২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেলে দেওয়া বিশ্বকাপ’ হাতে তুলতে চলেছেন গিবস?

প্রকৃতির মতোই খেয়ালী বুঝি হার্শেল গিবস। তাই প্রকৃতির অন্যরকম এক পক্ষপাতিত্বও সম্ভবত তার সঙ্গে থাকে সবসময়। নইলে যে ২০০৭ বিশ্বকাপেই খেলা হতো না দক্ষিণ আফ্রিকার এই খেয়ালী ব্যাটসম্যানের! আর সেটা না হলে সামনে আসতো না ১৯৯৯ বিশ্বকাপ থেকে আজো যে জ্বালায় পুড়ে চলেছেন তা থেকে রেহাইয়ের সুযোগ। অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে যে তার বহু পুরনো হিসেব মেলানো বাকি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 10:43 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

‘‘বাছা, বিশ্বকাপটা যে হাত থেকে ফেলে দিলে!’’-১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ-পর্বে তার সহজ ক্যাচটা ফেলে দেয়ায় গিবসকে নাকি এভাবে কটাক্ষ করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন স্টিভ, দল জিতেছিল। গিবসের একটি ভুলের দায়েই অস্ট্রেলিয়া উঠতে পেরেছিল সেমিফাইনালে। ওখানে আবার দেখা হয়েছিল দুদলের। দক্ষিণ আফ্রিকার জন্য আরেক ‘ট্র্যাজিক’ ম্যাচ। প্রায় জেতা ম্যাচ টাই করায় নিজেদের আগের ম্যাচের জয়ের কারণে অস্ট্রেলিয়া গেল ফাইনালে, জিতল শিরোপাও। যোগ বিয়োগে প্রমাণিত, স্টিভ আদৌ ওই কথাটা না বললেও গিবস সত্যিকার অর্থে বিশ্বকাপটা ফেলে দিয়েছিলেন। সেটা আর পাওয়া হয়নি এখনো।

দাম্ভিক, স্বেচ্ছাচারী হিসেবে পরিচিত গিবসের মনে যা-ই থাকুক, স্বভাব অনুযায়ী ১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি মুখে ঠিকই ঝেড়ে ফেলেন, ‘‘ধুর! ওটা কে মনে রেখেছে? খেলা শেষ, ঘুম দিয়েছি, ওখানেই ফুরিয়ে গেছে ওটা।’’

কিন্তু ১৯৯৯ বিশ্বকাপের সময় যার বয়স ১৮, খেলা দেখেছিলেন টেলিভিশনে, সেই গ্রায়েম স্মিথ বোধ করি তা মানেন না। দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়কের দাবি, ‘‘গিবসকে ভয় পেতেই হবে। তার মতো (প্রতিশোধ নেয়ার) সুযোগ ক’জনই বা পায়? দারুণ কিছু ঘটাতে মুখিয়ে আছে ও।’’

বয়স এখন ৩২। বিশ্বকাপের আগেও ফর্মের কারণে দলে জায়গাটা নিশ্চিত ছিল না। তবু তিনি গিবস বলে সুযোগ পেয়েছেন এবং কেন তিনি গিবস তা প্রমাণ করে চলেছেন। ৯ ম্যাচের যে ৭টিতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তার মধ্যে চারটিতে হাফসেঞ্চুরি, দুটি অপরাজিত। অল্প বলের বিধ্বংসী সব ইনিংস। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৬টি ছক্কা মারার ইতিহাস গড়েছেন সেটা তো সবারই জানা।

তবু বলতে হয়, ক্যারিয়ার তার শেষ হতে পারতো আরো আগে। সেদিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে বর্ণবাদী আচরণের দায়ে দু ম্যাচ নিষিদ্ধ থেকেছেন। তার আগে ২০০১ সালে এই ওয়েস্ট ইন্ডিজেই মারিজুয়ানা সেবনের অপরাধে মাথা পেতে নিতে হয়েছে শাস্তি। তার আগে কুখ্যাত ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়েও হয়েছেন ধিকৃত। দলীয় শৃঙ্খলাকে তবু সবসময় বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেন গিবস। তারপরও দক্ষিণ আফ্রিকার উপেক্ষা করার উপায় নেই এই প্রতিভাকে।

কিন্তু পরিসংখ্যান কি বলে? এক দশকের ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার জয়ে কতটা অবদান তার? এক নজরে দেখে নেওয়া যাক গিবসের ক্যারিয়ার। ২০৭ ওয়ানডের ২০০ ইনিংসে রান ৬৬৫৯। গড় ৩৬ দশমিক ১৯। সেঞ্চুরি ১৬টি, হাফ সেঞ্চুরি ৩১টি। সর্বোচ্চ ইনিংস ১৭৫ রানের। ২০ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে।

যেহেতু এটা বিশ্বকাপ এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রতিপক্ষ, তাই গিবসের বিশ্বকাপ পারফরম্যান্স দিয়েই শুরু হোক। ১৯৯৯ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ২৪ ম্যাচ। ১৫টিতে জয়, ৭টিতে হার। দুটি ম্যাচ হয়েছে টাই। বিশ্বকাপে ৫৭ দশমিক ১১ গড়ে ১০২৮ রান গিবসের, এর মধ্যে ৩০৩ রান (গড় ৬০ দশমিক ৬) এবার। সব মিলিয়ে বিশ্বকাপে তার ২ সেঞ্চুরি, ৮ হাফসেঞ্চুরি। কিন্তু গিবস ও দক্ষিণ আফ্রিকার জন্য দুঃখের ব্যাপার হলো, এই ব্যাটসম্যান সেঞ্চুরি করলে দল কদাচিৎ জেতে!

