টেস্ট দল থেকে বাদ পড়ছেন ইনজামাম?
স্বেচ্ছায় ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট থেকে নিজে বিদায় ঘোষণার সুযোগ না-ও পেতে পারেন ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে এবার টেস্ট দল থেকে বাদ দেওয়ার চিন্তা করছেন সেদেশের ক্রিকেট কর্তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি} একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের টেস্ট দলে ইনজামামকে না রাখার ব্যাপারে নীতিগতভাবে তারা প্রায় একমত । অথচ এই বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইনজামাম। বিশ্বকাপে দলের ভরাডুবির পর জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে ওয়ানডে থেকে অবসর নিয়ে নেন। তবে অবসর নেয়ার সময় ইনজামাম জানিয়েছিলেন, আরো কিছুদিন টেস্ট ক্রিকেটে থাকছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে শোয়েব মালিককে। ইনজামামের তার অধীনেই খেলার কথা। কিন্তু পিসিবির এক কর্মকর্তা যা বললেন তাতে মনে হচ্ছে ‘ইনজি’-র বোধহয় আর সে সুযোগ হচ্ছে না, ‘‘পিসিবির ক্রিকেট-মাথাদের সবাই কমবেশি একমত যে ইনজামামকে আর পাকিস্তানের টেস্ট দলে রাখা উচিৎ হবে না।’’
এমনটি মনে করার কারণও জানিয়েছেন তিনি, ‘‘তাদের বিশ্বাস, ইনাজামাম শেষ পর্যায়ে চলে এসেছে। তাছাড়া বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির জন্য তাকেই দায়ী করা হচ্ছে। বোর্ড ও নতুন নির্বাচক কমিটি মনে করছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০১১ বিশ্বকাপের জন্য পাকিস্তান দলকে নতুন করে তৈরি করা দরকার। দলে এখন নতুন মুখের প্রয়োজন।’’
কিন্তু এসব মতের সঙ্গে দ্বিমত প্রকাশের লোকও অনেক মিলবে খোদ পাকিস্তানে। ৩৭ বছরের ইনজামাম ৩৭৮ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরিসহ ১১৭৩৯ রান নিয়ে বিদায় বলেছেন ওয়ানডেকে। টেস্টে এখনো তার রেকর্ড দারুণ। ১১৯ টেস্টে ৫০ দশমিক ০৭ গড়ে ৮৮১৩ রান করেছেন। টেস্টে তার সেঞ্চুরি ২৫টি, হাফসেঞ্চুরি ৪৬টি।
আশ্চর্যের বিষয় হলো, এখন তার ব্যক্তিগত নৈপুণ্য ভুলেই সামনে এগুতে চায় পাকিস্তান। তার প্রমাণ পিসিবির কর্মকর্তার এই কথা, ‘‘বৃহৎ স্বার্থের জন্য এখন কাজ করতে হবে আমাদের। কারণ, দলের ভবিষ্যতের কথা ভাবলে ব্যক্তিগত মাইলফলকগুলো কোনো কাজের কিছু নয়।’’
