বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে ওয়ানডে অধিনায়কত্বও ছাড়লেন ফ্লেমিং
শেষটা হলো ঠিক শুরুর মতোই। ১০ বছর আগে, ১৯৯৭-এর ২৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তার অধিনায়ক হিসাবে অভিষেক। সেবার নিউজিল্যান্ড হার মেনেছিল ৬ উইকেটে।
কাকতালীয়ভাবে, স্টিভেন ফ্লেমিংয়ের অধিনায়ত্বে শেষ ওয়ানডেতেও কিউইরা শ্রীলঙ্কানদের কাছেই পরাজিত! মঙ্গলবার আবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণাই দিয়ে দিয়েছেন ফ্লেমিং। তবে টেস্ট দলের নেতৃত্ব দিতে তার আপত্তি নেই। আরো কিছু দিন খেলতে চান ওয়ানডেতেও।
“আমি খেলা চালিয়ে যেতে চাই। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি আমি”-সংবাদ সম্মেলনে ঘোষণাটা দেয়ার সময় এক রাশ হতাশা আর বেদনা যেন মিশেছিল ফ্লেমিংয়ের অভিব্যক্তিতে। সেটাই স্বাভাবিক। এই নিয়ে ৫ বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লো কিউইরা, যার মধ্যে দু বারই (আগের বার ১৯৯৯ সালে) ফ্লেমিংয়ের নেতৃত্বে। সেমিফাইনালে ওঠার পর যে স্বপ্নের জাল বুনছিলেন, তা একেবারে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ফ্লেমিংয়ের কণ্ঠ হতাশায় ম্রিয়মান,“আমি অবশ্যই কাপটা তুলে ধরার স্বপ্ন দেখছিলাম। কিন্তু তা আর হলো না। কাজটা (ওয়ানডের অধিনায়কত্ব) চালিয়ে যেতে পারলে ভালোই লাগতো আমার। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে দলে তরতাজা পরিকল্পনা ও উৎসাহ নিয়ে আসা।” আর তার পথ করে দিতেই ফ্লেমিংয়ের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত।
নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ফাইনালে ওঠাতে পারেননি। পারেননি সেমিফাইনালে নিজে ব্যাট হাতেও জ্বলে উঠতে। তবু এবারের বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে তেমন হতাশ নন ফ্লেমিং,“প্রত্যেক জয়ই উৎসবের আবহ নিয়ে আসে দলে। এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে দারুণ ব্যাপার হতো। তার পরও আমি মনে করি আমরা বেশ ভালোই খেলেছি।”ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও কোনো আক্ষেপ নেই ফ্লেমিংয়ের মনে,“যে সব অর্জন আছে, তা নিয়ে আমি বেশ গর্বিত। ২১৮টা ম্যাচ বিশাল ব্যাপার। এবং আমার ধারণা, দায়িত্বটা ভালোমতোই পালন করেছি।”
কথাটা মানতেই হবে। নিউজিল্যান্ডকে ২১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে কিউইরা জিতেছে ৯৮টিতে, আর হেরেছে ১০৮ ম্যাচে। অধিনায়ক হিসাবে তার সেরা অর্জন নিঃসন্দেহে ২০০০-এর অক্টোবরে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নকআউট বিশ্বকাপের শিরোপা জয়। তারপরই রাখতে হবে বিশ্বকাপের ঠিক আগে চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ হওয়াকে। তার অধিনায়কত্ব নিয়ে মাহেলা জয়াবর্ধনের প্রশংসাসূচক মন্তব্যের সঙ্গে নির্দ্বিধায় একমত হবেন প্রত্যেক ক্রিকেটপ্রেমী,“অনেক দিন ধরেই স্টিভেন নিউজিল্যান্ডের একজন গ্রেট অধিনায়ক হিসাবে প্রমাণ করে আসছে নিজেকে। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর সময় থেকেই সে অধিনায়ক। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে খুবই ভালো এক জন অধিনায়ক। এবং দলটাকেও দারুণভাবে গড়ে তুলেছে। সে গত ১০ বছরের অন্যতম সেরা অধিনায়ক।”
