২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেসওয়েলের উচিত সরে দাঁড়ানো: মার্টিন ক্রো

এবার পদত্যাগের দাবি উঠেছে ফাইনালে উঠতে ব্যর্থ নিউজিল্যান্ডের কোচ জন ব্রেসওয়েলের। আর এই দাবি জানানো মানুষটি যেন-তেন কেউ নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

স্টিফেন ফ্লেমিংয়ের ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরে যাওয়া তার চোখে ঠিক সিদ্ধান্ত। ক্রো বলেছেন, ওই পথে হাঁটা উচিত কোচেরও।

শ্রীলংকার বিপক্ষে সেমিফাইনালে কিউইদের ৮১ রানের হার মানতে পারছেন না সাবেক অধিনায়ক ক্রো। তার মতে, অস্ট্রেলিয়ার কাছে আগের ম্যাচের ২১৫ রানের হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। আর এই অবস্থায় সময়ের দাবি মেনে কোচের সরে যাওয়াই উচিত, ‘‘খেলাটা এখন খুব দ্রুত এগিয়ে চলছে আর এই সময় আপনার দরকার নতুন নতুন সব পরিকল্পনা। দল ভালোই করছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হজম করা সম্ভব হয়নি, ওটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।’’

সেমিফাইনালে হারের পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে ক্রোর চোখে ধরা পড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি। ওই ম্যাচে শেন বন্ডের চিকিৎসার জন্য যাওয়া আর গোড়ালির সামান্য ব্যথার কারণে জ্যাকব ওরামকে বিশ্রাম দেওয়ায় মার্টিন ক্রো ভীষণ ক্ষুব্ধ, ‘‘ওখানে কি করছিলে, সুস্বাদু মাছের কারি খাচ্ছিলে যে পরের দিন ম্যাচটাই খেলতে পারলে না? তাদের দলে বন্ড আর ওরামকে খুব দরকার ছিল। পায়ের নিচের একটু ব্যথায় খেলতে পারবে না ওরাম, এটা মানতে রাজি নই আমি। হাতে যখন আর মাত্র ৭ বা ৮ দিন সময় তখন মাঠে নামতেই হবে, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচে তাই করতে হবে যা তুমি করতে গিয়েছ।’’

এভাবে আগের ম্যাচের দল-নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেও থামছেন না ক্রো, ‘‘সামনের দিকে না তাকিয়ে পিছন ফিরে ছিল তারা। তবে বলছিল ‘আমাদের চোখ শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের দিকে’। তাদের চোখ যে সেদিকে ছিল না তা তো দেখলেনই। এই শ্রীলঙ্কা দলটি যেরকম পারফর্ম করলো, তেমনটা তারা করতে পারলো না।’’