ভারতে শ্রীলংকা সমর্থনের জোয়ার
“কিউইদের মুখোমুখি হওয়ার সময় লংকানদের হয়ে জয়ধ্বনি দিন। ওখানে ভারত নেই তো কি হয়েছে?”-মুম্বাইয়ের একটি জনপ্রিয় শপিং মলের ভেতরে টাঙ্গানো ব্যানারের ভাষাতেই পরিষ্কার, ভারতীয়রা এখন কতটা শ্রীলংকাপ্রেমী।
মঙ্গলবার ঐ শপিং মলের জায়ান্ট স্ক্রিনের সামনে শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে জড়ো হওয়া মানুষের সমর্থনও পাচ্ছিলেন জয়াবর্ধনের দলই। শ্রীলংকার ৮১ রানের জয় প্রাণ ভরেই উপভোগ করেছেন তারা।
অথচ এই শ্রীলংকাই বিশ্বকাপ থেকে বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছে ভারতের। বাংলাদেশের কাছে হেরে যাবার পর সুপার এইটে ওঠার জন্য নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না রাহুল দ্রাবিড়ের দলের সামনে। কিন্তু সেই ম্যাচ হেরে যাওয়ায় ’৮৩-র বিশ্ব চ্যাম্পিয়নরা সুপার এইটের শুরু থেকেই বিশ্বকাপের দর্শক। তবে সেজন্য শ্রীলঙ্কার প্রতি বৈরীভাব নেই সাধারণ ভারতীয়দের মনে। নয়াদিল্লীর পঙ্কজের ধ্যান-জ্ঞান জুড়ে এখন শুধুই শ্রীলংকা,“উপমহাদেশের দল হিসাবে শ্রীলংকার সঙ্গে এক ধরনের আত্মিক যোগাযোগ অনুভব করি আমি। ওদের খেলোয়াড়দের ভালো চিনতে পারি, ওদের মনে হয় খুব ঘনিষ্ঠ। তাছাড়া ক্রিকেটীয় ব্যাপারে শ্রীলঙ্কা সব সময়ই ভারতকে সমর্থন করে থাকে।” নয়াদিল্লীর কিশোর রোমিত সেনের কণ্ঠেও জয়াবর্ধনের দলের প্রতি ভালবাসা অনুরণিত,“উপমহাদেশের একটি দল তথাকথিত ক্রিকেট চ্যাম্পিয়নদের সঙ্গে বীরের মতো লড়াই করে যাচ্ছে। এটা আমাদের জন্যও দারুণ গর্বের বিষয়।”
