অবশেষে ঘরে ফিরছেন বব উলমার
অবশেষে বাড়ি ফেরার অনুমতি মিলল বব উলমারের! গত ১৮ মার্চ জ্যামাইকার হোটেলে অস্বাভাবিক মৃত্যুর পর থেকে তদন্তের স্বার্থে এতদিন তার ঠিকানা ছিল মর্গ। তবে এবার জ্যামাইকান পুলিশ ও সরকার উলমারের মৃতদেহকে মুক্তি দিয়েছে। তার বিধবা স্ত্রীকে জানানো হয়েছে, প্রয়াত উলমারকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন।
মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের কোচ ছিলেন ‘ল্যাপটপ কোচ’ নামে পরিচিত উলমার। তার মৃত্যুরহস্যের তদন্ত এখনো চলছে, কোনো কিনারা হয়নি এক মাস পেরিয়ে যাওয়ার পরও। ভাবা হচ্ছিল, তদন্ত শেষ হলে তবেই উলমারের মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
তবে তার আগেই জ্যামাইকান পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডসের সঙ্গে বসেছিলেন কিংস্টনের তদন্তকারী কর্মকর্তা প্যাট্রিক মারফি। তাদের আলোচনায় উলমারকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
জ্যামাইকার নিরাপত্তা মন্ত্রনালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সিদ্ধান্তটা, ‘‘মার্ক শিল্ডস জানিয়েছেন, তিনি মিস্টার উলমারের বিধবা স্ত্রী জিলের কাছে তদন্তে সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেছেন। তার সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। আর দক্ষিণ আফ্রিকায় যত দ্রুত সম্ভব যাতে মিস্টার উলমারের শেষকৃত্যানুষ্ঠান করা যায় সে বিষয়ে কাজ করছেন।’’
বব উলমার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও তার জীবনের বড় একটা সময় কেটেছে দক্ষিণ আফ্রিকায়। আশির দশক থেকেই ওখানে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেট প্রশিক্ষণ দিতেন। পরে দক্ষিণ আফ্রিকা দলের কোচ হয়ে বিস্তর সুনাম কামিয়েছেন। কাজ করতে করতে অনেকটা দক্ষিণ আফ্রিকান হয়ে ওঠা উলমার স্থায়ী নিবাস গড়েছিলেন ওখানেই।
এদিকে, সম্প্রতি ইংল্যান্ডের দ্য সান জানিয়েছে যে উলমারকে সাপের বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। এছাড়াও আরেকটি সংবাদপত্রের দাবি, কিংস্টনের পেগাসাস হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে খুনী সন্দেহে একজনকে চিহ্নিত করা গেছে। এর সব তথ্যই তারা দিচ্ছে তদন্তে সহায়তা করতে যাওয়া স্কটল্যান্ড ইয়ার্ডকে উদ্ধৃত করে।
তবে জ্যামাইকান পুলিশ এইসব তথ্য সম্পর্কে মুখ খুলতে রাজি হয়নি। তারা এখনো কোনো কিছুই নিশ্চিত করে জানায়নি।
