘাড়েও। নাথান ব্র্যাকেনকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে তিনি বোল্ড হওয়ার পর থেকেই প্রোটিয়াদের দুর্দশার শুরু। তবে দায়িত্বহীনতার অভিযোগ মানতে রাজি হননি স্মিথ,“আমার মনে হয় না আমরা দায়িত্বজ্ঞানহীন শট খেলে ওদেরকে উইকেট দিয়ে এসেছি। যে কোনো প্রকারে অস্ট্রেলিয়ার গতিরোধ করার দরকার ছিল আমাদের।” সেটা তো হয়ইনি উল্টো সে চেষ্টা করতে গিয়ে শুরুতেই ৫ জন ব্যাটসম্যান ফিরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সব আশা শেষ। সেজন্য পন্টিংয়ের দলকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি তিনি,“আমরা পর্যুদস্ত হয়েছি আর সেজন্য পূর্ণ কৃতিত্ব দিতে হবে অস্ট্রেলিয়াকে। প্রথম চেঞ্জে স্ট্রাইক বোলার হিসাবে এসে টেইট আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।”