১৯৯৯ বিশ্বকাপের যে ম্যাচে স্টিভ ওয়াহর ক্যাচ ফেললেন, দল জিতলে সেটির ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন গিবস। কারণ তিনি করেছিলেন ১০১ রান। বিশ্বকাপে তার অন্য সেঞ্চুরিটি ২০০৩ আসরের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রান করে সেবারও দলকে জেতাতে পারেননি। আর ’৯৯ তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১-এর পর সেমিফাইনালে করেছিলেন ৩০। আর এবার সুপার এইটের ম্যাচে মাত্র ১৭। তাই স্মিথ যা-ই বলুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গিবসের ব্যাট মনের আগুন নিয়ে জ্বলবে কি না, সে প্রশ্ন থাকছেই। আরেকটি তথ্য, বিশ্বকাপে যে ম্যাচে গিবসের ব্যাট জ্বলে না, সে ম্যাচে সাধারণত হারে দক্ষিণ আফ্রিকা! অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে এ যে দ্বিমুখী জ্বালা! তবু মনে রাখুন, দুটি ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচেই দলের জয়ে বড় ভূমিকা গিবসের।

এখন প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কি হবে? জবাবটা সহজ। অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়ার উদাহরণও গিবসের ক্যারিয়ারে আছে। গত বছর যে ম্যাচে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৪৩৫ রানের টার্গেট জয় করলো দক্ষিণ আফ্রিকা, সেই ম্যাচে গিবস করেছিলেন ক্যারিয়ার সেরা ১৭৫, মাত্র ১১১ বলে। রেকর্ড ১২৪ রান এসেছিল বাউন্ডারিতে। বড় গৌরবের ইনিংসে অনেক রেকর্ডই ভেঙেছিলেন গিবস।

কিন্তু সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল বলা যাবে না গিবসকে। ৩৩ ম্যাচের ১৩টিতে জয়। ব্যক্তিগত পারফরম্যান্স : মাত্র ২৬ দশমিক ৭২ গড়ে ৮৮২ রান। একটি হাফ সেঞ্চুরি, সেটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই সেঞ্চুরিতে এখনো সাম্যাবস্থা,অর্থাৎ একটা জয়, একটা পরাজয়।

তবে গিবসের ক্যারিয়ারে ম্যাচজয়ী ইনিংস অনেক আছে। তার খেলা ২০৭ ম্যাচের ১৩০টিতে জয় পেয়েছেন গিবস। এই ম্যাচগুলোতে তার রান ৪৫৬৪, সেঞ্চুরি ১০টি, হাফসেঞ্চুরি ২৪টি। গড় ৪০ দশমিক ০৩, ক্যারিয়ার গড়ের চেয়ে যা প্রায় ৪ বেশি। অনেক বড় ব্যাটসম্যানের চেয়ে গিবস এখানে অনেক এগিয়ে। শচীন টেন্ডুলকারের অনেক সেঞ্চুরি, দল জিতেছে কয়টায়? কিন্তু গিবস সেঞ্চুরি করেছেন, দল ম্যাচ হেরেছে মাত্র ৫ বার। আর তার ৩১ হাফ সেঞ্চুরির মাত্র ৭টিতে দল হেরেছে। জেতা ম্যাচে এমন নয়টা হাফ সেঞ্চুরি আছে যার প্রতিটি ৮০-র ওপরে। কখনো আউট হয়েছেন, কখনো অপরাজিত থেকে সেঞ্চুরি মিস করেছেন।

ওয়ানডে ইতিহাসে টানা তিন ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ডের ভাগিদারও গিবস। টানা চার ম্যাচে সেঞ্চুরির একমাত্র মালিক হতে পারতেন বাংলাদেশের অলক কাপালি সেই ম্যাচে লেগ স্টাম্পের বাইরে বল ফেলে ওয়াইডে বাউন্ডারি না দিলে। দল জয়ের বন্দরে পৌঁছালেও ৯৭ রান অপরাজিত থেকে যান গিবস।

দলকে জেতানোর মতো অনন্য এক ব্যাটসম্যান, ফিল্ডিংয়েও দারুণ নিপুণ। কিন্তু হারের রেকর্ডটাও দেখতে হয়। ২০৭ ম্যাচে হার ৬৭টিতে। মাত্র ২৭ গড়ে রান ১৭২৮। মজার ব্যাপার হলো (দক্ষিণ আফ্রিকার জন্য দুঃখের), বড় টুর্নামেন্টে গিবসের সেঞ্চুরির ম্যাচে হারই বেশি। ১৯৯৯-২০০০ মৌসুমে কোচিতে ভারতের বিপক্ষে ১১১ রান করেও যে ম্যাচে দল হারলো সেটি বাদ দিন। বাকি চারটির সেঞ্চুরির দুটি বিশ্বকাপে, দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে! ২০০২-০৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিবসের সেঞ্চুরি স্বত্ত্বেও দল হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে!

গিবস তাই যত সফল ব্যাটসম্যানই হোন না কেন, প্রকৃতির কোনো এক খেয়ালে বড় টুর্নামেন্টে তার সেঞ্চুরি দলকে জেতাতেই পারে না! অবিশ্বাস্য শোনালেও কথাটা সত্য। অবশ্য এবার এই নিয়মের ব্যাতিক্রম হতেই পারে। এবার যে ’৯৯-তে ‘হাতে থেকে ফেলে দেওয়া’ বিশ্বকাপটা তুলে নিতে এসেছেন হার্শেল গিবস!