হতাশা ভুলে মালিকের পাশে মোহাম্মদ ইউসুফ
আগ্রহ দেখিয়েও পাকিস্তানের অধিনায়কত্ব পাননি। তবু তরুণ ক্রিকেটার শোয়েব মালিককে অধিনায়ক করাকে ঠিক সিদ্ধান্তই বলছেন মোহাম্মদ ইউসুফ। সেই সঙ্গে নতুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দলের অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন একই ভাবে মালিকের পাশে দাঁড়াতে।
এ কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হুমকির প্রভাব? প্রশ্নটা উঠবেই, কারণ, একদিন আগেই পিসিবি কঠোর ভাষায় জানিয়েছে, মালিককে যেসব সিনিয়র খেলোয়াড় সমর্থন দেবেন না, দলে তাদের জায়গা নেই। অবশ্য ইউসুফকে বাকি সিনিয়রদের দলে ফেলা একটু কঠিন। অন্যরা তো মুখই খোলেন নি!
পিসিবির সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে ইউসুফ জানিয়েছেন, ‘‘এটা ভালো একটা সিদ্ধান্ত, ভবিষ্যতে তা ফলপ্রসু প্রমাণিত হবে।” অবশ্য তিনি এ-ও বলেছেন, আগ্রহ দেখিয়েও অধিনায়কত্ব না পাওয়ার হতাশা তার আছে।
পাশাপাশি মালিকের প্রতি আস্থা প্রকাশ করে অন্যদেরও তার মতো হতে বলেছেন ইউসুফ, ‘‘আমার এতে কোনো সমস্যা নেই। মালিককে আমার ১০০ ভাগ সমর্থন নিশ্চিত করছি। আশা করি দলের অন্য সিনিয়র খেলোয়াড়রাও তাকে পুরোপুরি সমর্থন দেবে।’’
