জয়াবর্ধনের মুখে শুধু বোলারদের প্রশংসা
চার বছর ধরে বয়ে বেড়ানো হতাশা আর দুঃখের বোঝা যেন এক ম্যাচেই উধাও! ২০০৩ বিশ্বকাপে ৭ ইনিংসে মাত্র ২১ রান তার ওয়ানডে ক্যারিয়ারের ওপরেই যেন ঝুলিয়ে দিয়েছিল প্রশ্নচিহ্ন। পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া সেমিফাইনালে তার ব্যাট থেকে এসেছিল ৫ রান। অথচ মঙ্গলবার সেই মাহেলা জয়াবর্ধনেই খেললেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।
১০৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো অপরাজিত ১১৫ রানের অধিনায়কোচিত ইনিংসটা শুধু দুর্দান্ত ব্যাটসম্যানশিপের জলজ্যান্ত উদাহরণই নয়, বিশ্বকাপ সেমিফাইনালে পঞ্চম বারের মতো নিউজিল্যান্ডের বিদায়ের প্রধান কারণও। স্যাবাইনা পার্কের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার ২৮৯ রানে পৌঁছানোর মূল কারণও এই ইনিংস। অথচ ম্যাচশেষে ৮১ রানের সহজ জয়ের জন্য সমস্ত কৃতিত্ব বোলারদেরই দিলেন জয়াবর্ধনে। যেন শ্রীলঙ্কাকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠাতে কোনো অবদানই তিনি রাখেননি!
শ্রীলঙ্কানরা জাতিগতভাবেই বেশ মৃদুভাষী, নম্র, ভদ্র। জয়াবর্ধনেও তার ব্যতিক্রম নন। ধীরে-সুস্থে, গুছিয়ে কথা বলতেই ভালবাসেন। মঙ্গলবার ইনিংসের শুরুতে তার ব্যাটও চলছিল খুব সাবধানে, ধীরে-সুস্থে। দশম বলে প্রথম ও ৩৪ বলে ১০ রান করার পর ফিফটিতে পৌঁছালেন ৭৬ বলে। অথচ সেই ব্যাটসম্যানেরই পরের ৫০ রান মাত্র ২৮ বলে! কিউই বোলারদের ওপরে এমন তান্ডব চালিয়েও ম্যাচশেষে তার মুখে শুধুই মুরালি, ভাসদের প্রশংসা।
বিশেষ করে ৬ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের সব আশা শেষ করে দেয়া মুরালিধরনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ শ্রীলঙ্কার অধিনায়ক,“এমন একজন বোলার থাকলেই বুঝতে পারবেন প্রতিপক্ষের উইকেট তুলে নেয়ার কত ভালো বিকল্প ব্যবস্থা আছে আপনার হাতে। তবে সে (মুরালি) তো একজন মানুষ। তার পক্ষে সব সময় এই কাজ করা সম্ভব নয়। তারপরও আমাদের প্রয়োজন হলেই দারুণ নৈপুণ্য নিয়ে উপস্থিত হয় সে। তার সঙ্গে লাসিথ (মালিঙ্গা) ও চামিন্ডা (ভাস) থাকায় আমাদের বোলিং আক্রমণটা এখন দুর্দান্ত। নিঃসন্দেহে অধিনায়ক হিসাবে ব্যাপারটা আমাকে চমৎকার নির্ভরতা দিয়েছে।”
মালিঙ্গার প্রশংসা করতেও তিনি ভোলেননি। গোড়ালির ইনজুরিতে পড়ে ৩ ম্যাচ খেলতে পারেননি, কিন্তু মঙ্গলবার মালিঙ্গাই প্রথম ব্রেক থ্রু এনে দেন শ্রীলঙ্কাকে। এবং ৪ ওভারের প্রথম স্পেলে মাত্র ৫ রান দিয়ে তিনিই কিউইদের রানের চাকা থমকে দেন শুরুতেই। জয়াবর্ধনে কিন্তু এই ফাস্ট বোলারের এমন দারুণ প্রত্যাবর্তনে মোটেও বিস্মিত হননি,“আমি তার (মালিঙ্গার) পারফরম্যান্সে অবাক হইনি। সব সময়ই ভালো করার চেষ্টা করে সে। এতদিন খেলতে পারেনি বলে দলের জয়ে সঙ্গী হতে পারেনি। সেকারণে ও ভীষণ মনমরা হয়ে ছিল। সর্বশেষ দুটো প্র্যাকটিস সেশনে আমরা তো দেখেছি সে কতটা ব্যগ্র হয়ে আছে ফেরার জন্য। গত এক বছরে দারুণ উন্নতিও করেছে সে। আমার ধারণা, কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছে সে।”
সংবাদ সম্মেলনে ৩৭ রান করে হুমকি হয়ে দাঁড়ানো স্কট স্টাইরিসের আউট হওয়ার প্রসঙ্গও এসেছে। শ্রীলঙ্কার স্পেশালিস্ট বোলাররা যখন অকুল পাথারে, তখন স্টাইরিসকে আউট করে ম্যাচটার মোড়ই ঘুরিয়ে দিয়েছেন পার্টটাইম স্পিনার তিলকরত্নে দিলশান। নিউজিল্যান্ড অলরাউন্ডারের ক্যাচটা ধরে জয়াবর্ধনেও যে আনন্দিত ও বিস্মিত, তা ফুটে উঠেছে তার অভিব্যক্তিতেও। বিস্ময়টা অবশ্যই দিলশানের কৃতিত্বের কারণে। ম্যাচশেষেও সে কথা জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক,“পাওয়ার প্লে শেষে ফিল্ডিং ছড়িয়ে দেয়ার সময় আমি ভাবছিলাম, খুব বেশি হলে ৪ বা ৫ ওভার ওভাবে চালিয়ে যেতে পারি। কিন্তু আমি ভাবতেই পারিনি দিলশান এত তাড়াতাড়ি উইকেট এনে দেবে। এটা একেবারে বোনাস। এরপর মুরালির হাতে বল তুলে দেয়ার সময় সে জিজ্ঞেস করলো,‘আমরা কি আরো কয়েক ওভার ওদের ব্যাটসম্যানদের ওপরে চড়াও হয়ে আরো কয়েকটা উইকেট তুলে নেয়ার চেষ্টা করবো?’ নিউজিল্যান্ডের ওপরে চাপ সৃষ্টি করার সেটাই ছিল সবচেয়ে ভাল সময়। পরের ওভারেই সে (মুরালি) দুটো উইকেট তুলে নিল। আসলে তখন সব কিছুই দারুণভাবে আমাদের পক্ষে এসেছে। তবে সেসব পরিকল্পনা অনুযায়ী হয়নি, সব কিছুই ঘটে গেছে খুব দ্রুত।”
জয়াবর্ধনে যখন কথাগুলো বলছিলেন তখনো যেন অপরাজিত ১১৫ রানের অসাধারণ ইনিংসটার সৌরভ ছিল স্যাবাইনা পার্কে। অথচ সে সম্পর্কে কথা বলতেই যেন অনাগ্রহী প্রথম সেমিফাইনালের সেরা খেলোয়াড়! ফাইনালের আগে এবারের বিশ্বকাপে ১০ ম্যাচে তার সংগ্রহ এখন ৫২৯ রান, গতবারের চেয়ে ৫০৮ রান বেশি! জয়াবর্ধনে বোধহয় ভাবছেন, “আমার ব্যাট, আমার রেকর্ডই তো কথা বলছে। মুখে বলার দরকারটা কী...!”
